স্কিটির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোর্স

যেকোনো প্রতিষ্ঠানের সাফল্য, বিকাশ ও উন্নয়ন নির্ভর করে তার দক্ষ জনশক্তির ওপর, আর এই সাফল্য অর্জিত হয় কর্মীদের সঠিকভাবে গড়ে তোলা এবং দক্ষতার সঙ্গে পরিচালনার ওপর। কিন্তু হাজারো প্রার্থীর ভিড় থেকে দক্ষ কর্মী বাছাই করা এবং প্রতিষ্ঠানের স্বার্থে তার সর্বোত্তম ব্যবহারের কাজটি মোটেও সহজ নয়। প্রতিষ্ঠানের হয়ে এই গুরুত্বপূর্ণ কাজটিই করে থাকেন মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তারা। ক্রমবর্ধমান পরিবর্তনশীল বিভিন্ন খাতে মানবসম্পদ ব্যবস্থাপনা একটি জটিল ও দুরূহ কাজ। এই সমস্যায় সবচেয়ে বেশি পড়তে হয়, যাঁরা বিভিন্ন অফিসে কাজ করে থাকেন তাঁরা। সে কথা বিবেচনা করেই ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’ কোর্সের আয়োজন করেছে ক্ষুদ্র ও কুটিরশিল্প ইনস্টিটিউট (স্কিটি)। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ সেপ্টেম্বর।
কোর্সের বিষয়বস্তু: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোর্সের অধীনে যে বিষয়গুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হবে সেগুলো হলো মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন, এইচআর প্ল্যানিং, কর্মী নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ পদ্ধতি, শ্রমিক অসন্তোষ নিরসন, শ্রমিক সংঘ, মানবিক আচরণ, সোশ্যাল কমপ্লায়েন্স, জাতীয় শুদ্ধাচার কৌশল, কর্মী মূল্যায়ন ইত্যাদি।
আবেদনের যোগ্যতা: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোর্সে আবেদনের জন্য আবেদনকারীকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। তবে আবেদনের ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি এবং ক্লাসের নিয়মাবলি: আবেদনকারীকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে অফিসে এসে আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংযুক্তি হিসেবে দিতে হবে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ ও এক কপি ছবি। আবেদনকারীদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রশিক্ষণার্থী বাছাই করা হবে। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সেদিনই টাকা জমা দিতে হবে এবং সেদিন থেকেই কোর্সের ক্লাস শুরু হবে।
খরচাপাতি ও অন্যান্য সুযোগ-সুবিধা: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোর্সটি করতে একজন প্রশিক্ষণার্থীর মোট খরচ পড়বে ২০০০ টাকা। প্রশিক্ষণ চলাকালীন নিজ খরচে স্বল্পমূল্যে ডরমিটরিতে থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে প্রশিক্ষণার্থীদের।
যোগাযোগের ঠিকানা: ক্ষুদ্র ও কুটিরশিল্প ইনস্টিটিউট (স্কিটি), প্লট: ২৪/এ, রোড: ১৩/এ, সেক্টর-৬, স্কিটি, উত্তরা, ঢাকা-১২৩০। ০১৯৫৯৩৯৬০৭৭, ০১৭১৮৭৭০৯৭৫, ৭৯১৪০৯৬।