স্কুটিতে চেপে দেশ দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই চার নারী স্কুটিতে চেপে বাংলাদেশ দেখতে বের হয়েছেন l ছবি: সংগৃহীত
এই চার নারী স্কুটিতে চেপে বাংলাদেশ দেখতে বের হয়েছেন l ছবি: সংগৃহীত

ঘুরে বেড়ানোর ঝোঁক তাঁদের বেশ পুরোনো। একটু ফুরসত পেলেই ব্যাকপ্যাক কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়তেন সাকিয়া হক ও মানসী সাহা। ঘুরে বেড়ানোর গল্পের মতো তাঁদের বন্ধুত্বের গল্পও পুরোনো। দুজন মিলেই গড়েছেন ভ্রমণপ্রিয় নারীদের সংগঠন ট্রাভেলেটস অব বাংলাদেশ।
এবার দুই বন্ধু পা বাড়িয়েছেন সারা দেশ ঘুরতে। তাঁদের ভ্রমণ-স্লোগান ‘নারীর চোখে বাংলাদেশ’। সাকিয়া ও মানসীর সঙ্গে ভ্রমণসারথি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুন্নাহার ও ইডেন মহিলা কলেজের নাজমুন নাহার। তবে সাকিয়া ও মানসী ছাড়া বাকি দুজন থাকছেন শুধু প্রথম পর্বেই। ৬ এপ্রিল সকালে এই চারজন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে যাত্রা শুরু করেন। যাত্রাবাড়ী ফ্লাইওভার, কাঁচপুর ব্রিজ পেরিয়ে তাঁরা পৌঁছান নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। সেখানে ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের মেয়েদের সঙ্গে তাঁরা মতবিনিময় করেন। তাদের সমস্যার কথা শোনেন। দুই দিন ধরে ঘুরে বেড়ান ব্রাহ্মণপাড়া হস্তশিল্প, সদাসদি ভূঁইয়াবাড়ি, লোতাব্দি কাতানপল্লি, বাটিকগ্রাম, সাতগ্রাম জমিদার বাড়িসহ নানা জায়গায়। আড়াইহাজার থেকে রামচন্দ্রপুর ফেরি পার হয়ে ৮ এপ্রিল চলে যান কুমিল্লার মুরাদনগর। এভাবেই এগিয়ে চলছে তাঁদের দেশ দেখা। যাত্রাসঙ্গী দুটি স্কুটি। সাকিয়া ও মানসী দুজনই ঢাকা মেডিকেল কলেজে চূড়ান্ত পর্বের পরীক্ষা শেষ করেছেন। অল্প কিছুদিন পরই শুরু হবে ইন্টার্নশিপ। তবে ইন্টার্নশিপের আগেই পা বাড়ালেন দেশ দেখায়। এবার শুধু নিসর্গে নিমগ্ন থাকা নয়, তার সঙ্গে কাঁধে নিয়েছেন সামাজিক দায়িত্বও।
সাকিয়া জানালেন, এটা তাঁদের প্রথম ধাপ। এই ধাপে তাঁরা নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ঘুরে দেখছেন। নিজেদের কাজের ফাঁকে তাঁরা সময় করে বেরোবেন। তবে পুরো ভ্রমণ শেষ করবেন ৩৬৫ দিনের মধ্যেই।
তাঁর সঙ্গে কথা হচ্ছিল ৯ এপ্রিল। তাঁদের গন্তব্য তখন নোয়াখালীর কোম্পানীগঞ্জ হয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা। সেখানে কসবা বালিকা বিদ্যালয়ে মতবিনিময় করবেন। এরপর চষে বেড়াবেন পুরো কসবা।
বছরজুড়ে তাঁরা প্রতিটি জেলার দর্শনীয় ও ঐতিহাসিক স্থান তো ঘুরে দেখবেনই, সেই সঙ্গে কথা বলবেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে। এই যাত্রায় হাজির হচ্ছেন প্রতিটি জেলার অন্তত একটি স্কুলে। সেখানে মেয়েদের জন্য আয়োজন করা হয় সেমিনার। স্কুলপড়ুয়া মেয়েদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যা, স্বাস্থ্যসচেতনতা, আত্মরক্ষা, ভ্রমণসহ নানা বিষয়ে খোলাখুলি কথা বলেন, তাঁরা নিজেদের ভ্রমণ অভিজ্ঞতাও শোনান। নিজেরা শোনেন স্কুলপড়ুয়া মেয়েদের সমস্যার কথা, দেন সমাধান।
সাকিয়া বলেন, ‘স্কুটিতে প্রথম যাত্রা বলে আমরা অপেক্ষাকৃত পরিচিত তিনটি জেলা নির্বাচন করেছি, যেখানে আমাদের পরিচিত মানুষের সহযোগিতা পাওয়া যাবে। এবারের ভ্রমণ অভিজ্ঞতা নিয়েই আমরা সারা দেশের ভ্রমণ পরিকল্পনা সাজাব।’ পরিচিত মানুষের সহযোগিতা নিয়েই তাঁরা তিন জেলার ভ্রমণ পরিকল্পনা সাজিয়েছেন। মতবিনিময় করেছেনও তাঁদের সহযোগিতায়।
প্রতিদিন তাঁরা সকাল থেকেই বেরিয়ে পড়েন। প্রথমে কোনো একটি স্কুলের মেয়েদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর স্কুটি হাঁকিয়ে ঘুরে বেড়ান সে এলাকা।
কিছুদিন আগে তাঁরা স্কুটি দুটি পেয়েছেন কর্ণফুলী স্কুটির সৌজন্যে। তাঁদের ভ্রমণ পরিকল্পনা শুনেই প্রতিষ্ঠানটি এগিয়ে আসে। তখনো দুজনের একজনও ঠিকমতো স্কুটি চালাতে পারেন না। তবে দিন গড়াতেই মাঠ কিংবা ফাঁকা জায়গায় নির্ঝঞ্ঝাট চালাতে শিখলেন। কিন্তু রাজপথে নামলেই বিপদ! রাজধানীর রাস্তায় মনের জোরে চালালেনও কিছুদিন। একটু একটু করে হাত পাকিয়ে বেরিয়ে পড়লেন দেশের পথে।
মানসী সাহা বলছিলেন, ঘুরতে ঘুরতে বিচিত্র সব অভিজ্ঞতা হচ্ছে, যার অধিকাংশই ইতিবাচক। চারজন মেয়ে স্কুটি চালাচ্ছে দেখে পথে অনেকে হাঁ করে চেয়ে থাকেন। আবার অনেকেই বাহবা দেন তাঁদের সাহসের, উদ্যোগের জন্য।
তাঁরা দিনভর ঘুরে রাতে থাকতেন পরিচিত কারও বাসা কিংবা জেলা সার্কিট হাউসে। আজ ১১ এপ্রিল তাঁদের প্রথম ধাপের ভ্রমণ শেষ হচ্ছে। দুপুরে কুমিল্লা থেকে পথ ধরবেন ঢাকা ফেরার।