
নতুন কোনো পণ্যের বিজ্ঞাপন দেখছেন, এটি কি আপনার জন্য মানানসই হবে? কিছুদিন আগে হলেও কেনার সময় বিক্রয়কর্মী যেটুকু তথ্য দেন, সেটুকুই ছিল ভরসা। এখন সময় পাল্টেছে। পণ্যের নামটি লিখে ইন্টারনেটে খুঁজুন। পেয়ে যাবেন এটি কীভাবে ব্যবহার করতে হয়, ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও কত কী তথ্য।
নিজের সাজ নিজেই করতে চান। রীতিমতো ছবিসহ পেয়ে যাবেন কীভাবে মেকআপ করতে হবে তার খুঁটিনাটি। নির্দিষ্ট কোনো চুলের স্টাইল কীভাবে করতে হবে তার নির্দেশনা। আর এসবই জানাচ্ছেন বিশ্বজুড়ে সৌন্দর্যবিষয়ক ব্লগাররা।
সৌন্দর্যবিষয়ক ব্লগগুলোতে লেখকরা সাধারণত তাঁদের অভিজ্ঞতার কথাই জানান। কখনো বা হতে পারে সেটা কেনাকাটার কথা, কখনো বা কোনো বিশেষ পণ্য ব্যবহারের অভিজ্ঞতা, কখনো বা শিখিয়ে দেন কীভাবে করতে হবে নিজের মেকআপ অথবা ত্বক-চুলের যত্ন, আর নানা বিষয়ে টুকটাক পরামর্শ তো আছেই। ফলে পাঠক পুরো ধারণা পেতে পারেন কোনো পণ্যের ভালো-খারাপ দিকগুলো নিয়ে। কোন চুলের সাজ বা মেকআপ তাঁকে মানাবে, নির্দিষ্ট কোন ধরনের সৌন্দর্যচর্চার ফল কেমন হতে পারে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকে ব্লগগুলোতে। ফলে পণ্যনির্মাতা-প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বা মডেলদের সাজের তুলনায় তা পাঠকদের কাছে বেশ বিশ্বাসযোগ্য মনে হয়।
বাইরের বিশ্বে এ ধরনের ব্লগের ব্যাপক প্রসার থাকলেও বাংলাদেশে এর শুরুটা কখনোই কোনো ব্লগারের জন্য সহজ ছিল না। সবাইকেই যেতে হয়েছে অথবা হয় কম-বেশি নেতিবাচক অভিজ্ঞতার মধ্যে দিয়ে। তার পরও ব্লগাররা তাঁদের অভিজ্ঞতা, পারদর্শিতা আর সহনশীলতা দিয়ে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন। কেন তাঁরা ব্লগিং করছেন, এ ধরনের প্রশ্ন শুনতে হয় প্রায়ই। আর্থিক লাভের আশা না করেই তাঁরা এর পেছনে কেন কষ্ট আর সময় দিচ্ছেন? এ প্রশ্নের জবাবে সবার কাছ থেকেই একই ধরনের উত্তর পাওয়া যায়। তাঁরা নিজেদের পেশার বাইরে এই কাজটাকে ভালোবাসেন, ভালোবাসেন একই বিষয়ে আগ্রহী মানুষের সঙ্গে নিজেদের ভালোলাগা ভাগ করে নিতে আর নিজেরাও পাঠকদের কাছ থেকে নতুন কিছু শিখতে। তবে বাংলাদেশে এ বিষয়ে ব্লগিং করতে আরও কিছু সমস্যার মুখেও পড়তে হয়। ইন্টারনেট থেকে খুব সহজেই জানা যাচ্ছে বড় প্রতিষ্ঠানগুলোর নতুন নতুন পণ্য সম্পর্কে। অথচ তার বেশির ভাগই আমাদের দেশে সহজলভ্য নয়। এগুলো সংগ্রহের জন্য তাই অনলাইন কেনাকাটাই ভরসা। তাতেও অনেকটা বেশি দাম দিয়ে পণ্য কিনতে হয় তো কখনো সময়মতো পণ্যটি পাওয়া যায় না।
বাংলাদেশে এখন অনেকেই সৌন্দর্যচর্চার নানা দিক নিয়ে ব্লগিং করছেন। নিজস্ব ব্লগের পাশাপাশি প্রায় সবারই ফেসবুক পেজ রয়েছে। কেউ কেউ ইউটিউবেও এ নিয়ে ভিডিও দিচ্ছেন। মোটামুটি পরিচিত ব্লগগুলোর মধ্যে ‘সিফা’স কর্নারে (www.sifascorner.com) পাবেন সৌন্দর্যচর্চার পরামর্শ, পাশাপাশি সাজগোজ নিয়েও নানা তথ্য। গ্রেগডেসে (grey-goddess.com) পাবেন স্বাস্থ্য ও সৌন্দর্য-সম্পর্কিত নানা রকম তথ্য। সৌন্দর্যচর্চার নানা পণ্য সম্পর্কে ধারণা পাবেন জাস্টিফাইয়িং শপাহলিজম (nowheregirlshopaholic.blogspot.com), বিউটি অ্যাডিকশন-এ (www.usssha.com)। সাজের নির্দেশনা অথবা এ-সম্পর্কিত নানা কিছু জানতে দেখতে পারেন অবসেসিভলি অবসেসড উইথ (www.tansiasblog.com), গ্রিনস্টোরি (tamanz.blogspot.com), বিউটি-ডোপ (www.beautydopelovers.blogspot.com) ইত্যাদি ব্লগে। আর যেকোনো তাৎক্ষণিক পরামর্শের জন্য তাদের ফেসবুক পেজ বা ব্লগেও প্রশ্ন করতে পারেন।
আজকাল দেখা যায় অনেকেই ইন্টারনেট থেকে সংগ্রহ করা তথ্য দিয়ে পেজ সাজিয়ে বসে আছেন। তাঁরাও কি ব্লগার? না, অবশ্যই না। একজন বিউটি ব্লগার তাঁর অভিজ্ঞতা থেকে অর্জিত তথ্যই তাঁর পাঠকদের সঙ্গে ভাগ করে নেন। আর যেকোনো পরামর্শ গ্রহণের আগে অবশ্যই নিজের বিবেচনাকেই প্রাধান্য দেবেন, কারণ অন্যের অভিজ্ঞতা আপনার ক্ষেত্রে ভিন্নও হতে পারে।
কারও কাছে বিউটি ব্লগিং শখ, কারও কাছে সময় কাটানোর উপায় মাত্র হলেও অনেকেই নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে উপার্জনও করছেন। নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন রূপবিশেষজ্ঞ হিসেবে।
লেখক: সৌন্দর্যবিষয়ক ব্লগার, গ্রিনস্টোরি