ক্লাস টু-তে পড়ার সময় দাবা খেলোয়াড় হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল নিজের গ্রাম থেকে থানা সদরে। ঢাকায় স্কুলে পড়ার সময় দাপিয়ে ফুটবল খেলেছে। বাবা আক্ষেপ করেছেন, তাঁর দ্বিতীয় ছেলেটির পড়ালেখায় মন নেই। তাহলে এই ছেলের ভবিষ্যৎ কী?১৯৮৮ সালে আমরা তাকে ১১ বছরের বালক হিসেবেই দেখি। সেই সময়ে এই বালক স্বৈরাচারবিরোধী একটা ছড়া লিখে নিজের কাছে নিজে লেখক হিসেবে আত্মপ্রকাশ করে। পরের বছর হাতে এল রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান। ধীরে ধীরে পড়া হয়ে যাচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার ক্লাস। তার বাবা সাহিত্যের শিক্ষক, সপ্তম শ্রেণীর ছাত্রকে ছন্দ বোঝাতে তিনিও কম সাহায্য করেননি। পড়ায় তো ছেলের মন ছিলই। হয়তো সব পড়ায় ছিল না।১৯৯৪ সালে, ১৭ বছর বয়সে ছায়াসুদূর নামে এক কাব্যগ্রন্থ বেরোয়। পাঠক, এতক্ষণ যাঁর কথা বলছি তিনি সোহেল হাসান গালিব। পড়ায় যে মন ছিল সে খবর আমাদের জানাচ্ছেন কবি নির্মলেন্দু গুণ। বইটির ফ্ল্যাপে তিনি জানাচ্ছেন, ‘পড়ালেখায় মন নেই, রাতদিন আছে কবিতা নিয়ে’ বলে বাবা যে ছেলের জন্য আক্ষেপ করেছেন, সেই ছেলে ‘ছয়টি বিষয়ে লেটার মার্কস নিয়ে এ বছর এসএসসি পাস করেছে।’ গুণের প্রশংসা, ‘সোহেলের কবিতা আমার নিজের ওই বয়সের লেখা কবিতা থেকে অনেক উন্নতমানের।’ এবং ‘চিত্রকল্পময় এমন কিছু কাব্যপঙিক্ত সে এ-বয়সেই রচনা করেছে, যা স্কুলের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য। ওর পিতাকে আশ্বস্ত করে বলতে পারি, কবিতা নিয়ে পাগলামি করার অধিকার ওর আছে।’কৈশোরে একবার স্থপতি হওয়ার বাসনা জেগেছিল। কিন্তু তিনি সোজা গিয়ে ভর্তি হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। কে কাকে আগে চিনেছে বলা মুশকিল, তবে অচিরেই স্নেহধন্য হলেন ওই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক কবি মোহাম্মদ রফিক আর নাট্যকার সেলিম আল দীনের। বাংলা বিভাগে জুটে গেল চার-চারজন কবি-সহপাঠী। শুরু হলো স্বাধীন কবিজীবন। তাঁকে কবিই হতে হবে।কেন? আর কিছু নয় কেন? তার মনে হলো, কবিতা লেখাটা একটা ‘গেম’। বাংলায় ‘খেলা’ বললে বিষয়টি ঠিক বোঝানো যায় না। বলতে পারেন ‘লীলা’। খেলার মধ্য দিয়ে মানুষ নিজেকে মেলে ধরতে পারে এবং অপরের সঙ্গে অকাতরে মিশে যেতে পারে—এ ধরনের কথা বলেছিলেন প্রমথ চৌধুরী। গালিব বলছেন, কবিতা লেখার এ ‘গেম’ হলো আত্মপ্রকাশের লীলা। তা ছাড়া অনুভব ও দৃশ্যকে ভাষা ও ছন্দে প্রকাশ করার মধ্যে যে আনন্দ, সেটা আর কোথায় পাওয়া যাবে। প্রথম প্রকাশিত ছায়াসুদূর বইটি আদ্যোপান্ত বাতিল করে দিয়েছেন গালিব। ফলে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ধরতে হবে চৌষট্টি ডানার উড্ডয়ন (২০০৭) বইটিকে। তারপর বেরিয়েছে দ্বৈপায়ন বেদনার থেকে (২০০৯) ও রক্তমেমোরেন্ডাম (২০১১)। দুই বছর পরপর একটি করে বই। তাহলে ২০১৩-তে বই হলো না কেন? আসলে গদ্য-পদ্যের একাধিক বইয়ের প্রস্তুতি নিচ্ছেন শূন্য দশকের এই প্রতিনিধিত্বশীল কবি।নতুন শতাব্দীর প্রথম দশকে যাঁরা কবিতার সঙ্গে যুক্ত ও মগ্ন হয়েছেন, তাঁরা শূন্য দশকের কবি। গালিব তাঁদের একজন। তিনি এই দশকের কবিদের কবিতার একটি সংকলন সম্পাদনা করেছেন শূন্যের কবিতা: প্রথম দশকের নির্বাচিত কবিতা (২০০৮) নামে। তাঁর আরেকটি সম্পাদনা কহন কথা: সেলিম আল দীনের নির্বাচিত সাক্ষাৎকার (যৌথ সম্পাদনা, ২০০৮)। সম্পাদনা করেছেন ক্রান্তিক ও বনপাংশুল নামে দুটো ছোটকাগজ। গালিব বলেছেন, ‘আমার প্রিয় পাখির নাম কাক, প্রিয় ফুল কৃষ্ণচূড়া আর প্রিয় ফল কলা।/ ভালো লাগে কালো রং, ভালো লাগে একা একা ক্যাঙারুর মতো চলা \’ এর মধ্যে একা চলার কথাটা মানা যায় না। অন্যদের নিয়ে অন্যদের সঙ্গে চলার ক্ষেত্রে গালিব বরং এক পা এগিয়ে থেকেছেন বরাবরই। ‘সেলিম আল দীন পাঠশালা’র তিনি সমন্বয়ক। অতি সম্প্রতি কয়েকজন কবিবন্ধু মিলেছেন ‘আটকুঠুরি’তে। আটকুঠুরির কর্মকাণ্ড কবিতাকেই কেন্দ্র করে।এই কবি ২৪তম বিসিএসে কামিয়াব হয়ে সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক হন। এখন ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক। গালিবের বউ তাঁরই বিভাগের ছাত্রী।আত্মমগ্ন কবি সোহেল হাসান গালিব। নিজের দেশ, পরিপার্শ্ব, নানা দেশের নানা ঘটনা সবকিছুর ওপর তাঁর চোখ আছে। বড় হোক, ছোট তুচ্ছ হোক, সবই তাঁর সংবেদনায় ধরা পড়ে। কিন্তু কবিতায় তাঁর কণ্ঠস্বর খুব বেশি ওপরে না চড়লেও অনুভবের যে সূক্ষ্মতা তা ঠিকই টোকা দিয়ে যায় পাঠককে। চলুন পাঠ করি, ‘কুহকের কেয়াবন ঘিরে থাকে আমাদের চলার পথ। অথচ একটা কেয়াফুলও দেখেনি জীবনে, এমন যুবককেও আমি দেখেছি ক্রসফায়ারে মরে যেতে। জেনেছি অন্তর্ঘাত স্বপ্নভঙ্গের চেয়ে কত নিঃশব্দে ঘটে।’ (‘সিদ্ধান্ত’, রক্তমেমোরেন্ডাম)