সোয়া কোটি টাকার ছাত্রাবাস বসবাসের অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেএসসি শিক্ষার্থীরা অস্থায়ীভাবে ছাত্রাবাসে অবস্থানের সময় বারান্দায় লেখাপড়া করছে   প্রথম আলো
জেএসসি শিক্ষার্থীরা অস্থায়ীভাবে ছাত্রাবাসে অবস্থানের সময় বারান্দায় লেখাপড়া করছে প্রথম আলো

জেলার মহালছড়ি উপজেলার দুর্গম সিন্দুকছড়ি ইউনিয়নে সোয়া কোটি টাকা ব্যয়ে ছাত্রাবাস নির্মাণ করা হলেও সেটি এখনো বসবাসের অনুপযোগী রয়ে গেছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে গত জুন মাসে এ ছাত্রাবাসের নির্মাণকাজ শেষ হয়। কাগজে-কলমে শতভাগ কাজ শেষ হলেও এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি, তৈরি হয়নি শৌচাগার। ফলে দূর-দূরান্ত থেকে পড়তে আসা সিন্দুকছড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রাবাসে বসবাস করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
সম্প্রতি সিন্দুকছড়ি উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ছাত্রাবাসে গিয়ে দেখা যায়, তিনতলাবিশিষ্ট ভবন অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। পুরো ছাত্রাবাস ঘুরে দেখা মেলেনি শৌচাগারের। এ ছাড়া ভবনটিতে এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। দরজা, জানালা ও আসবাবপত্রে ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যে অনেক আসবাবপত্র ভেঙে গেছে, জানালায় কোনো গ্রিল নেই। ভবনের অনেক স্থানে মেঝেতে ফাটলও দেখা দিয়েছে। এ ছাড়া ভবনের দেয়াল, দরজা-জানালায় কোনোটাতেই রং করা হয়নি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নথিতে দেখা যায়, ২০১০-১৩ অর্থবছরে এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সিন্দুকছড়ি উচ্চবিদ্যালয় ছাত্রাবাস ভবন নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের মেয়াদ শেষ হয় গত জুন মাসে। পার্বত্য জেলা পরিষদের নথিতেও কাজ সমাপ্ত হওয়ার কথা উল্লেখ আছে। সিন্দুকছড়ি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র ত্রিপুরা জানান, বিদ্যালয়ে দূর-দূরান্ত থেকে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করতে আসে। ছাত্রাবাসের নির্মাণকাজ শেষ হলে শিক্ষার্থীরা লেখাপড়ার সুযোগ পেত।
এদিকে, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে গত মাসে অস্থায়ীভাবে এক সপ্তাহের জন্য ছাত্রাবাসটি খুলে দিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। অনেক শিক্ষার্থী পরীক্ষার জন্য শত কষ্ট শিকার করে অসমাপ্ত ছাত্রাবাসে থাকতে বাধ্য হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জীবন রোয়াজা জানান, এ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে ঠিকই, তবে কিছু কাজ বাকি আছে। এক মাসের মধ্যে অসম্পূর্ণ কাজ শেষ করা হবে। তিনি কাজে গাফিলতির জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে দায়ী করেন।
প্রকল্পের ঠিকাদার এস অনন্ত ত্রিপুরা জানান, ‘দরপত্রের শিডিউল অনুযায়ী আমি সব কাজ শেষ করে কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছি। কাজ শেষ করে ছাড়পত্রও নিয়েছি। তাই এর জন্য আমাকে কোনোভাবেই দায়ী করা যাবে না।’