স্কুল ভবনের ওপর বৈদ্যুতিক লাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালী ঘাগড়া বালিকা উচ্চবিদ্যালয়ের ছাদের ওপর দিয়ে টানা ১১ ও ৩৩ হাজার কেভির দুটি বৈদ্যুতিক সঞ্চালন লাইন সরিয়ে নিচ্ছে না কর্তৃপক্ষ। ছাদের ফল্স কলামের (অতিরিক্ত রড) উন্মুক্ত লোহার সঙ্গে এসব লাইনের ঝুলে পড়া তার (কেব্ল্) প্রায় ছুঁইছুঁই অবস্থায় রয়েছে। হাত বাড়ালেই স্পর্শ করা যায়। তাই যেকোনো সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়ের সাড়ে তিন শ ছাত্রী। অভিযোগ উঠেছে—গত ছয় বছর ধরে বিদ্যুৎ বিভাগে চিঠি চালাচালি করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এমনকি পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশও আমলে নিচ্ছে না রাঙামাটির বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের ছাদের ওপর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে চলে গেছে ১১ ও ৩৩ হাজার কেভির দুটি লাইন। লাইন দুটির নিচেই নির্মাণ করা হয়েছে বিদ্যালয়ের নতুন ভবন। ছাদের ফল্স কলামের উন্মুক্ত লোহার কাছে ঝুলে পড়া বিদ্যুতের তার হাত বাড়ালেই স্পর্শ করা যায়। লাইন দুটি কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র থেকে এসে রাঙামাটি জেলার সঙ্গে যুক্ত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ঘাগড়া বাজার এলাকায় ২০০০ সালে বিদ্যালয়টি স্থাপন করা হয়। ২০০৪ সালে রাঙামাটি জেলা পরিষদ ৪৩ লাখ টাকা ব্যয় করে দেড় শ ফুট দৈর্ঘ্যের দুটি একতলা ভবন নির্মাণ করে। এ ভবনেই এখন সাড়ে তিন শ ছাত্রীকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পাঠদান করা হচ্ছে।কেন বিদ্যুৎ লাইনের নিচে বিদ্যালয়ভবন নির্মাণ করা হলো—এমন প্রশ্নের জবাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর্শে মারমা বলেন, ‘সে সময়কার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) রাঙামাটি নির্বাহী প্রকৌশলী সুজিত চাকমার সঙ্গে পরামর্শ করেই বিদ্যালয়টি স্থাপন করা হয়েছিল। মাত্র তিনটি খুঁটি পাশে সরিয়ে নিলেই কোনো সমস্যা হতো না। এ ব্যাপারে তাঁর মৌখিক সম্মতির ভিত্তিতে বিদ্যুৎ লাইন দুটি সরিয়ে নিতে ২০০৪ সালেই চিঠি দিয়েছি। কিন্তু ছয় বছর ধরে বিদ্যুৎ কার্যালয়ে ধরনা দিলেও কোনো কাজ হয়নি। ’ তিনি আরও জানান, লাইন দুটি স্থানান্তরের জন্য ইতিমধ্যে রাঙামাটি জেলা পরিষদও বিদ্যুৎ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার লাইন দুটি সরিয়ে নিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাঙামাটি নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন। কিন্তু এখন পর্যন্ত তাঁরা কোনো ব্যবস্থা নেননি। বিদ্যালয়ের শিক্ষার্থী সুপ্রভা চাকমা ও স্মৃতি চাকমা বলল, ‘বিদ্যুতের তার থাকায় আতঙ্কে আমরা কেউ জানালার গ্রিল স্পর্শ করি না। স্যারেরাও ছাদে উঠতে দেন না।’ অভিভাবক সুমা চাকমা ও মায়াধন চাকমা বলেন, ‘সন্তানকে বিদ্যালয়ে পাঠিয়ে সব সময় আতঙ্কে থাকি, কখন দুর্ঘটনার খবর আসে।’এ বিষয়ে বিউবোর রাঙামাটি নির্বাহী প্রকৌশলী দীপক খীসার মুঠোফোনে ও বিউবো কার্যালয়ের টেলিফোনে একাধিকবার যোগাযোগ করলেও কেউ ফোন ধরেননি। তবে কাউখালী উপজেলা বিদ্যুৎ বিতরণকেন্দ্রের আবাসিক প্রকৌশলী সুভাষ কান্তি চৌধুরী জানান, তিনটি খুঁটি সরাতে প্রায় এক লাখ টাকা লাগতে পারে। এ টাকা বিদ্যালয় কর্তৃপক্ষ সরবরাহ করলে অথবা রাঙামাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটাকে বিপজ্জনক লাইন ঘোষণা করে রক্ষণাবেক্ষণ খাত থেকে অর্থবরাদ্দ দিলে কাজটা হতে পারে।