সৌমেনের ক্যামেরায় বিশ্বকাপ
মাহমুদউল্লাহ রিয়াদ বাউন্ডারির দিকে বল ঠেলে দিয়েই দৌড়াতে শুরু করলেন। ড্রেসিংরুম ও সাইড বেঞ্চ থেকে সতীর্থরাও মাঠের দিকে দৌড় শুরু করলেন। মুহূর্তের মধ্যেই শফিউল অনেক ওপরে উঠে গেলেন। চড়ে বসলেন সতীর্থদের কোলে। কোলাকুলি, গলাগলি মাহমুদউল্লাহর সঙ্গে। বাংলাদেশের স্বপ্নপূরণ। ইএসপিএন স্টার স্পোর্টসের পর্দায় অভাবনীয় এই দৃশ্যটা দেখছিল সারা বিশ্বের মানুষ। এই জয়ের মুহূর্তটি দেখতে দেখতে অনেকে আবেগের আতিশয্যে চোখের জল ফেলেছে। এমন একটি দৃশ্য সারা বিশ্বের কাছে তুলে ধরতে পেরে ধন্য ইএসপিএনের ক্যামেরা ক্রু সৌমেন গুহও।জয়ের এই মুহূর্তটিতে নিজেও হয়ে পড়ছিলেন আবেগপ্রবণ। কিন্তু সৌমেন ভালো করেই জানেন, এখন তাঁর মূল কাজ ক্যামেরা চালিয়ে যাওয়া। সারা বিশ্ব তাকিয়ে রয়েছে বিশ্বকাপের এই ম্যাচটির দিকে। পেশার দিক থেকে কোনো হেলাফেলা করা যাবে না। ‘আমি ক্যামেরা তাক করে ছিলাম। আগে থেকেই আমার প্রতি এই নির্দেশনা ছিল, এই দৃশ্যগুলো মিস করা যাবে না। শফিউলকে সতীর্থরা কাঁধে তুলে ফেললেন। মাঠে দায়িত্বরত গাইড মাঠকর্মীরাও দৌড় দিল। এই দৃশ্যটা ধারণ করতে করতে নিজেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এটা ভেবে আনন্দ পাচ্ছিলাম, আমি দৃশ্যটা সারা বিশ্বকে দেখাতে পারছিলাম।’ সৌমেন বলে যান।চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড়ের বাসিন্দা সৌমেন গুহ। স্থিরচিত্র তুলতে তুলতে ভিডিওগ্রাফিতে আসা। কোতোয়ালি এলাকায় তুষার স্টুডিও নামে তাঁদের একটা ছবি তোলার দোকান রয়েছে। সেখানে ছবি তুলতেন তিনি। ছবি তোলার জন্য যেতেন বাইরেও। একসময় ভিডিওর জোয়ার আসে। বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও করার কাজ শুরু করেন সৌমেন। সেটা নিতান্তই নিজেদের ব্যবসার প্রসারে। কিন্তু তাঁকে পেয়ে বসে ভিডিওগ্রাফির নেশায়। খোঁজখবর নিয়ে জানতে পারেন দেশে ভিডিওগ্রাফির ওপর পড়াশোনার কোনো একাডেমিক প্রতিষ্ঠান নেই। এভাবে একপর্যায়ে ২০০১ সালে সৌমেন গুহ এটিএন বাংলায় চট্টগ্রামে ক্যামেরাম্যান হিসেবে কাজ শুরু করেন। ২০০৩ সালে তিনি এটিএন বাংলার ঢাকা কার্যালয়ে ক্যামেরাম্যান হিসেবে যোগ দেন। ওই সময় থেকে এটিএনের হয়ে খেলার মাঠে বিভিন্ন প্রতিবেদনের কাজে ব্যস্ত সময় কাটান তিনি। বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের হোম সিরিজগুলোতে কাজ করতে গিয়ে তাঁর সঙ্গে পরিচয় হয় সম্প্রচারের দায়িত্বে নিয়োজিত ইএসপিএন স্টার স্পোর্টস কিংবা নিমবাসের ক্যামেরা ক্রুদের সঙ্গে। এরপর ২০০৯ সালে সৌমেনের জীবনে আসে অবিশ্বাস্য এক সুযোগ। ইএসপিএন থেকে তাঁকে প্রস্তাব দেওয়া হয় ফ্রিল্যান্সার হিসেবে তাদের সঙ্গে কাজ করার। খুলে যায় সম্ভাবনার দ্বার। কিন্তু এটিএনে যেহেতু চাকরি আছে, তাই প্রস্তাবটি নিয়ে আলোচনা করেন কর্তৃপক্ষের সঙ্গে। কর্তৃপক্ষ অনুমতি দেয়। এরপর সৌমেন কাজ শুরু করেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার চ্যানেল ইএসপিএন স্টার স্পোর্টসের সঙ্গে। ওই বছরই ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ, বাংলাদেশ-ভারত হোম সিরিজের খেলাগুলো সৌমেন ক্যামেরার পেছনে থেকে দেখেছেন। তিনি বলেন, ‘এ এক দারুণ অভিজ্ঞতা। বিশ্বের নামীদামি ক্যামেরা ক্রু ও প্রকৌশলীদের সঙ্গে থাকা এবং ভিডিওগ্রাফি সম্পর্কে নিত্যনতুন ধারণা পাওয়া সত্যি অসাধারণ।’একই সময়ে চট্টগ্রামে আইপিএলের আদলে আয়োজন করা হয় পিসিএল টি- টোয়েন্টি ক্রিকেট। এটিএন বাংলা এই খেলাগুলো সরাসরি সম্প্রচারের দায়িত্ব পায়। এ সময় এটিএন কর্তৃপক্ষ সৌমেনের অর্জিত অভিজ্ঞতাটা কাজে লাগায়। বলতে গেলে তাঁর নকশায় তৈরি হয় সরাসরি সম্প্রচার প্যানেল।এরপর যখনই বাংলাদেশে কোনো আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে, তখনই ক্যামেরার পেছনে থেকে তা সারা বিশ্বের কাছে উপস্থাপনের একজন গর্বিত অংশীদার সৌমেন। সেই ধারাবাহিকতায় বিশ্বকাপ ক্রিকেট সম্প্রচারের সঙ্গেও তিনি জড়িত হয়ে পড়েন। সৌমেন বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেট সম্প্রচারের সঙ্গে আমি জড়িত, এটা ভাবতেই ভালো লাগে। আমি আমাদের দেশের সেলিব্রেটি কিংবা বিশিষ্ট ব্যক্তিদের যেহেতু চিনি, তাই খেলা সম্প্রচারের সময় ক্যামেরায় চোখ রেখে এসব মুখ খুঁজে বেড়াই।’সৌমেনের আক্ষেপ দেশে ভিডিওগ্রাফির ওপর কোনো একাডেমিক প্রতিষ্ঠান নেই। তিনি বলেন, ‘যদি এটা থাকত, তাহলে আমরা ভালো ক্যামেরাম্যান পেতাম। পাওয়া যেত অনেক বড় বড় নির্মাতাও।’এমন সুখানুভূতিতে সৌমেনকে কিছুটা কষ্ট দেয় যখন কাছের মানুষগুলো তাঁর অর্জনকে বাঁকা চোখে দেখে। কে কী বলল এসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। সৌমেন গুহ ইএসপিএনের ক্যামেরা কাঁধে এগিয়ে চলেছেন। তাঁর স্বপ্ন আরও কোনো বড় আসরে কাজ করার।