স্কুল ছেড়ে যখন 'প্রিন্সেস অব পপ'

স্কুলছুটদের তালিকায় খুবই আলোচিত নাম ক্রিস্টিনা অ্যাগুইলেরা। গান, লেখালেখি, নাচ, অভিনয়—সব অঙ্গনেই তিনি আছেন। কৈশোরে ‘পপ রাজকন্যা’ তকমা পাওয়া ক্রিস্টিনা এরই মধ্যে পাঁচ-পাঁচবার গ্র্যামি পুরস্কার জিতেছেন। ২০১৩ সালে টাইম ম্যাগাজিন ক্রিস্টিনাকে পৃথিবীর ১০০ প্রভাবশালী ব্যক্তির একজন হিসেবে ঘোষণা করে।
তাঁর মা ছিলেন গায়িকা, সেই টানেই গানের দুনিয়াতে পা রাখেন। বাবা ছিলেন সেনাসদস্য। বাবার চাকরির সুবাদে কখনো নিউ জার্সি, কখনো টেক্সাস, কখনো নিউইয়র্ক আবার কখনো জাপানে তাঁর শৈশব কেটেছে। স্কুলে পড়ার সময় থেকেই কণ্ঠস্বরের বৈচিত্র্য দিয়ে নিজেকে চিনিয়েছেন। আট বছর বয়সে প্রথম গানের জন্য একটি প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিলেন। এরপর একে একে অংশ নিয়েছেন বেশ কয়েকটি টিভি রিয়েলিটি শোতে। ১২ বছর বয়স পর্যন্ত স্কুলের নিয়মিত ছাত্রীর তালিকায় নাম ছিল। কিন্তু হাইস্কুলে পড়ার সময় থেকে পড়ালেখায় ছেদ পড়ে। মা ক্রিস্টিনাকে বাড়িতে পড়ার সুযোগ করে দেন। স্কুল ছাড়ার এক বছরের মধ্যে শিশুশিল্পী হিসেবে টিভি সিরিয়ালে অংশ নিতে শুরু করেন তিনি।
সূত্র: ইয়াহু মুভিজ
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান