সোয়েটার সমাচার
আমি হচ্ছি শীতপাগলা। হেমন্তকালের শুরুতেই গায়ে কম্বল দেওয়া শুরু করি। আর শীত এলে পোঁটলা হয়ে পড়ে থাকি খাটের এক কোণে। তেমন এক হেমন্ত-শীতের মাঝামাঝি আমার ইচ্ছে হলো সোয়েটার পরে স্কুলে যাব। একদিন বাবাকে বললাম, সোয়েটার গায়ে দেব। মুহূর্তেই হিমালয় পর্বত ভেঙে পড়ল আমার মাথায়। প্রতিদিন সূর্য খিলখিলিয়ে ওঠে আর খিলখিলিয়ে ডোবে আর উনি সোয়েটার পরবেন! বাবা বললেন। যা-ই হোক, আমি যেহেতু শীতের কামড় সহ্য করতে পারি না, আমাকে সেহেতু কৈফিয়ত বানাতে হবে। (শীত পড়েনি তো কী হয়েছে! শীতের কামড় আছে না) বাবাকে পরের দিনই জীবনের শ্রেষ্ঠ মিথ্যা বললাম। বললাম, বাবা আজ ২৭ জন ছেলে ক্লাসে সোয়েটার পরে এসেছে, আমি কবে পরব? ওই ২৭ জন যদি ছাই চিবোয়, তুইও কি ছাই খাবি! বাবার অগ্নিশর্মা জবাব। আচ্ছা, যা, পরিস, তবে আমিও তোর সঙ্গে কাল স্কুলে যাব। এটাই আমার শেষ কথা, বাবা বললেন।ওফ! অবস্থা খারাপ! আমার মোট সাতজন বন্ধু আমার ক্লাসে। ওদের লুকিয়ে ফোন দিয়েও লাভ হলো না। কারণ সবার মন্তব্য একই, এমন দিনে পাগলা কুকুর কামড়ালেই মানুষ সোয়েটার পরে রাস্তায় বের হয়। যা-ই হোক, সকাল হলো, কেউ সোয়েটার পরে এল না, বাবা হুঙ্কার ছেড়ে সোয়েটার নিয়ে বাসায় চলে গেলেন।বাসায় গিয়ে দেখি অবস্থা খারাপ। বাবা তাঁর সোয়েটারের সঙ্গে আমার সোয়েটারও পরে আছেন। মাকে জিজ্ঞেস করতেই মা বললেন, তোর বাবা তোর ওপর রাগ করে এসে বাসায় দুবার গোসল করে জ্বর বাধিয়েছে। এখন দেখ অবস্থা! আমার মনের অজান্তেই বেরিয়ে এল, বাবা নিজেই ছাই খাচ্ছে! হি হি হি, হো হো হো, হা হা হা। মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।