সোয়েটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বাবার মতো দূরদর্শী মানুষ খুঁজে বের করা কঠিন না হলেও খুব একটা সহজ কাজ না। তিনি যা কিছু করেন অদূর ভবিষ্যৎকে মনের আয়নায় দেখেই করেন। তাই শীতের কাপড় কেনার সময়ও যে এই অতি মহৎ গুণ তিনি পালন করার নজির দেখাবেন না তা ভাবার কোনো কারণ নেই। আমার জন্মের তিন বছরে অর্থাৎ আমার বয়স যখন তিন, ঠিক তেমনই একদিন আমার শ্রদ্ধেয় বাবাজান একটি সোয়েটার কিনে এনেছিলেন। আমিও মনের আনন্দে আমার কাঁধ থেকে পা অবধি ঢাকতে সক্ষম এমন সোয়েটারটি পরে যারপরনাই আনন্দ মনের মধ্যে নিয়ে সারা ঘর ঘুরে বেড়িয়েছিলাম। আর মাত্র একটি বছর পর আমার ভোট দেওয়ার বয়স (আইনমতে) হবে। এখনো আমি সেই ঘটনার পুনরাবৃত্তি করেই চলছি। অর্থাৎ সেই সোয়েটার এখনো শীতের দিনে আমার অঙ্গে শোভা পায়, যদিও সেটা এখন আমার কোমর অবধিই ঢাকতে সক্ষম। এই পুনরাবৃত্তিতে আমার মেজাজ যে অবস্থাই ধারণ করুক না কেন, আমার বাবা আমাকে ওটা গায়ে দিতে দেখলেই হেসে বলেন, ‘কিনেছিলাম একখান সোয়েটার!’ চান্দগাঁও, চট্টগ্রাম।