সোয়েটার বুনে সচ্ছল
খাগড়াছড়ির দীঘিনালার মিলনপুর গ্রামের সুবীর চাকমা (৩৪) বেকারত্ব দূর করতে একসময় চাকরি নিয়েছিলেন ঢাকার একটি সোয়েটার কারখানায়। আট বছর কাজের অভিজ্ঞতা নিয়ে ২০১০ সালে নিজ গ্রামে ফিরে নিজেই শুরু করেন সোয়েটার তৈরির কাজ। মাত্র ৩০ হাজার টাকা পুঁজি সম্বল করে নিটযন্ত্র বসিয়ে এখন মাসে ২০-২৫ হাজার টাকা আয় করছেন তিনি।দিনরাত কাজ করেও এখন গ্রাহকের চাহিদা মেটাতে পারছেন না সুবীর। এলাকার বিপণিকেন্দ্রগুলোতে ভালোই বিক্রি হচ্ছে তাঁর তৈরি সোয়েটার। পাশাপাশি বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও পাচ্ছেন শীতপোশাক তৈরির কার্যাদেশ। এ বছর শীতের শুরুতে সাড়ে তিন শ সোয়েটার সরবরাহের কাজ পেয়েছেন তিনি। সরেজমিনে মিলনপুর গ্রামে গিয়ে দেখা যায়, মাসে ৭০০ টাকায় একটি ঘর ভাড়া নিয়ে সুবীর চাকমা শীতের সোয়েটার তৈরির কাজ করছেন। কীভাবে এই উদ্যোগের শুরু? জানতে চাইলে তিনি বলেন, ‘২০০২ সালে ঢাকার ফেইম নিটওয়্যার কারখানায় চাকরি নিই। সেখানে আট বছর কাজ করার পর ২০১০ সালে নিজ গ্রামে ফিরে এসে প্রথমে কামাকুছড়া এলাকায় পরীক্ষামূলকভাবে সোয়েটার তৈরির কাজ শুরু করি। প্রথম দিকে তেমন সাড়া না পেলেও ধীরে ধীরে লোকজন কিনতে শুরু করে আমার তৈরি সোয়েটার। এ বছর সোয়েটারের চাহিদা এত বেড়েছে যে দিন-রাত কাজ করতে হচ্ছে।’এক রঙের সোয়েটার হলে দিনে তিনটি তৈরি করতে পারেন সুবীর। এ ধরনের একটি সোয়েটার ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হয়। আর একাধিক রঙের সোয়েটার দিনে দুটির মতো তৈরি করা যায়। শিশুদের জন্য তৈরি একেকটি সোয়েটার বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়।সুবীর চাকমার কাছে কাজ শিখছেন মিলনপুর গ্রামের দীনেশ চাকমা। তিনি বলেন, ‘এমন একজন দক্ষ লোকের কাছে কাজ শেখার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। কাজ শিখতে শিখতে বুঝতে পেরেছি ঘরে বসে সোয়েটার তৈরি করে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব।’ সুবীরের সোয়েটারের খ্যাতি ছড়িয়েছে সমগ্র পার্বত্য চট্টগ্রামে। দূর-দূরান্ত থেকে ক্রেতারা এসে নিজেদের পছন্দের সোয়েটার কিনে নিয়ে যান তাঁর কাছ থেকে। রাঙামাটির বরকল উপজেলার বেগানাছড়ি থেকে সোয়েটার কিনতে আসা কবিতা চাকমা (২৩) বলেন, ‘গত বছর আমাদের এলাকার অনেকে সুবীর চাকমার কাছ থেকে সোয়েটার কিনেছেন। তাঁর তৈরি সোয়েটার গুণে ও মানে ভালো, পরেও আরাম। তাই এ বছর পরিবারের সদস্যদের জন্য ১০টি সোয়েটার তৈরি করতে দিয়েছি তাঁকে।’ মাইনী কিন্ডারগার্টেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ ত্রিদীব দেওয়ান বলেন, ‘সুবীর চাকমার তৈরি সোয়েটার আরামদায়ক। তাই এ বছর বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তাঁর কাছ থেকে ২৫০টি সোয়েটার তৈরি করিয়ে নিচ্ছি।’সোয়েটার বুনে সুবীর তাঁর পরিবারে সচ্ছলতা এনেছেন। গ্রামের বেকার যুবকদের অনেকেই তাঁর কাছে কাজ শিখতে চান। তবে নিটযন্ত্র একটি হওয়ায় বেকার যুবকদের প্রশিক্ষণ দিতে পারছেন না তিনি। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা কার্যাদেশও ফিরিয়ে দিতে হচ্ছে তাঁকে। বেশ কয়েকটি নিটযন্ত্র নিয়ে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছে তাঁর। কিন্তু এ জন্য প্রয়োজন সহজ শর্তে ঋণের ব্যবস্থা। সরকারিভাবে সাহায্য পেলে এলাকার বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবেন, দূর করবেন গ্রামের দারিদ্র্য এমনটাই স্বপ্ন তাঁর।