সোয়াতের বন্ধুদের কথা খুব মনে পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালালা ইউসুফজাই
মালালা ইউসুফজাই

ভারতের চ্যানেল এনডিটিভি সম্প্রতি যুক্তরাজ্যে অবস্থানরত পাকিস্তানের শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের একটি সাক্ষাৎকার নেয়। এতে মালালা বলেছে তার ফেলেআসা দেশের স্মৃতির কথা। প্রথম আলোর পাঠকদের জন্য তা তুলে দেওয়া হলো
এনডিটিভি: বলা হচ্ছে, তুমিই এই পৃথিবীর সবচেয়ে সাহসী কিশোরী। ১৬ বছর বয়সেই বিশ্বের এত মনোযোগ পেয়েছ। নিজেকে কী ভিন্ন কিছু মনে হয়?
মালালা: আমি সেই মালালাই আছি। যে মালালা সোয়াতে তার ভাইদের সঙ্গে মারামারি করত। কাজ না করার জন্য মা যাকে বকা দিতেন। আমি কিন্তু স্কুলের শিক্ষকদের দেওয়া বাড়ির কাজ ঠিকই করতাম। তবে রান্নায় মাকে সাহায্য করায় ফাঁকি দিতাম। আমি নিজেকে আর দশটা সাধারণ কিশোরীর মতোই মনে করি।
এনডিটিভি: আত্মজীবনী আই অ্যাম মালালায় লিখেছ: ‘আমার পৃথিবী বদলে গেছে’ কিন্তু ‘আমি বদলাইনি’...।
মালালা: বিভিন্ন দিক থেকে আমার পৃথিবী বদলে গেছে। আমি এখন যুক্তরাজ্যের বার্মিংহামে থাকি। এখানকার পরিবেশ ও সংস্কৃতি পাকিস্তানের সোয়াতের চেয়ে একেবারেই আলাদা। এখানকার বাজারগুলো সোয়াতের মতো নয়। মায়ের সঙ্গে প্রায়ই সেখানে যেতাম আমি। এখানে আমি সোয়াতের বন্ধুদেরও দেখতে পাই না। পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ বা বিভিন্ন বিষয় উদ্্যাপনের সংস্কৃতিও এখানে ভিন্ন। এখানকার স্কুলের পড়াশোনার পদ্ধতি সোয়াতের মতো নয়। এসব কারণে আমার বাড়ির কথা খুব মনে পড়ে।
এনডিটিভি: কখনো দেশে ফিরতে পারবে বলে মনে হয় তোমার?
মালালা: আমি নিশ্চিত, একদিন দেশে ফিরতে পারব। যত তাড়াতাড়ি সম্ভব, ফিরতে চাই আমি।
এনডিটিভি: সোয়াতে মেয়েদের বেড়ে ওঠাটা কেমন?
মালালা: অত্যন্ত কঠিন। তালেবান সোয়াতে আসার পর সেখানে সন্ত্রাসবাদ শুরু হয়। তার আগে আমরা স্বাভাবিক জীবন যাপন করেছি। বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে নিশ্চিন্তে স্কুলে গিয়েছি। শিক্ষকদের দেওয়া বাড়ির কাজ নিয়মিত করে জমা দিয়েছি।

এনডিটিভি: ক্লাসে প্রথম হওয়ার জন্য খুব প্রতিযোগিতা হতো?

মালালা: অবশ্যই। আমি সব সময় প্রথম হতে চাইতাম। বন্ধু মালেকা নুরের সঙ্গে খুব প্রতিযোগিতা চলত। কিন্তু ২০০৭ সালে সোয়াতে সন্ত্রাসবাদ শুরু হয়। মেয়েদের লেখাপড়া বন্ধ করতে তালেবান ওই এলাকার ৪০০ স্কুল ধ্বংস করে। তালেবান বাহিনী নারী স্বাধীনতার বিরুদ্ধে। তারা আমাদের স্কুলে বা বাজারে যেতে বাধা দিত।

এনডিটিভি: আত্মজীবনীতে লিখেছ: তালেবান প্রথমে আমাদের সংগীত ও নৃত্য কেড়ে নেয়। মালালা কি নাচে?

মালালা: বন্ধুদের কথা মনে পড়ে। স্কুলে স্পোর্টস ডে’তে ছেলেরা মাঠে ফুটবল-ক্রিকেট খেলত। মেয়েদের জন্য আলাদা মাঠ ছিল না। আমরা মেয়েরা ওই দিন স্কুলে টেপ রেকর্ডার নিয়ে গিয়ে পছন্দমতো গানের সঙ্গে নাচতাম। তবে আমরা একটি রুমের ভেতরে নাচতাম। বাইরের কেউ দেখতে পেত না। আমাদের সমাজে নিজের পছন্দের সব বিষয় প্রকাশ করা যায় না। মেয়েদের নাচা সেখানে ভালো চোখে দেখা হয় না। নৃত্যশিল্পীদের নাচ উপভোগ করলেও অনেকেই তাঁদের শ্রদ্ধা করে না। আমরা জুতা পছন্দ করি, কিন্তু জুতার কারিগরদের পছন্দ করি না, তাঁদের প্রতি শ্রদ্ধা দেখাই না।

এনডিটিভি: বার্মিংহামের হাসপাতালে জ্ঞান ফেরার পর কি ভেবেছিলে, আবার আগের জীবনে ফিরতে পারবে?

মালালা: তখন সত্যিই খুব কঠিন একটা সময় ছিল। আমি তখন সামনের পরীক্ষা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলাম।

এনডিটিভি: ওই অবস্থায় পরীক্ষা নিয়ে ভাবছিলে?

মালালা: সত্যিই পরীক্ষা নিয়ে ভাবছিলাম। পাকিস্তানে আমরা স্কুল শেষে ম্যাট্রিক পরীক্ষা দিই। এই পরীক্ষার নম্বর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। তখন আমি ভেবেছিলাম, যুক্তরাজ্যে এক মাস বা তার কিছু বেশি দিন থেকেই দেশে ফিরে যাব। পরীক্ষায় অংশ নেব।

এনডিটিভি: কট্টপন্থীরা নারী শিক্ষার কেন বিরোধিতা করে? তোমার কী মনে হয়?

মালালা: তারা নারীদের ভয় করে। নারীদেরও শক্তি আছে। যখন তারা শিক্ষিত হয়, সেই শক্তি আরও বাড়ে। কট্টরপন্থীরা চায় না, নারীরা সমাজের উন্নয়নে অংশ নিক। তারা ভাবে, নারীরা শুধু রান্নাঘরে কাজ করবেন। কিন্তু আমি মনে করি, নারী-পুরুষের সমান অধিকার রয়েছে। সমাজের উন্নয়নে নারীর অংশগ্রহণও গুরুত্বপূর্ণ।

ভাষান্তর: মাহফুজার রহমান