কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং সেচ প্রকল্পের আওতাধীন সোনাঘোনা ছড়ার (খাল) ওপর নির্মিত বাঁধের পানি সরবরাহ নিয়ে বিপাকে পড়েছেন শতাধিক চাষি। পানি সরবরাহ না পাওয়ায় খালের দুই পাশের প্রায় পাঁচ একর জমির বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সেচ প্রকল্প পরিচালনার দায়িত্ব পালনকারী স্কিম ব্যবস্থাপক পদ নিয়ে দুই ব্যক্তির বিরোধের জের ধরে মামলার কারণে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
স্থানীয় চাষি রশিদ আহমদ ও দুুদু মিয়া বলেন, সরকার অনুমোদিত কৃষি বিভাগের সেচ প্রকল্পের আওতায় সোনাঘোনা ছড়ার পানি দিয়ে স্থানীয় কয়েক শ কৃষক প্রতিবছর শীত মৌসুমে ধানসহ নানা ফসলের চাষ করে আসছেন। সম্প্রতি শতাধিক কৃষক প্রায় পাঁচ একর জমিতে বোরো ধানের বীজতলা সৃজন করেন। কিন্তু তিন সপ্তাহ আগে থেকে পানি সরবরাহ বন্ধ রাখায় বীজতলার ক্ষতি হচ্ছে। অনিশ্চিত হয়ে পড়েছে বোরো চাষ।
চাষিরা বলেন, পূর্ব হলদিয়া পাতাবাড়ী গ্রামের জালাল আহমদ এর অাগে সেচ প্রকল্পের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। নানা কারণে তাঁকে পদ থেকে সরিয়ে দিয়ে অলি আহমদ নামের আরেকজন কৃষককে ব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে জালাল আহমদ খালে মাটির বাঁধ দিয়ে বীজতলায় পানি সরবরাহ বন্ধ করে দেন।
আবুল কালাম নামে একজন চাষি বলেন, এখন বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপণের সময় হয়েছে। কিন্তু পানি সরবরাহ বন্ধ থাকায় সেই কাজটি করা যাচ্ছে না। অন্যদিকে, বীজতলা মরে লালচে রং ধারণ করছে। এ ক্ষেত্রে চাষিরা কোনো সহযোগিতা পাচ্ছেন না।
স্কিম ব্যবস্থাপক অলি আহমদ বলেন, চাষিরা সিদ্ধান্ত নিয়ে আমাকে সেচ প্রকল্পটি পরিচালনার দায়িত্ব দিয়েছেন। চাষিদের টাকায় সেচ প্রকল্পের ব্যয় নির্বাহ করা হয়। কিন্তু বাঁধ দিয়ে পানি সরবরাহ বন্ধ করায় তিনি দায়িত্ব পালন করতে পারছেন না। এ অবস্থা চলতে থাকলে প্রায় ৫০ একর বোরোসহ বিপুল পরিমাণ শাকসবজি চাষ অনিশ্চিত হয়ে পড়বে।
উপজেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, জালাল আহমদ শতাধিক কৃষককে জিম্মি করে দাবি আদায় করার চেষ্টায় করছেন। এ ঘটনায় এলাকার ক্ষুব্ধ কৃষকেরা তাঁর বিরুদ্ধে কক্সবাজার আদালতে একটি মামলা করেছে। মামলাটি উখিয়া থানার পুলিশ তদন্ত করছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, জালাল আহমদের বিরুদ্ধে আদালতে করা মামলাটি তদন্ত প্রায় শেষ পর্যায়ে।
এ প্রসঙ্গে সাবেক স্কিম ব্যবস্থাপক জালাল আহমদ বলেন, স্কিমের আওতায় চাষাবাদের সুযোগ থেকে তাঁকে বঞ্চিত করার জন্য কিছু চাষি তাঁর বিরুদ্ধে অন্যায়ভাবে আদালতে মামলা করেছেন। তাই তিনি পানি সরবরাহ বন্ধ করে দিয়েছেন। আদালতের সিদ্ধান্তে পানি সরবরাহ দেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, পানি সরবরাহ বন্ধ থাকায় চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পানি সরবরাহ যাঁরা বন্ধ করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।