সৌদিতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শাখা গঠন

সৌদি আরবে প্রায় ২০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন। তাঁরা অনেকে দেশে এবং এখানেও নানাভাবে হয়রানি ও বঞ্চনার শিকার হন। তাঁদের সহায়তার জন্য সৌদি আরবে গঠন করা হয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শাখা। ১২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় মক্কার একটি হোটেলে আহ্বায়ক কমিটি গঠনের মধ্যে দিয়ে এর কার্যক্রম শুরু হয়।
এর আগে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। এতে সভাপতিত্ব করেন এম ওয়াই আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা দক্ষিণের সভাপতি সিকান্দর আলী। বিশেষ অতিথি ছিলেন ‘হাবে’র প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, ব্যবসায়ী জসিম উদ্দিন, আবদুস সালাম তালুকদার প্রমুখ।
আলোচকেরা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সৌদি আরব শাখা গঠনের উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন, এ সংগঠনকে সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করতে হবে।
মতবিনিময় সভায় সিকান্দার আলী জানান, দেশে ও প্রবাসে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৭৭১টি শাখা রয়েছে। সৌদি আরবের শাখা ৭৭২তম। বছরে গড়ে প্রায় ৪০ হাজার লোককে তারা আইনি সহায়তা প্রদান করে।
এম ওয়াই আলাউদ্দিনকে আহ্বায়ক এবং আবুল বাশারকে সদস্যসচিব করে কমিশনের সৌদি আরব শাখা গঠিত হয়েছে। তাঁরা দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। মক্কা-জেদ্দাপ্রবাসী বেশ কয়েকজন বিশিষ্ট বাংলাদেশি এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।