স্কুল শিক্ষার্থীরাই বানাবে সফটওয়্যার ও গেম!

ব্ল্যাকবোর্ডে ইংরেজি হরফের ‘খটমট’ কিছু শব্দ ও সংকেত। বীজগণিতের সঙ্গে মেলে, আবার কোথায় যেন অমিল। চট করে বুঝে ওঠা কঠিন। অথচ ব্ল্যাকবোর্ডের সামনে বসা মুখগুলো দিব্যি এ নিয়ে আলোচনায় মত্ত। ফাঁকে ফাঁকে িশক্ষকের করা প্রশ্নের উত্তর দিচ্ছে। ছাত্র-শিক্ষকের আলোচনায় একের পর এক সমাধান। শিক্ষকের চোখে তৃপ্তির আভা। এমন কাঠখোট্টা বিষয়ও যেন আনন্দ নিয়ে পড়ছে শিক্ষার্থীরা। বলছিলাম আউটসবুক প্রোগ্রামিং পাঠশালার কথা। আর ‘খটমট’ শব্দ ও সংকেত প্রোগ্রামিংয়ের ভাষা।
আউটসবুক তরুণদের একটি সংগঠন। যাঁরা স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে পারদর্শী করতে মাঠে নেমেছেন। তাঁদের স্বপ্ন, একদিন স্কুল শিক্ষার্থীরাই বানাবে নতুন নতুন সফটওয়্যার ও গেম। এর অংশ হিসেবে প্রোগ্রামিং পাঠশালা শুরু। যেখানে বিনা মূল্যে শিক্ষার্থীদের সফটওয়্যার তৈরি থেকে শুরু করে প্রোগ্রামিংয়ের সবকিছু পড়ানো হয়।
৮ জানুয়ারি পাঠশালার পাঠদান চলার সময় নগরের কদম মোবারক এম ওয়াই উচ্চবিদ্যালয়ে গেলে কথা হয় বিদ্যালয়ের মূল উদ্যোক্তা শাহীন মোহাম্মদ ফারুকের সঙ্গে। তখন স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে প্রাথমিক পাঠ দিচ্ছিলেন। শ্রেণিকক্ষে জনা বিশেক শিক্ষার্থী। তাঁদের প্রোগ্রামিংয়ের একটি সমস্যা সমাধান করতে দিয়ে আলাপের শুরু।
শাহীন শুরু করেন গোড়া থেকে—‘সময়টা ছিল ২০০৯ সাল। আমি তখন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের স্নাতকের ছাত্র। কোনো ধারণা ছিল না বলে পড়ার সময় বেশ বেগ পেতে হচ্ছিল। অথচ প্রোগ্রামিং সম্পর্কে প্রাথমিক ধারণা থাকলে এই অবস্থা হতো না। তখনই প্রোগ্রামিংয়ের একটি স্কুল করার কথা মাথায় আসে। আরও কয়েকজন বন্ধুকে নিয়ে পটিয়া, চন্দনাইশ ও সাতকানিয়ার গ্রামে গ্রামে গিয়ে প্রোগ্রামিং শেখানো শুরু করি। দেখলাম শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে আগ্রহ রয়েছে। তারা একটি সফটওয়্যার কীভাবে বানায়, কিংবা একটি গেমস তৈরিতে কী কী লাগে এসব জানতে চায়। বছর খানেক চলার পর এই কার্যক্রম বন্ধ হয়ে যায়। কিন্তু আমি হাল ছাড়িনি। স্নাতক শেষে একটি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার পর আবার চেষ্টা করতে থাকি বিদ্যালয় চালুর। ২০১২ সালের দিকে শিক্ষার্থীদের জন্য আউটসবুক নাম দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করি। তাতে ভালো সাড়া পাওয়া যায়। এর মধ্যে সাহায্যের হাত বাড়ান পরিচিত জনেরা। মনের জোর আরও বেড়ে যায়। শেষে ২০১৫ সালের ১৪ আগস্ট পুরোদমে বিদ্যালয়ের যাত্রা। এবার বড় পরিসরে।’
বর্তমানে আউটসবুকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ২৫০ জন শিক্ষার্থী রয়েছে। প্রতি শুক্রবার সময় ভাগ করে পাঠদান চলে কদম মোবারক এম ওয়াই উচ্চবিদ্যালয়ে। এ ছাড়া আউটসবুকের নিজস্ব প্রোগ্রামিং সাইট রয়েছে যেখানে নিয়মিত অনুশীলনের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং সমস্যা দেওয়া আছে। অনেকে এতে অংশ নিচ্ছে। প্রোগ্রামিং সমস্যাগুলো স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপযোগী করে দেওয়া। যাতে তারা খুব সহজেই তা বুঝতে পারে এবং সমাধানে আগ্রহ দেখায়। এতে করে গণিত ও ইংরেজিতেও তাদের দক্ষতা বাড়ছে।
প্রোগ্রামিং শিখতে আসা আগ্রাবাদ সিলভার বেলস গার্লস হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী তাসনীম হাসান বলে, ‘স্কুলে কম্পিউটারের পাঠবইয়ের বিশেষ কিছু পড়ানো হয় না। কিন্তু আমি আরও জানতে চাই। একদিন স্কুল থেকেই এটি সম্পর্কে জানতে পারি। এরপর নিয়মিত ক্লাস করছি। প্রোগ্রামিং দারুণ মজার।’ তাসনীমের মতো প্রোগ্রামিংয়ের আনন্দে স্বপ্ন খুঁজে ফিরছে তারিকুজ্জামান, তামজিদ মাহমুদ, সুরাইয়া জাহানরাও।
শাহীন জানান, আউটসবুকের মূল লক্ষ্য স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকে ভালো মানের প্রোগ্রামার গড়ে তোলা। বিশ্বের উন্নত দেশে খুদে শিক্ষার্থীরা যে হারে প্রোগ্রামিং করছে সেই তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে। আর প্রোগ্রামিং নিয়ে উদ্যোগ নেওয়া হয় কেবল ঢাকাকেন্দ্রিক। ফলে চট্টগ্রাম আরও পিছিয়ে। এ জন্য চট্টগ্রামকে এগিয়ে নেওয়াই তাঁদের লক্ষ্য।
এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মাদ হানিফ সিদ্দিকী, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক রাশেদ মুস্তফা ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের প্রভাষক মিনহাজ হোসেন। এ ছাড়া অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন আউটসবুকের সঙ্গে। যাঁরা নিয়মিতভাবে সাহায্য করে যাচ্ছেন।
আউটসবুক স্কুলের কার্যক্রম হিসেবে গত বছর ১৩ নভেম্বর ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজন করে আন্তস্কুল ও কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতা যেখানে স্কুল ও কলেজ মিলিয়ে ৪৩টি দল অংশগ্রহণ করেছিল। এ ছাড়া চলতি বছরের ৮ জানুয়ারি আয়োজন করা হয় অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা।
শাহীনদের স্বপ্ন একদিন বাংলাদেশে প্রোগ্রামিং বিশাল রূপ নেবে। স্কুল-কলেজে পড়ার সময় শিক্ষার্থীদের ৈতরি নতুন সফটওয়্যার ও গেম ব্যবহার করবে সারা বিশ্বের কম্পিউটার ব্যবহারকারীরা।
আউটসবুক প্রোগ্রামিং স্কুলের বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন: http://school.outsbook.com।