সোয়া ছয় শ পদের জন্য প্রার্থী ৩৪ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলার প্রায় দেড় হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ ফেব্রুয়ারি। এতে সোয়া ছয় শ পদের বিপরীতে প্রায় ৩৪ হাজার প্রার্থী অংশ নেবেন। নগরের ৪০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই পরীক্ষা অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষার যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। এখান থেকে উত্তরপত্র সরাসরি বুয়েটে চলে যাবে। আগামী এপ্রিলের মধ্যে ফলাফল ও নিয়োগপ্রক্রিয়া শেষ করা যাবে বলে বলে আশা করছি।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক হাজার ৬৩৪টি। এগুলোতে সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে ৬১৬টি। এবার নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে শতভাগ পদ পূরণ করা হবে। জানা গেছে, ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়ে। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শেষ পর্যন্ত যাচাই-বাছাইয়ে মাধ্যমে এদের মধ্য থেকে ৩৪ হাজার ২৫০ জনকে নিয়োগ পরীক্ষার জন্য মনোনীত করা হয়। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। সময় থাকবে এক ঘণ্টা ২০ মিনিট। সূত্রমতে, গত বছরের সেপ্টেম্বর মাসে সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন চাওয়া হয়। এক্ষেত্রে ছেলেদের বেলায় শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয় স্নাতকোত্তর (ডিগ্রি) এবং মেয়েদের এসএসসি দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। এদিকে, সরাসরি নিয়োগপ্রক্রিয়ার আওতায় ৩৫ শতাংশ প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের আবেদন জমা দেওয়ার শেষ দিন আজ। পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়নি এখনো। এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম বলেন, ‘আমরা আবেদন পাওয়ার পর পরীক্ষার তারিখ ঠিক করব।’ সূত্রমতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৩৫ শতাংশ পদ পূরণ করা হয় সরাসরি নিয়োগের মাধ্যমে। বাকি ৬৫ শতাংশ পদ কর্মরত ব্যক্তিদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে পূরণের বিধান রয়েছে।