স্কিটির বিক্রয় ব্যবস্থাপনা কোর্স

যেকোনো প্রতিষ্ঠানের জন্য তার বাজার ধরে রাখা এবং সুনাম বজায় রাখার জন্য সঠিক এবং মানসম্পন্ন পণ্য উৎপাদন করা যেমন জরুরি, তেমনি সমানভাবে জরুরি উৎপাদিত পণ্যের সঠিক বিপণন এবং বিক্রয়ের প্রসার ঘটানো। কিন্তু সঠিকভাবে সময়মতো পণ্যের বিপণন ও বিক্রয় ব্যবস্থাপনার কাজটি করা মোটেও সহজসাধ্য নয়। পণ্য বিপণনের দুরূহ কাজটি যাঁরা করে থাকেন, সে জন্য তাঁদের থাকা চাই দক্ষতা, আত্মবিশ্বাস এবং সঠিক প্রশিক্ষণ। একই সেক্টরে বেশ কয়েক বছর কাজ করে কর্মক্ষেত্রে দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানো গেলেও কখনো কখনো শুধু পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে মুখ থুবড়ে পড়তে হয়। আর তাই যাঁরা বিপণন পরিকল্পনা প্রণয়ন, বিক্রয় ব্যবস্থাপনা, বিক্রয় প্রসার ইত্যাদি বিষয় নিয়ে কাজ করেন বা করতে আগ্রহী, তাঁদের জন্যই ১৭ থেকে ২১ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনব্যাপী ‘বিক্রয় ব্যবস্থাপনা, বিক্রয় প্রসার ও বিপণন পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে ক্ষুদ্র ও কুটির শিল্প ইনস্টিটিউট (স্কিটি)। স্কিটির এই কোর্সটি করতে পারবেন নারী-পুরুষ উভয়েই।
কোর্সের বিষয়বস্তু
বিক্রয় ব্যবস্থাপনা, বিক্রয় প্রসার ও বিপণন পরিকল্পনা প্রণয়ন কোর্সের অধীনে যে বিষয়গুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হবে সেগুলো হলো বিপণন ব্যবস্থাপনা ও এর গুরুত্ব, বাজার বিভক্তকরণ, বিপণন মিশ্রণ, পণ্যের চাহিদা নিরূপণ, চাহিদার পূর্বাভাস ও বিক্রয় পূর্বাভাস, পণ্য উন্নয়ন কৌশল, মূল্য নির্ধারণ-প্রক্রিয়া, বণ্টনপ্রণালি, বিক্রয় প্রসারের বিভিন্ন কলাকৌশল, প্রচারমাধ্যম নির্বাচন, নিজের বিপণন ব্যবস্থাপনার সবল ও দুর্বল দিক, সুযোগ এবং ভীতি নির্ণয় ও মোকাবিলা, বাজার গবেষণা, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, বাজার জরিপ, প্রকল্পের বিপণন দিক বিশ্লেষণ ও মূল্যায়ন, বিপণন পরিকল্পনা প্রস্তুতকরণ ইত্যাদি। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ এপ্রিল।
আবেদনের যোগ্যতা: বিক্রয় ব্যবস্থাপনা, বিক্রয় প্রসার ও বিপণন পরিকল্পনা প্রণয়ন কোর্সে আবেদনের জন্য আবেদনকারীকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে।
আবেদনের পদ্ধতি এবং ক্লাসের নিয়মাবলি
আবেদনকারীকে ১৭ এপ্রিল সকাল সাড়ে নয়টার মধ্যে অফিসে এসে আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংযুক্তি হিসেবে দিতে হবে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, এক কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। সঠিকভাবে ফরম পূরণ ও কোর্স ফি জমা দেওয়ার পর ক্লাস শুরু হবে ১৭ এপ্রিল সকাল ১০টা থেকে।
খরচাপাতি ও অন্যান্য সুযোগ-সুবিধা: পাঁচ দিনব্যাপী ‘বিক্রয় ব্যবস্থাপনা, বিক্রয় প্রসার ও বিপণন পরিকল্পনা প্রণয়ন’ কোর্সটি করতে একজন প্রশিক্ষণার্থীর মোট খরচ পড়বে এক হাজার টাকা। প্রশিক্ষণার্থীদের জন্য প্রশিক্ষণ চলাকালীন নিজ খরচে স্বল্পমূল্যে ডরমিটরিতে থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে।
যোগাযোগের ঠিকানা
ক্ষুদ্র ও কুটির শিল্প ইনস্টিটিউট (স্কিটি)
প্লট ২৪/এ, রোড ১৩/এ, সেক্টর ৬, স্কিটি, উত্তরা, ঢাকা-১২৩০।
মুঠোফোন ০১৯১৮-৯৫৬৯৮৫, ৫৮৯৫৬৭৫৬, ০১৮১৮-৫০২৫৩০