সোহারার ছুটে চলা

২০০৮ সালের ঘটনা। যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আবেদন করেছিলেন ঢাকার মেয়ে সোহারা মেহরোজ। তাঁর ডাকনাম শচী। মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ও এবং এ লেভেল শেষ করেছেন। স্কুলজীবন থেকেই নিয়মিত বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুবাদে অভিজ্ঞতার ঝুলি তখন বেশ ভারী। নিয়ম অনুযায়ী আবেদনপত্রের সঙ্গে নিজেকে নিয়ে একটা প্রবন্ধ যুক্ত করেছিলেন সোহারা। স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, বিশ্বের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয়ে পড়বেন।
কদিন পরই ইয়েল ইউনিভার্সিটি থেকে জবাব এল, সোহারা মেহরোজকে শিক্ষার্থী হিসেবে গ্রহণ করতে তারা রাজি আছে। এই সুখবরের সঙ্গে বাড়তি পাওনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখেছিল, ‘তোমার লেখা প্রবন্ধটা আমাদের খুব পছন্দ হয়েছে।’
তারপর? যুক্তরাষ্ট্রে বসে মেসেঞ্জারে সোহারা লিখলেন, ‘সে বছর পূর্ণ বৃত্তি পেয়ে একমাত্র বাংলাদেশি হিসেবে আমি পাড়ি জমিয়েছিলাম ইয়েলে। পড়েছি পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিকস বিষয়ে।’ সুযোগের সদ্ব্যবহার যে তিনি করতে জানেন, সেটা বিগত বছরগুলোতে বারবার প্রমাণ করেছেন। জলবায়ু পরিবর্তন ও পরিবেশসংক্রান্ত বিভিন্ন কাজের সঙ্গে জড়িত আছেন। ফলাফল—সিঙ্গাপুর এনভায়রনমেন্ট কাউন্সিলের ‘এশিয়ান ইয়ং এনভায়রনমেন্টাল জার্নালিস্ট অব দ্য ইয়ার’-এর স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের সোহারা মেহরোজ।
পলিটিক্যাল সায়েন্সে পড়া মেয়েটার সঙ্গে সাংবাদিকতার যোগসূত্র হলো কীভাবে? সোহারা বলছিলেন, ‘ছোটবেলা থেকেই লেখালেখির শখ। যখনই কোনো ফিচার লেখার সুযোগ এসেছে, লিখেছি।’ ইয়েলে গিয়েও অভ্যাসটা ধরে রেখেছেন তিনি। ইয়েল ডেইলি নিউজ-এর প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। বাংলাদেশে এসে মাঝে কিছুদিন একটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।
২০১৫ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন ‘কনফারেন্স অব দ্য পার্টিজ’ (কপ) এ অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন সোহারা। সারা বিশ্বের হাজার দু-এক তরুণের মধ্য থেকে ‘গ্লোবাল ইয়ুথ ফেলো’ হিসেবে যে ১১ জনকে বেছে নেওয়া হয়েছিল, তিনি ছিলেন তাঁদের একজন। কপ-এ তাঁর করা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অর্জন করেছেন আর্থ জার্নালিজম নেটওয়ার্কের ‘ক্লাইমেট চেঞ্জ মিডিয়া পার্টনারশিপ’ বা সিসিএমপি ফেলোশিপ। গত বছর ‘থমসন রয়টার্স’-এর জার্নালিজম ট্রেনিং ফেলোশিপ পাওয়া ১০ জন বিজয়ীর মধ্যে তিনি ছিলেন অন্যতম। এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্কের উদ্যোগে গত বছর শ্রীলঙ্কায় ‘সার্ক মিডিয়া ভিজিট’-এর অংশ হিসেবে ৭ দেশের তরুণ ৭ সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সোহারা মেহরোজ। এ বছর জানুয়ারিতে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-এর বার্ষিক সভায়ও তিনি অংশ নিয়েছেন।
বিতার্কিক হিসেবে তাঁর অর্জনগুলোও কম নয়। জাতীয় পর্যায়ের বিতর্কে জয়ের স্বাদ পেয়েছেন স্কুল জীবনেই। ২০০৬ সালে ‘ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশিপ’-এ অংশগ্রহণের সুবাদে দেশের গণ্ডি পেরিয়েছেন। সোহারা বলছিলেন, ‘সে বছরই প্রথম বাংলাদেশ দল সেরা ১৫-তে উঠে এসেছিল। বিতর্কে সর্বশেষ অংশ নিয়েছি অল এশিয়ান ডিবেটিং চ্যাম্পিয়নশিপে। এখানেও এবারই প্রথম বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছে। এশিয়ার সেরা ১০ বক্তার তালিকায় আমি স্থান পেয়েছি।’
এখানেই শেষ নয়। শাস্ত্রীয় ও নজরুলসংগীতে সোহারা মেহরোজের হাতেখড়ি হয়েছিল অত্যন্ত অল্প বয়সে। যখন ইয়েলে পড়তেন, দক্ষিণ এশীয় শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠা করেছেন ‘স্যুর অ্যাট ভেরিতাল’ নামে গানের দল। এমনকি ইয়েলের সবচেয়ে মর্যাদাপূর্ণ জ্যাজ গ্রুপের সঙ্গেও কাজ করার সুযোগ পেয়েছেন।
এই সুযোগ পাওয়ার গল্পটা বেশ মজার। সোহারা বলছিলেন, ‘অডিশনে আমি ছাড়া বাকি সবাই ছিল আমেরিকান। নজরুল কিংবা ক্লাসিক্যাল মিউজিক পারলেও জ্যাজ আমার সেভাবে শেখা হয়নি।’ অডিশন শেষে সোহারা যখন তাঁর ঘরে ফিরে পড়াশোনায় মগ্ন, তখন হঠাৎই সেই গানের দলের সদস্যরা এসে হাজির। সোহারা বলছিলেন, ‘রীতি অনুযায়ী ওরা বড় একটা পেয়ালা থেকে আমাকে বিশেষ জুস খাওয়াল। তারপর আমার উদ্দেশে সবাই মিলে একটা গান গাইল। গানের অর্থটা এমন—দলের নতুন সদস্য হিসেবে তোমাকে অভিনন্দন।’ দলটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে কনসার্টে অংশ নিয়েছেন সোহারা। বর্তমানে তিনি ‘ঘাসফড়িং’ নামে একটি গানের দলের সঙ্গে যুক্ত। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মা তাহমিনা তাজিনের কাছে বড় হয়েছেন সোহারা। আজ তাঁর অর্জনের পুরো কৃতিত্বই দিতে চান মাকে।