কক্সবাজার শহরে স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবিতে গত ২৮ এপ্রিল মহেশখালীতে এলাকাবাসীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে।
উপজেলা পরিষদ–সংলগ্ন বটতল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ধর্ষণ মামলার প্রধান আসামিকে ১৫ দিনের মধ্যে গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানান। এর মধ্যে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সরওয়ার আজম, মহেশখালী কলেজের প্রভাষক মোস্তফা কামাল, অ্যাডভোকেট আবছার কামাল, যুবলীগের নেতা গিয়াস উদ্দিন, মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বশর প্রমুখ।
মানববন্ধন শেষে আসামিদের গ্রেপ্তারের দাবিতে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।
জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বলেন, ইতিমধ্যে স্কুলছাত্রী ধর্ষণ মামলার তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজনকে ধরার জন্য পুলিশ নানাভাবে চেষ্টা করছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মহেশখালীর এক স্কুলছাত্রী কক্সবাজার শহরে ধর্ষণের শিকার হয়।