সৌভাগ্যের মাঠে জয়ের প্রেরণা
বীর চট্টগ্রাম বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সব সময় প্রেরণার জায়গা। ক্রিকেট ইতিহাসের যত সাফল্য তার সিংহভাগই এই পুণ্যভূমিতে। প্রথম টেস্ট জয় এখানেই। টানা তিনটি একদিনের ম্যাচ জয়ের রেকর্ড তো সেদিনের। বিশ্বকাপে ইংল্যান্ড, হল্যান্ডের পর গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিজয় এই মাটিতেই। এককালের ক্রিকেট পরাশক্তির বিপক্ষে সর্বশেষ জয়টির পর আর কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। এরপর ডিসেম্বর মাসে বাংলাদেশ দল মুখোমুখি হবে পাকিস্তান দলের। তা-ও দেশের মাটিতে। ১ ডিসেম্বর ঢাকায় প্রথম একদিনের ম্যাচ দিয়ে তিন ম্যাচের সিরিজের শুরু। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে চট্টগ্রামে ১০ ডিসেম্বর থেকে। তার আগে ছয় ডিসেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে টাইগাররা এখন চট্টগ্রামে। এক সপ্তাহের অনুশীলন আজ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে সবচেয়ে সৌভাগ্যের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। নিজেদের শাণিয়ে নিতে এই প্রস্তুতি বেশ ভালোই কাজ দেবে বলে মনে করছেন দলের সদস্যরা। পাকিস্তান সিরিজ খেলতে না পারলেও দীর্ঘ ইনজুরি কাটিয়ে পুনরায় আন্তর্জাতিক ম্যাচে ফেরার চেষ্টায় টাইগারদের সঙ্গে চট্টগ্রাম এসেছেন মাশরাফিও। নড়াইল এক্সপ্রেস নিজের ফিটনেস বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দলে না থাকলেও তাঁর মুখে চট্টগ্রামে অনুশীলনের প্রশস্তি গাথা লেগেই ছিল। ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে আমাদের এই অনুশীলন কাজ দেবে বলে মনে করি। ক্রিকেটাররা নিজেদের খুঁজে পেতে কাজ করে যাচ্ছে। সবাই যদি নিজের সেরাটা দিতে পারে তাহলে মনে হয় না আমরা খারাপ করব।’ বললেন নড়াইল এক্সপ্রেস। পাকিস্তানের বিপক্ষে এই চট্টগ্রামে বাংলাদেশ দল এর আগে দুটি একদিনের ম্যাচ খেলেছে। দুটিই হয়েছিল চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে। ওই মাঠে একটি টেস্ট ম্যাচও খেলেছিল ২০০২ সালে। কিন্তু এই তিন ম্যাচে বাংলাদেশের সুখস্মৃতি বলতে কিছুই নেই। থাকবেই বা কীভাবে। দলটির বিপক্ষে এই পর্যন্ত ২৬টি একদিনের ম্যাচের মধ্যে ২৫টিতেই মাথা নত করে ফিরেছে বাংলাদেশ দল। একমাত্র জয়টি এসেছে তাও এক যুগ আগে—১৯৯৯ সালের বিশ্বকাপে। টেস্ট ক্রিকেটে তো সাফল্যের খাতা ফাঁকা। এই পর্যন্ত ছয়টি ম্যাচের সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। এই যখন পরিসংখ্যান তখন আরও দুটি সিরিজ হারানোর ভয় পেয়ে বসতেই পারে বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে। হতেই পারে। ক্রিকেট তো আর যুদ্ধক্ষেত্র নয়। রণকৌশল যত না দরকার, তার চেয়ে বেশি প্রয়োজন হয় সামর্থ্য। অভিজ্ঞতা ও সামর্থ্যের দিক থেকে বাংলাদেশ পিছিয়ে, সেটা মানতেই হবে। কিন্তু বিশ্বকাপে চট্টগ্রামে ইংল্যান্ডকে হারানো বাংলাদেশ, গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়, একই দলের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে আধিপত্য দেখানো বাংলাদেশের ছেলেরা যে এখন আত্মবিশ্বাসী।হোক না পেস, স্পিন—সব দিক থেকে শক্তিশালী পাকিস্তান। কিন্তু আত্মবিশ্বাস যখন শিরায় শিরায় বইতে থাকে, তখন একটা কিছু আশা করাও অমূলক নয়। যেমন ইমরুল কায়েসের আত্মবিশ্বাসটা দেখুন না। ‘পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছি। দুটিতেই আমি ভালো করেছি। ফর্মে থাকলেও বোলার কোনো ব্যাপার নয়। যেকোনো বোলারের বিপক্ষেই রান করা যায়।’ আত্মবিশ্বাসী ইমরুল।তবে একটা হতাশার জায়গা আছে সপ্তাহের অনুশীলনে। ইমরুলের ওপেনিং পার্টনার তামিম ইকবাল ডান পায়ের হাঁটুর ব্যথা নিয়ে ঢাকায় ফিরে গেছেন। কিন্তু পাকিস্তান সিরিজে চট্টগ্রামের এই ক্রিকেটার খেলতে পারবেন—এমন ভাষ্য দলের সবার। তাহলে আর সমস্যা কোথায়? চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে আরেকটি সাফল্যের আশা করতেই পারে সমর্থকেরা। সেটা বিজয়ের মাসেই!