উদ্যোক্তা দুনিয়ার বেশ আলোচিত মুখ স্যাম অল্টম্যান। এয়ারবিএনবি, ড্রপবক্স আর রেডিট, পিন্টারেস্টের মতো নামী স্টার্টআপগুলোতে প্রথম দিককার বিনিয়োগকারীদের একজন স্যাম। নিজে ছিলেন বিশ্ববিদ্যালয় ড্রপআউট, তাই বোধ হয় ড্রপআউট আর অদ্ভুত সব উদ্যোগের পেছনেই অর্থ বিনিয়োগ করেন তিনি। যুক্তরাষ্ট্রের মিসৌরীর জন বারোজ স্কুল থেকে পড়াশোনা শেষ করে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। আট বছর বয়সে প্রথম কম্পিউটার উপহার পেয়েছিলেন, এরপর থেকেই সেই নেশায় বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়াশোনার চেষ্টা করেন তিনি। ২০০৫ সালে হুট করে কী মনে হলো, ছেড়ে দিলেন পড়াশোনা। নাম লেখালেন ড্রপআউটদের তালিকায় আর শুরু করলেন নানান ঘরানার স্টার্টআপ নিয়ে কাজ। আলোচিত স্টার্টআপ অ্যাকসেলেটর-ইনকিউবেটর কোম্পানি ওয়াই-কম্বিনেটরের সঙ্গে কাজ শুরু করেন। যেই বিশ্ববিদ্যালয় থেকে ড্রপআউট হয়েছিলেন, সেই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালে হাউ টু স্টার্ট আ স্টার্টআপ নামে ক্লাস নেওয়া শুরু করেন তিনি। ২০১৪ সালে মাত্র আট দিনের জন্য রেডিটের সিইও হিসেবেও কাজ করেছেন তিনি। ২০১৫ সালে ফোর্বস ম্যাগাজিন তাঁকে ৩০ বছরের কমবয়সী সেরা বিনিয়োগকারীদের একজন হিসেবে স্বীকৃতি দেয়।
টেকক্রাঞ্চ অবলম্বনে