প্রতিবার ঈদ এলেই আমাদের পাড়ার মিজানের সেলুনের আড্ডাটা একরকম বন্ধ হয়ে যায়। এবারও তা-ই হলো। মহল্লার বন্ধু দুলদুল আর রিপন কাপড়ের ব্যবসা শুরু করে দিল। কাজ কিছুই না। পুরান ঢাকা আর নরসিংদীর কোনো মার্কেট থেকে এলিফ্যান্ট রোডের কয়েকটা দোকানে নানা ধরনের কাপড় সাপ্লাই দেওয়া। তারা বেশ ব্যস্ত। এবারের ঈদে নাকি কাপড়ের ব্যবসা দারুণ জমজমাট। এদিকে আমাদের আরেক বন্ধু শুভ্র হুট করেই থ্রি-স্টার টাইপের হোটেলে ম্যানেজারের চাকরি জুটিয়ে ফেলেছে গতকাল। আজ তার সঙ্গে সেলুনে দেখা হলো। ‘অহ্ বাবা, এক রাতেই মানুষ এত চেঞ্জ?’ মিজান আক্ষেপ করছিল। আমি আলতো করে বললাম, কেন কী হয়েছে মিজান ভাই? ‘আর বইলেন না, চাকরি পাইয়া শুভ্র বাবা তো সেলুনে বসে নাক সিটকায়, বলে সেলুনে এসি লাগাও মিজান। এভাবে তো ব্যবসা হয় না! কন তো কাইলকার পোলা।’
আমি চুপ মেরে থাকি। ভেতরে ভেতরে কিছু একটা করার তাড়না আমাকেও পেয়ে বসে।
রেলব্রিজের ধারে নতুন যে এতিমখানা হয়েছে সেখানে কুড়িজন ছেলে থাকে। প্রতিদিন বাসা থেকে বেরোনোর সময় উঁকি মেরে যাই। ছেলেগুলোর বয়স ১২-১৩ হবে। প্রায় সবারই বাবা-মা নেই। এ কারণেই কিনা ওদের চেহারাগুলো আরও করুণ লাগে আমার কাছে। আমি ভেতরে যাই। ওদের সঙ্গে কথা বলি। সেলুনের আড্ডাটা কমিয়ে কিছুটা সময় এখন এখানেই কাটাই। মাফি, সাদেকি, হিরণ, আবিদ, রহিম, আতাউর—প্রায় সব নাম আমার মুখস্থ। সবাই যেন এক-একটা জিনিয়াস। কখন কীভাবে ওরা আমার এত কাছে চলে এল নিজেই জানি না! ঈদ সামনে। তাই নতুন জামাকাপড় না পাওয়াতে অনেকের মন বিষণ্ন। আমার কী যে হলো, বারবার মনে হচ্ছে ওদের জন্য সত্যি কিছু করা উচিত। যেই ভাবা সেই কাজ। খুব ভোরে উঠে চলে গেলাম দুলদুল আর রিপনের বাড়ি। বললাম, ‘দোস্ত, জীবনে তো তোদের কাছে কিছুই চাইনি, এবার মাত্র কুড়িটা এতিম ছেলের জন্য কুড়িটা জামা দিতে পারবি?’
কথা শুনে দুলদুল হাসে, ‘দোস্ত, ব্যবসা দিছি, আঞ্জুমানে মফিদুল ইসলাম তো বানাই নাই। পারব না!’ কিন্তু রিপনের মন গলল, ‘বিশটা জামা। খুবই সামান্য। তবে আমাদের গোডাউন তো নরসিংদী! ম্যানেজারকে বলে রাখব। তুমি নিয়ে আসতে পারবে?’ আমি আলতো করে মাথা নাড়ি, ‘পারব’।
দুই দিন পর ঈদের ভিড়ভাট্টা ঠেলে একা একা নরসিংদী। পেয়েও গেলাম ম্যানেজার সাহেবকে। কী অদ্ভুত, অনেকটা ম্যাজিকের মতোই কুড়িটা শার্টের প্যাকেট সে আমার হাতে ধরিয়ে দেয়। আহ্, এত আনন্দ জীবনে কোনো দিন নিজের জামা পরেও পাইনি। বাসে ফিরব, ঠিক তখন আর একটা ম্যাজিক। দেখি গাড়ি নিয়ে শুভ্র দাঁড়িয়ে আছে। ‘আচ্ছা, তুই জানিস না, আমাদের বেকারিগুলো এখানে! সপ্তাহে তাই রেস্টুরেন্টের খাবার পাঠানোর জন্য দুই দিন থাকতে হয় এখানে। রিপনের কাছে শুনলাম তুই এখানে এসেছিস। তাই তো ছুটে এলাম! তুই নাকি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছিস? আমাকেও সঙ্গে রাখিস যদি পারিস!’
সত্যি থাকবি? অবশ্যই।
তাহলে দোস্ত ঈদের দিন আমার কুড়িটা এতিম ছেলেকে তোর দামি হোটেলে লাঞ্চ করার ব্যবস্থা করে দে।
যা পাক্কা। করে ফেলব। নিয়ে আয় ওদের। আমি নিজে থাকব।
আমি খুশিতে আত্মহারা। গাড়িতে যেতে যেতে বারবার শুধু ওদের উজ্জ্বল মুখগুলো ভেসে উঠছিল।