সোয়াতের উদ্বোধনী মঞ্চায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের মার্চ মাস। পাকিস্তান শিপিং করপোরেশনের পণ্যবাহী জাহাজ ‘এমভি সোয়াত’। এতে করাচি থেকে খাদ্যশস্যের আড়ালে বাঙালিদের হত্যার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র বয়ে আনা হয়। এ তথ্য আর গোপন থাকেনি জাহাজের বাঙালি খালাসি ও পেটি অফিসারদের কাছে। এর মধ্যেই শেষ পর্যন্ত জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করে। এদিকে জাহাজের বাঙালিরা কৌশলে অস্ত্র আসার খবর পৌঁছে দেয় বন্দরে। চট্টগ্রাম উত্তাল ও অগ্নিগর্ভ হয়ে ওঠে—মুক্তিযুদ্ধের ঐতিহাসিক এ ঘটনা নিয়েই নির্মিত হয়েছে সোয়াত নাটকটি। গত রোববার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে সন্ধ্যা সাড়ে সাতটায় নাটকটি মঞ্চস্থ হয়।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ কর্মসূচির আওতায় এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সহায়তায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) প্রযোজিত সোয়াত নাটকের প্রদর্শনী উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। তিনি বলেন, ‘সোয়াত নাটকের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের সময়ের একটি ঐতিহাসিক ঘটনা উপস্থাপন করা হবে। নতুন প্রজন্ম সেই সময়ের চট্টগ্রামের অবস্থান সম্পর্কে জানতে পারবে এই নাটক থেকে।’ তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে একটি কালচারাল একাডেমী প্রতিষ্ঠা করার ঘোষণা দেন।মামুনুর রশীদ রচিত ও আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত এই নাটকে টিআইসি ও চট্টগ্রামের বিভিন্ন নাট্যদলের অভিনেতা ও কলাকুশলীরা অংশ নিয়েছেন। নাটক শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি কুন্তল বড়ুয়া বলেন, ‘ইতিহাসভিত্তিক নাটক মঞ্চে উপস্থাপন করাটা বেশ কঠিন। নিঃসন্দেহে এটি একটি শ্রমসাধ্য প্রযোজনা এবং চট্টগ্রামকে উপস্থাপন করতে আঞ্চলিক ভাষার ব্যবহার সব মিলিয়ে বেশ ভালো উপস্থাপন হয়েছে। তবে আমার মনে হয় গান কিছু কমিয়ে দিয়ে আরও কিছু তথ্য যোগ করতে পারলে ভালো হয়।’