স্কটল্যান্ডের গণভোটঃ ব্রিটেনের রাজনীতিতে পরিবর্তনের আভাস

সন্দেহ নেই ১৮ সেপ্টেম্বরের গণভোটে স্কটল্যান্ডের বেশির ভাগ জনগণ ব্রিটিশ ইউনিয়নে থাকার পক্ষে রায় দিয়েছেন। গণভোটের ফলাফলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইয়েস ক্যাম্পেইন ও এসএনপি নেতা অ্যালেক্স স্যামন্ড ইতিমধ্যে পদত্যাগও করেছেন।
স্কটল্যান্ডের গণভোটকে কেন্দ্র করে ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার রাজনীতির কেন্দ্রে টান টান উত্তেজনা এবং প্রধান তিনটি রাজনৈতিক দলের নেতাদের রাজনৈতিক ভবিষ্যত্ হুমকির মুখে পড়েছিল। বিশেষ করে প্রধামন্ত্রী ডেভিড ক্যামেরনের রাজনৈতিক ভবিষ্যত রীতিমতো শাঁখের করাতের ওপর ভর করে চলছিল।
বলা যায়, ব্রিটিশ গণতন্ত্র ও রাজনীতিতে অনেকটাই স্বস্তি এনে দিয়েছে এই ফলাফল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্কটল্যান্ডের গণভোট ব্রিটেনের রাজনীতিতে ব্যাপক পরিবর্তনের আভাস দিচ্ছে। এই পরিবর্তন এমন যে, গণভোটে স্বাধীনতাকামী অ্যালেক্স স্যামন্ড পরাজিত হলেও সুদূরপ্রসারী রাজনীতির চালে তিনি জয়ীই হয়েছেন। ৪৫ শতাশেংরও বেশি জনমত নিয়ে রাজনীতির চালে স্বাধীনতার পক্ষের অংশের প্রতিনিধিত্ব করার জোরালো অবস্থান আইন সঙ্গত ভাবে তিনি পেয়েছেন। ব্রিটেনের রাজনৈতিক নিয়ন্ত্রকরা ভোটারদের কাছে দেওয়া ওয়াদা অনুযায়ী স্কটল্যান্ডের হাতে অধিক ক্ষমতা বা ক্ষমতার বিকেন্দ্রীকরণ না করেন তাহলে স্কটিশ রাজনীতিতে দ্রুতই নাটকীয় কিছু উদ্ভব হতে পারে।

গণভোটের রায় যখন প্রকাশিত হচ্ছিল, ওয়েস্টমিনিস্টার রাজনীতির পর্দার আড়ালে তখন অন্য খেলা চলছিল। কনজারভেটিভ ব্যাক বেঞ্চার ও পলিসি মেকাররা তখন ডেভিড ক্যামেরনের প্রতি স্কটিশ পার্লামেন্টের অধিক ক্ষমতার প্রশ্নে ব্যাখ্যা দাবির পাশাপাশি ওয়েস্টমিনিস্টার রাজনীতিতে স্কটিশদের কোনো অধিকার বা ভোট থাকবে না—এমন দরকষাকষি চালাচ্ছিলেন। তারা চাচ্ছিলেন ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে ক্যামেরন যেন প্রকাশ্যেই এমন রাজনৈতিক অবস্থান নেন।
এদিকে লেবার দলের মনোভাব ও ব্রিটেনের পার্লামেন্টের সর্বশেষ অবস্থান অবহিত হয়ে গণভোটে জয়ের নায়ক সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন স্কটল্যান্ডে গণভোট উত্তর সমাবেশে সাংবাদিকদের সামনেই স্কটিশ পার্লামেন্ট ও সরকারকে আরও অধিক ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতির কার্যক্রম শুরুর সময়সূচি ঘোষণা করে বসেন। তিনি স্কটল্যান্ডবাসীকে জানিয়ে দেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ব্রিটিশ পার্লামেন্ট দ্রুতই হলিরূড সরকারের স্কটিশ পার্লামেন্টকে আরও অধিক ক্ষমতা দেওয়ার কার্যক্রম শুরু হবে। এখন থেকে বিভাজন নয় বরং আমরা গ্রেটব্রিটেন ইউনিয়নের মধ্যে থেকে নিজেদের আরও উন্নয়ন ও শক্তিশালী করব।
স্কটল্যান্ডে গর্ডন ব্রাউনের এই বক্তব্যের পর পরই ডাউনিং স্ট্রিটে ডেভিড ক্যামেরন সাংবাদিকদের জানান, স্কটল্যান্ডের পার্লামেন্টকে আরও ক্ষমতা দেওয়া হবে। তিনি ঘোষণা দেন, জানুয়ারি থেকে সেই কার্যক্রম শুরু হবে। ক্যামেরন আরও বলেন, ইংলিশ (ব্রিটেনের) আইন অনুযায়ী ও ইংলিশ ওয়েতে সবকিছু হওয়া উচিত্। যেভাবে স্কটল্যান্ডকে আরও ক্ষমতা দেওয়া হবে, সেভাবে ওয়েলস, উত্তর আয়ারল্যান্ডকেও ক্ষমতা দেওয়া হবে। কনজারভেটিভ পার্টির নেতা ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম হেগও ক্যামেরনের মতো মন্তব্য করেন।
অন্যদিকে গত রোববার স্কাই নিউজ টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাত্কারে অ্যালেক্স স্যামন্ড বলেছেন, ভবিষ্যতে স্কটল্যান্ড কোনো ধরনের গণভোট ছাড়াই নিজেই স্বাধীনতা ঘোষণা করতে পারবে। স্বাধীনতার প্রশ্নে সবচাইতে উত্তম পন্থা হলো গণভোট, কিন্তু অন্যান্য ব্যবস্থাও রয়েছে।

স্যামন্ড বলেন, স্কটিশ পার্লামেন্টকে আরও অধিক ক্ষমতা দেওয়া হবে আশা করছি। যদি তা না হয়, তবে এমন হতে পারে, স্কটল্যান্ড নিজেই নিজের স্বাধীনতা ঘোষণা করতে পারে। এরকম স্বাধীনতার ঘোষণা বিশ্বের বহু দেশ করেছে।
স্কাই নিউজ টেলিভিশনের সংবাদ উপস্থাপক ও সাংবাদিক মরন্যাগান অ্যালেক্স স্যামন্ডের সাক্ষাত্কার নেন। তাঁর প্রশ্নের উত্তরে স্যামন্ড আরও বলেন, আমরা গণভোটকে মেনে নিয়েছি। গণভোট সারা জীবনের জন্য একটা সুযোগ। তবে বিকল্প ব্যবস্থায় ব্রিটেন যদি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসে কিংবা স্কটিশ পার্লামেন্টের জন্য অধিক ক্ষমতা ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ না করে, তাহলে আমাদের অন্যান্য বিকল্প ব্যবস্থার কথা ভাবতে হবে। কেননা সময়, কাল এবং অবস্থা সকল সময়ই পরিবর্তন হয়ে থাকে। আগামীতে স্বাধীনতার ইস্যু আবারও সামনে আসবে। কারণ, ৫৫ বছর ও এর বেশি বয়স্ক বেশিরভাগ স্কটিশ গণভোটে তাঁদের মতামত দিয়েছেন স্বাধীনতার পক্ষে। তাই ওয়েস্টমিনিস্টারের দেয়ালে স্কলটল্যান্ডের স্বাধীনতা লিখিত হয়ে গেছে।
অবশ্য স্কটিশ লেবার পার্টির নেতা জোহান ল্যামন্ট অ্যালেক্স স্যামন্ডের এই বক্তব্যকে ক্যু-এর সঙ্গে তুলনা করেছেন।
বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে ব্রিটেনের শীর্ষ তিন নেতা স্বাক্ষর করে খোলা চিঠিতে স্কটল্যান্ডের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা এখন বাস্তবায়ন করাই হবে সবচাইতে কঠিন। কারণ, ব্রিটিশ এমপিরা আগে ভাগেই বলছেন, অধিক ক্ষমতা হলিরূড সরকারের স্কটিশ পার্লামেন্টে দেওয়া হয়ে গেলে ওয়েস্টমিনিস্টার সরকারের কোনো কার্যক্রমে স্কটিশ এমপিদের কোনো ভূমিকা থাকবে না। এই প্রশ্নেই নতুন করে বিতর্ক ও টানাপোড়েন শুরু হবে। এডিনবারা পার্লামেন্টের অধিক ক্ষমতার পাশাপাশি কেন্দ্রে অর্থাত্ ওয়েস্টমিনিস্টারেও স্কটিশ এমপিরা আগের মতো ভূমিকা ও প্রতিনিধিত্ব রাখতে চাইবেন। ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়ে গেলে কেন্দ্রে প্রতিনিধিত্ব শুধু নিধিরাম সর্দারের মতো নতুন সমস্যার সৃস্টি করবে। আবার কনজারভেটিভ ব্যাক বেঞ্চার ও লেবার এমপিদের পাশ কাটিয়ে ক্যামেরন, মিলিব্যান্ড ও নিক ক্লেগ কেমন করে ভেতরের সেই বিদ্রোহ প্রশমিত করবেন, তার ওপরও নির্ভর করছে অনেক কিছু।
বিশ্লেষকেরা আরও বলেছেন, স্কটল্যান্ডের গণভোটের সময় হ্যাঁ ও না ক্যাম্পেইনে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে এক ধরনের জাগরণী শক্তির উন্মেষ তারা দেখেছেন। উভয় ক্যাম্পেইনের বক্তব্য তাঁরা শুনেছেন। তাঁদের মনে হচ্ছে, আপাতত না-র পক্ষে কিছু বেশি ভোট নিয়ে ইউনিয়ন একীভূত থাকলেও এর প্রভাব অনেক দূর পর্যন্ত যাবে। ক্যামেরন, মিলিব্যান্ড ও নিক যে ভাবে প্রতিশ্রুতি দিয়েছেন, তা শুধুমাত্র স্কটল্যান্ডের জন্যে হলেই সমস্যার সমাধান হবে না। এই কার্যক্রম একই সঙ্গে ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডেও শুরু করতে হবে। না হলে নতুন নতুন সমস্যা সৃস্টি হবে।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিশ্লেষকদের মতে গণভোটর মাধ্যমে নতুন মাত্রার এক রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার ইঙ্গিত সুস্পষ্ট। ওয়েস্টমিনিস্টারকে এখন সকল পক্ষকে সঙ্গে নিয়ে স্কটিশ পার্লামেন্টের অধিক ক্ষমতা বাস্তবায়নের দিকে যেতে হবে। একই সঙ্গে ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের জন্যেও তা করতে হবে। ভিন্ন উপায়ে সমস্যাকে সমাধানের চেষ্টা কিংবা ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের সঙ্গে দ্বন্দ্ব সৃস্টি যে কোনো উগ্র পন্থাকে উস্কে দেবে।
এদিকে গণভোটের আগে প্রচারের সময় গর্ডন ব্রাউন অ্যালেক্স স্যামন্ড ও এসএনপি পার্টিকে মিথ্যেবাদী বলার পাশাপাশি জনগণকে ধোঁকা দেওয়ার অভিযোগ করেছিলেন। বিশ্লেষকরা বলছেন, এসএনপি ও ওয়েস্টমিনিস্টার সরকারের মধ্যে গোপন আলোচনা হয়েছিল। স্বচ্ছতার স্বার্থে এখন তা প্রকাশ করা উচিত্। এর ওপরও আগামীর রাজনীতি নির্ভর করছে। কারণ, অ্যালেক্স স্যামন্ডের এখনকার বক্তব্য সে কথারই নির্দেশ করছে।
সৈয়দ শাহ সেলিম আহমেদ
লন্ডন, যুক্তরাজ্য
স্কটল্যান্ড ঘুরে এসে