সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আম্মা’ ‘আম্মা’...কোনো উত্তর নেই, প্রতি উত্তর নেই; ‘মা’ আর সাড়া দেয় না। আমাদের ডাক প্রতিধ্বনি হয়ে ফিরে আসে বনানীর প্রাণবন্ত সবুজে ঘেরা বাগান থেকে, যেখানে রয়েছে জুঁই, কামিনী ও হাসনাহেনার সৌরভ—তোমার পছন্দের গন্ধরাজ আর বেলির সুবাসে তুমি শুয়ে আছো। তোমার মুখটা কি একটু স্পর্শ করা যায় না? পাব না তোমার হাতের ছোঁয়া? তুমি লিখে গেছো, ‘কবে, কখন অজানা পথে পাড়ি দেব, জানি না।’ আজ সে পথেই তুমি তরি ভাসিয়েছ গত ২৫ মার্চ, সকাল নয়টা ১০ মিনিটে। মুহূর্তের মধ্যেই তুমি ছেড়ে চলে গেলে আমাদের সবাইকে। কয়েকটি বড় দীর্ঘশ্বাসে তোমার চোখটি বুজে গেল। আমরা তোমার নিথর দেহের পাশে দাঁড়িয়ে দেখলাম, ‘...কত সুন্দরভাবে তুমি বিদায় নিলে...।’ডাকনাম তোমার হেনা (রওশন জাহান হোসেন), তাই বুঝি আব্বা বাড়ির নাম রেখেছিলেন হেনাকুঞ্জ, যে কুঞ্জে রয়েছে অনেক ফলের সমারোহ। থোকা থোকা ফুলে সাজানো তোমার বাগান। তোমার নিজের হাতে গড়া সাজানো সংসার ঠিক তেমনই আছে। সামনের খোলা বারান্দায় সেই চেয়ার-টেবিল, যেখানে বসে তুমি আর আব্বা সকালের চা খেতে, বাগানের ফুলগুলো দেখতে। সেই একই জায়গায় আজ আব্বা একা বসে চা খান, বলেন, ‘তোমাদের মা কোথায়? এত ডাকি উত্তর তো কেউ দেয় না।’ কে পূরণ করবে বাবার এই শূন্যতা।আলমারিতে থরে থরে সাজানো তোমার শাড়ি, ড্রেসিং টেবিলে তোমার বেগুনি আর সাদা রঙের চিরুনি, তোমার প্রিয় জবাকুসুম তেল, ক্রিম, পাউডার, তোমার নরম বিছানা—সবকিছুতেই তোমার গন্ধ, তোমার স্পর্শ; শুধু তুমি নেই।তোমার প্রিয় বসার চেয়ারটা ড্রয়িংরুমের একই জায়গায় রয়েছে। তবে আজ খালি। ওটা তো ছিল তোমার জন্যই, কে বসবে বলো? ওই চেয়ারটায় বসে কত সন্ধ্যা, রাত কাটিয়েছ, মনে পড়ে তোমার! যখন তোমার চোখে ঘুম আসত না! আজ শুধু মনে পড়ছে, তুমি তো ওই চেয়ারেই বসে আছো, ঘরে ঢুকেই দরজা থেকে তোমাকে দেখতে পাব। বাবাকে বলি, তোমার চেয়ারে বসতে, উত্তরে বলেন, ‘ওটা তো তোর মায়ের চেয়ার, ওটা তোর মায়ের জন্যই থাকবে।’ বাবার এই ব্যাকুলতা আমরা কেউ থামাতে পারব না। কোনো দিনও না...।তোমার আদরেররিনা, মনু, এ্যানি, মিনি ও বাবু।ঢাকা।