সৌরবিদ্যুতে আলোকিত পানছড়ির প্রত্যন্ত পল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌরবিদ্যুৎ আলোকিত করেছে পানছড়ির প্রত্যন্ত অঞ্চল। সরকারি বিদ্যুৎসুবিধা বঞ্চিত এসব এলাকায় এখন আলো জ্বলছে। জানা যায়, গ্রামীণ শক্তি পাহাড়ের প্রত্যন্ত পল্লিতে সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সহস্রাধিক পরিবারে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে।লোগাং বাজার আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক নীলচন্দ্র চাকমা বলেন, ‘লোগাং, পূজ গাং মূখ ইউনিয়নে সৌরবিদ্যুৎই ভরসা। সৌর প্যানেল দিয়ে আমি ডিশ অ্যান্টেনার সাহায্যে স্যাটেলাইট প্রোগ্রাম ঘরে বসে উপভোগ করছি।’ তিনি আরও বলেন, প্যানেল পেতে কোনো আবেদন করতে হয় না। নেই জামানতের ঝামেলা। গ্রামীণ শক্তির মাঠ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেই সহজ কিস্তিতে পাওয়া যাচ্ছে সৌর প্যানেল। সংযোগ দেওয়া সার্ভিসিংসহ প্রয়োজনীয় সব সেবাই পাওয়া যায় ঘরে বসে। তাই ব্যবহারকারীদের কোনো বিড়ম্বনায় পড়তে হয় না। চেংগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিলচন্দ্র চাকমা বলেন, ‘সৌরবিদ্যুতে ঝামেলা কম, নেই লোডশেডিংও। তাই সৌরবিদ্যুৎ প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আর্থিকভাবে সচ্ছল প্রায় সব পরিবারই সোলার বাতি ব্যবহার করছে। এরই মধ্যে দরিদ্র মানুষও কিস্তিতে তা নিতে শুরু করেছে।’ মধু মঙ্গলপাড়ার ব্যবসায়ী শ্যামল বিকাশ চাকমা বলেন, দিনের বেলায় সূর্যের আলো সংগ্রহ করে রাতের অন্ধকার দূর করা হয় সে আলোয়। অনেক সুবিধা। সৌরশক্তির বদৌলতে উপজেলার অনগ্রসর দুর্গম প্রত্যন্ত অঞ্চলে জনজীবনের সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির সুযোগ-সুবিধাও। জানা যায়, এ পর্যন্ত পানছড়ি উপজেলা গ্রামীণ শক্তি কার্যালয় ৯১১টি ও পদক্ষেপ কার্যালয় ১৫৩টি সৌর প্যানেল বিক্রি করেছে। পানছড়ি উপজেলা পদক্ষেপ শাখা কার্যালয়ের কর্মকর্তা ক্রিপন চাকমা বলেন, ‘আমরা নগদে ও কিস্তিতে গ্রহকদের সৌর প্যানেল বিক্রি করি। গ্রাহকদের আমরা প্রতিটি সৌর প্যানেল ২০ বছর, ব্যাটারি পাঁচ বছর পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে থাকি। তা ছাড়া কোনো ধরনের আবেদন, জামানত, আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই গ্রাহকদের সহজ কিস্তিতে সৌর প্যানেল দিচ্ছি।’