সোহাগের রঙের জাদু
কত কিছুই তো এল-গেল সোহাগ পারভেজের জীবনে, কেবল ক্লান্তি এল না কখনোই। বাপরে বাপ, ছেলেটা পারেও বটে! ক্যানভাসের সামনে বসলে পৃথিবীর আর কিছুই যেন মনে থাকে না তাঁর। ধ্যানমগ্ন ঋষির এই পরিচয়ের উল্টো দিকে রয়েছে তাঁর আরেক পরিচয়। সেটি যাযাবর-পরিব্রাজকের। দিন গড়িয়ে রাত, রাত গড়িয়ে ফের সকাল হয়—তিনি ক্লান্তিহীন ছুটে বেড়ান ঢাকার এ-প্রান্ত থেকে অন্য প্রান্ত—সদরঘাট, সোয়ারীঘাট, আমিনবাজার, গাবতলী থেকে আশুলিয়া পর্যন্ত। কখনো বা পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে পাহাড়ে। একটা মনের মতো দৃশ্য ক্যানভাসে ফুটিয়ে তোলার জন্যই তাঁর এই নিরন্তর ছুটে চলা। বলছিলেন সেসব কথা সরল সোজা ভাষায়, ‘আমার সবচেয়ে পছন্দের বিষয় এ দেশের মানুষ ও প্রকৃতি। তাই মানুষ ও প্রকৃতির খোঁজেই আমি এত পরিশ্রম করি।’ বলে রাখা ভালো, ইতিমধ্যে এই মেধারী তরুণ পেয়েছেন তাঁর এই ‘অক্লান্ত’ পরিশ্রমের স্বীকৃতি। সম্প্রতি সোহাগ পারভেজ বই অলংকরণ বিভাগে পেয়েছেন ‘অগ্রণী ব্যাংক-বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার ১৪১৭’।বোঝা যাচ্ছে, সোহাগ কেবল ক্যানভাসেই ছবি আঁকেন না, তিনি বইয়ের প্রচ্ছদ-অলংকরণও করে থাকেন। ‘আমার কাজের মাধ্যম দুটি—পেইন্টিং ও বুক কভার। বুক কভারের কাজ করে থাকি মূলত বইমেলা উপলক্ষে আর বছরের বাকি সময়টায় শুধুই পেইন্টিং।’ বলছিলেন সোহাগ। ইতিমধ্যে দেশে-বিদেশে তাঁর ছবির প্রদর্শনী হয়েছে অর্ধশতাধিক। দেশের বাইরে যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছেন জাপান, লিবিয়া ও ভারতে।বইয়ের প্রচ্ছদে সোহাগ মুনশিয়ানা দেখিয়েছেন শিশুতোষ বইয়ে। এবার যে পুরস্কার পেলেন, সেটিও শিশুতোষ বই রাজা ও সোনালী পাখির প্রচ্ছদের জন্য।অক্লান্ত পরিশ্রমী এই তরুণের জন্ম কুষ্টিয়া জেলায়। মা-বাবা আর দুই বোন মিলে তাঁর পরিবার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাট চুকিয়েছেন কুষ্টিয়ার মুসলিম উচ্চবিদ্যালয় ও শমসপুর আবু তালেব মহাবিদ্যালয় থেকে। তারপর স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে। পড়ালেখায় বরাবরই মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতকে অর্জন করেছেন প্রথম শ্রেণী। কেবল স্নাতকোত্তর পর্যায়ে পেয়েছেন দ্বিতীয় শ্রেণী। ‘এটা নিয়ে খুব একটা খেদ নেই আমার। আমি এখন পিএইচডি গবেষণা করতে চাই। ইতিমধ্যে এ বিষয়ে আবেদনও করেছি।’সোহাগ মনে করেন, তাঁর জীবনে রয়েছে অসাধারণ দুই মানুষের আশীর্বাদ। একজন বরেণ্য শিল্পী হাশেম খান, আরেকজন মীর জাহিদ। হাশেম খানকে নাহয় চেনা গেল, কিন্তু মীর জাহিদ? ‘তিনি কোনো বিখ্যাত ব্যক্তি নন। তিনি আমার শিল্পীজীবনের প্রথম শিক্ষক। তাঁর হাতেই আমার রং-তুলির হাতেখড়ি হয়েছে। তিনি না চাইলে আমি কখনোই চিত্রশিল্পী হতে পারতাম না।’ কথাগুলো বলার সময় সোহাগের চোখের কোনায় চিকচিক করছিল দুই বিন্দু অশ্রু। শ্রদ্ধা জানানোর কত ভাষাই না মানুষ জানে!