স্কুল আর সিনেমা হল
ভাবছি সেই শিশুদের কথা, যারা ক্লাস করতে করতেই টের পায়, একটু পরেই বিদায় নিতে হবে। দুপুরের পর ক্লাসরুমে থাকাটা একেবারেই নিরাপদ নয়। কারণ, এরপর সচল হবে সিনেমা হল। সিনেমা শুরু হলেই প্রেক্ষাগৃহ থেকে ছুটে আসবে আওয়াজ, সেই আওয়াজে পড়াশোনা চালিয়ে যাওয়ার কোনো উপায়ই আর থাকবে না।সিরাজগঞ্জের বড় চামতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা বলা হচ্ছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে স্কুলের ভবনটি। কয়েক দফা স্থানান্তরের পর শেষ পর্যন্ত তার ঠাঁই হলো কৈজুরী ইউনিয়নের জামিরতা বাজারে। বাজারের পাশেই সিনেমা হল। সুতরাং, ওদের জন্য দুপুর দুইটায় ছুটি ছাড়া আর গত্যন্তর নেই।একটু চাইলেই কিন্তু এ সমস্যার সমাধান হয়ে যায়। যে জায়গায় ছিল স্কুল, সেখানে আবার উঠেছে চর। এখন সেখানে স্কুলটিকে নিয়ে গেলে শিশুরা ক্লাস করতে পারবে ঠিকমতো। কিন্তু প্রভাবশালীদের বাধা আর আমলাতান্ত্রিক জটিলতা সেটা হতে দিচ্ছে না। আচ্ছা, যেই প্রভাবশালী মহল আর আমলাতন্ত্রের কথা বলা হয়েছে ২৯ নভেম্বর প্রথম আলোর বিশাল বাংলায় ছাপা হওয়া খবরটিতে, তারা কি তাদের সন্তানদের কথা ভাবে না? সিনেমা হল ও বিদ্যালয়ের দূরত্ব কতটা হওয়া উচিত, সেটাও জানে না? তা ছাড়া একই জায়গায় যেখানে আছে পাঁচটি স্কুল, সেখানে জেগে ওঠা চর এলাকার তিন কিলোমিটারের মধ্যে কোনো স্কুল নেই—এই তথ্যও কি তাদের বিবেচনাবোধকে নাড়া দেয় না?খবরটি পড়ে খারাপ লাগে। হায়! আমরা আমাদের শিশুদের কতটাই না অবহেলা করি!জাহীদ রেজা নূর