স্কটের অন্য অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্বোডিয়ার ব্যস্ত একটি শহর। পথের চারপাশে আবর্জনার স্তূপ। এরই ভেতর নগ্ন পায়ে কাজ করছে কিছু শিশু। ভাঙা কাচের টুকরো, শিশি বোতল পেরিয়ে তারা উঠে যাচ্ছে আবর্জনার পাহাড়ের ওপর থেকে ওপরে। বেশির ভাগ শিশুই ক্ষুধার্ত। রোদে পুড়ে কালচে হয়ে গেছে শরীরের চামড়া। পেটের দায়ে সারা দিন পরিশ্রম। কেউ কেউ আবার শরীরে বহন করছে মরণব্যাধি এইডসের জীবাণু। ময়লা নিতে আসা ট্রাকের চালকেরা ইচ্ছেমতো হাত তোলেন এই পথশিশুদের ওপর। কখনো কখনো মারাও যায় কেউ কেউ। কম্বোডিয়ার মানুষের জন্য এসব ঘটনা অতি স্বাভাবিক। এমন মৃত্যু নিয়ে খুব একটা বিচলিত নন কেউ। কম্বোডিয়ায় বেড়াতে এসে স্কট নিসনের চোখে ধরা পড়ে যায় এসব। মিন স্থির করে ফেলেন দুস্থ আর অসহায় শিশুগুলোর পাশে দাঁড়াবেন তিনি। এত্তটুকুন শিশুগুলোর কষ্ট আর সবার মতো উপেক্ষা করা সম্ভব নয় তাঁর পক্ষে। তাদের মধুমাখা হাসি, দুষ্টুমির জন্য বন্ধু, আত্মীয়স্বজনদের অনুরোধকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ শুরু করলেন তিনি কম্বোডিয়ান শিশু সংঘের সাথে। শুরু হলো অনুন্নত এক দেশে হলিউডের তরুণ পরিবেশক ও প্রযোজকের নতুন এক জীবন।ক.তাঁর বেতন মিলিয়ন ডলারেরও বেশি। সনি পিকচারসের মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেভারলি হিলসে পাচ্ছেন প্রাসাদের মতো এক বাড়ি। সেই সঙ্গে আছে পোর্শে ৯১১-এর মতো বিলাসবহুল গাড়ি আর অন্য আরও সুযোগ-সুবিধা। টম ক্রুজ, হ্যারিসন ফোর্ড, মেল গিবসনের সঙ্গে প্রায়ই পার্টিতে সময় কাটান তিনি। দারুণ এই জীবন ছেড়ে যখন কম্বোডিয়ায় গিয়ে শিশুদের সাহায্য করবেন বলে জানালেন সবাইকে, তখন অবাক হয়ে গেলেন বন্ধুরা। আরামের জীবন ছেড়ে এমন কাজ করাটা নিঃসন্দেহে সবার কাছে নির্বুদ্ধিতার শামিল। মাত্র ১৬ বছর বয়সে পড়াশোনার বাইরে একটি ছোট্ট কোম্পানিতে অ্যাসিসটেন্ট হিসেবে কাজ শুরু করেন স্কট। কঠোর পরিশ্রম করে ধীরে ধীরে হয়ে ওঠেন সিডনির একজন সেরা চলচ্চিত্র পরিবেশক। এরপর কাজ শুরু করা হয় হলিউডের জন্য। নিজের পরিশ্রম আর মেধা দিয়ে তিনি সফল হতে থাকেন প্রায় প্রতিটি কাজে। এসবের পরও খুশি হতে পারছিলেন না তিনি। একটানা কাজের পর ক্লান্তি চেপে ধরত তাঁকে। ভুগতেন মানসিক অবসাদে। এসব থেকে মুক্তির জন্য বন্ধুর পরামর্শে কাজ থেকে পাঁচ সপ্তাহের ছুটির নিয়ে বের হন বেড়াতে। বেড়ানোর জন্য বেছে নেওয়া হয় এশিয়া। মোটরসাইকেলে করে ঘোরা হয় জানা-অজানা অনেক জায়গায়। ঘুরতে ঘুরতেই কম্বোডিয়ায় এসে থমকে যেতে হয় তাঁকে। যে দারিদ্র্যের কথা শুনেছেন এতদিন, তাঁর ভয়ংকর এক রূপ চলে আসে চোখের সামনে। কম্বোডিয়ার পথে পথে ভিখারি, পথশিশু আর দরিদ্রদের ভিড় দেখে কষ্ট হয় স্কটের। বুঝলেন, নিজের বিলাসবহুল জীবন থেকে ছুটি নিয়ে এখানকার মানুষগুলোর জন্য কিছু করতে পারলেই মনের শান্তি মিলবে। সেসব ভেবেই শুরু হয় কাজ। দিন-রাত ভুলে অসহায় শিশুদের সাহায্যের জন্য কম্বোডিয়ার পথে ঘুরতে থাকেন স্কট নিসন। খ.শুরুতে বেছে নেওয়া হয় একটি শিশুকে। তার মা-বাবাকে দেওয়া হয় কিছু টাকা। ঘরের জন্য কিনে দেওয়া হয় রেফ্রিজারেটর। দুই সপ্তাহ পর দেখা যায় জুয়া খেলা এবং মদ খেয়ে সব টাকা নষ্ট করেছে পরিবারের লোকজন। বিক্রি করে দিয়েছে ফ্রিজটিও। স্কট নিসন বুঝতে পারেন, এভাবে সাহায্য করাটা ভুল হয়েছে তাঁর। বন্ধুর পরামর্শে চলে যান তিনি টিয়াং মিনচে নামের একটি জায়গায়। এখানেই বাস করে কম্বোডিয়ার সবচেয়ে অসহায় পথশিশুরা। শিক্ষার সুযোগ নেই তাদের কারও। কাছের মানুষদের আদর পায়নি কখনো তারা। বঞ্চনার শিকার এই শিশুগুলোর মধ্য থেকে শুরুতে রিথি এবং নিচকে স্কুলে ভর্তি করে দেন তিনি। কিনে দেন খাবার। শিশু দুটির ভুবন ভোলানো হাসিতে মুগ্ধ হন স্কট। কত অল্পতেই না খুশি হয় এরা। ফুরিয়ে আসছিল ছুটি। সবকিছু ছেড়ে আবার কর্মস্থলে ফিরল স্কট। ব্যস্ত হয়ে পড়লেন নিজের কাজ নিয়ে। কিন্তু সব ব্যস্ততার মধ্যেও মন পড়ে রইল কম্বোডিয়ার সেই শিশুদের কাছে। ২০০৪ সালে শিশুদের জন্য মাত্র এক লাখ ডলার দিয়ে কাজ শুরু করেন স্কট। ৪৫টি শিশুকে নিয়ে কাজ শুরু হলেও প্রথম বছর শেষে এ সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ায় ১০০-তে। দ্বিতীয় বছর শেষে এ সংখ্যা হয় ২০০। সবার জন্য ব্যবস্থা করা হয় পর্যাপ্ত খাবার, কাপড় এবং শিক্ষার। বর্তমানে এখানে শিশুদের জন্য কাজ করছেন ৪৭ জন কর্মী। ৪০০-এর ওপর শিশুর জন্য এখানে রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসেবা পাওয়ার সুবিধা। ‘নিজের কাজে সন্তুষ্ট আমি। তবে এটা মাত্র শুরু। সব শিশু সুখে থাকুক, এটাই চাওয়া। শিশুরা ঠিক থাকলেই আমার শান্তি।’ নিজের কাজ সম্পর্কে এভাবেই বলছিলেন স্কট নিসন। আর তাই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি। ঘড়ির কাঁটা ১২টা ছুঁই ছুঁই। কম্বোডিয়া শিশু সংঘের ছয় বছরের একটি শিশু ছাড়া জেগে আছে আর সবাই। কিছুক্ষণ পরেই শিশুটির জন্মদিনের অনুষ্ঠান। এর আগে কখনো কেউ এই শিশুটির জন্মদিন নিয়ে ভাবেনি। এসব জেনে স্কট আয়োজন করেছেন সবকিছুর। সময় হতেই শিশুটিকে জাগায় সবাই। তাকে ঘিরে ধরে কাটা হয় কেক। ঘুম ঘুম চোখ নিয়ে কেক কাটে শিশুটি। সবকিছু স্বপ্নের মতো মনে হয়। আনন্দে চিৎকার করে কেঁদে কেঁদে সে শুধু বলতে থাকে, ‘শুভ জন্মদিন আমার। শুভ জন্মদিন।’ এ কান্না দেখে স্কট বোঝেন যে স্বপ্ন পূরণ হচ্ছে তাঁর। ছোট্ট ছোট্ট কচি মুখগুলোর বড় দুঃখগুলোকে মুছে দেওয়ার স্বপ্ন...।রিডার্স ডাইজেস্ট অবলম্বনে কিঙ্কর আহ্সান