স্কটল্যান্ড স্বাধীন হলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে অন্তর্ভুক্ত থাকা না–থাকা নিয়ে ১৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডে গণভোট অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে কয়েকবার জরিপ হয়েছে। ৬ সেপ্টেম্বরের আগ পর্যন্ত এর ফল ছিল পক্ষে ৪৫ আর বিপক্ষে ৫৫ শতাংশ।

দুদিন পর হঠাৎ চিত্র গেল বদলে। পরবর্তী জরিপে জনমত স্বাধীনতার পক্ষে ৫ শতাংশ বেড়ে ৫০ হয়েছে, বিপক্ষে ৪৮ শতাংশ। ২ শতাংশ এখনো সিদ্ধান্তহীনতায়। আগের জরিপের ফল সম্পর্কে বিবিসি জানিয়েছিল, ৫৫ শতাংশ না ভোটের মধ্যে সিদ্ধান্তহীন ভোটও ছিল।


জরিপের নতুন ফল প্রকাশের পর স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স সালমন্ড বেশ জোর দিয়েই বলছেন, এখন থেকে যত দিন যাবে, হ্যাঁ অর্থাৎ স্বাধীনতার পক্ষে জনমত ক্রমেই বাড়তে থাকবে। যত দিন যাবে সিদ্ধান্তহীন ভোটারসহ না পক্ষের ভোটাররা পরিবর্তিত হয়ে ‘হ্যাঁ’র পক্ষে যুক্ত হবেন। তাঁর বিশ্বাস, স্বাধীনতা স্কটল্যান্ডের জনগণের জন্য সুফল বয়ে আনবে।


১৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডবাসী যদি সত্যি স্বাধীনতার পক্ষে রায় দেন, তাহলে প্রশ্ন হচ্ছে কী হবে যুক্তরাজ্যের? বিবিসি স্কাইয়ের সারাক্ষণের আলোচনায় নানা কথা বলা হচ্ছে। বিশেষ করে ব্রিটিশ নিউক্লিয়ার সাবমেরিনসহ। এসব বিষয় সবাই এখন কম–বেশি অবগত। তাই সেদিকে আলোকপাত করছি না।

তবে স্কটল্যান্ড স্বাধীন হয়ে গেলে যুক্তরাজ্যের জনসংখ্যা কমে যাবে প্রায় ৮ শতাংশ। যুক্তরাজ্যের বর্তমান জনসংখ্যা ৬৪ থেকে নেমে আসবে ৫৬ মিলিয়নে। এর ফলে ইউরোপে জনসংখ্যার দিক দিয়ে যুক্তরাজ্যের অবস্থান নিচে নেমে যাবে। বর্তমানে ইতালির জনসংখ্যা ৬০ মিলিয়ন। জার্মানির জনসংখ্যা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি, ৮২ মিলিয়ন।

অন্যদিকে যুক্তরাজ্যের গড় আয় বৃদ্ধি পাবে। প্রতিজনের হিসাবে আয় দাঁড়াবে ১৬.৭৯১ পাউন্ড। ভূমি হারাবে ৩২ শতাংশের মতো, যা আয়তনে ​গ্রিস বা তিউনিসিয়া​র সমান। ভূমি কমে যাওয়ার পরও বিশ্বের বিভিন্ন দেশের কিছু লোক যুক্তরাজ্যে এসে বসবাসের সুযোগ পাবেন। পাশাপাশি স্কটল্যান্ডেও কিছু লোকের বসবাসের সুযোগ তৈরি হবে।


গত অর্থবছরে যুক্তরাজ্যের রপ্তানি পরিমাণ ছিল ২৩৫.৮ বিলিয়ন পাউন্ডের মতো। এর মধ্যে এককভাবে স্কটল্যান্ডের রপ্তানি ছিল ১৬.৯ বিলিয়ন পাউন্ড। স্কটল্যান্ড স্বাধীন হয়ে গেলে যুক্তরাজ্যের রপ্তানি হ্রাস পাবে ৭.১ শতাংশ। তবে জিডিপি মাথাপিছু কিছুটা বেড়ে ২১ হাজার ২৮৭ থেকে ২১ হাজার ৪০৪ পাউন্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।