স্কুলব্যাগ উপহার পেয়ে খুশি শিশু শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামু উপলেজলার দুর্গম পাহাড়ি গ্রাম পানছড়ার একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৮০ বছরেরও বেশি পুরোনো এই বিদ্যালয়ের ভবনটি নড়বড়ে হয়ে পড়েছে। সম্প্রতি ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ওই প্রাথমিক বিদ্যালয়ের পাশে দ্বিতলবিশিষ্ট একটি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও বিদ্যালয় নির্মাণ করে। ৮ ডিসেম্বর সকাল ১০টায় এর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা। এ সময় উপস্থিত ছিলেন ইউএসএআইডির মিশন পরিচালক রিচার্ড গ্রিন, যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট ফ্রান্সিস উইয়ারজিন্সকি, জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী, পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর প্রমুখ। উদ্বোধন শেষে মার্কিন রাষ্ট্রদূত ও সেনাবাহিনীর কমান্ডিং জেনারেল বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি করে ব্যাগ উপহার দেন। এরপর তাদের সঙ্গে বসে আড্ডা জমান।ওই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছো ছো রাখাইন (১২) জানায়, ‘ব্যাগ পেয়ে আমরা খুব খুশি।’বিদ্যালয়ের সহকারী শিক্ষক উৎফলা বড়ুয়া জানান, ১৯২৯ সালে প্রতিষ্ঠিত এই প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে আছে ৭৩৭ জন শিক্ষার্থী। কক্ষ-সংকটের কারণে শিক্ষার্থীদের লেখাপড়া চালানো কষ্ট হচ্ছিল। এখন নতুন ভবনটি স্থাপিত হওয়ায় কক্ষ-সংকট দূর হলো।বহুমুখী এই ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও বিদ্যালয়টি নির্মাণের জন্য এক একর জমি দান করেন স্থানীয় কৃষক মোহাম্মদ শফি (৬০)। তিনি জানান, কেন্দ্রটি স্থাপিত হওয়ায় এলাকার মানুষ লাভবান হবে। কিন্তু কেন্দ্রটি রক্ষার জন্য চারদিকে সীমানা প্রাচীর তৈরি, যাতায়াতের জন্য সংযোগ সড়ক ও পানি চলাচলের জন্য নালা নির্মাণ জরুরি।এরপর ড্যান মজিনা ওই দিন দুপুরে উখিয়া সমুদ্র উপকূলের দুর্গম সুপারি গ্রাম বড়পাড়ায় যান। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য নারী-পুরুষ মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে স্বাগত জানান।এরপর মার্কিন রাষ্ট্রদূত ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা কর্মসূচি সৌহার্দ্য-২-এর বাস্তবায়নাধীন প্রকল্পের নারী স্বেচ্ছাসেবকদের প্রসূতি মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি, শিশু জন্মসহ নানা বিষয়ে কথা বলেন। তিনি তাঁদের উদ্দেশে বলেন, ‘আমরা বাংলাদেশের ভবিষ্যতের জন্য আলোচনা করছি। এর আগে একই দাবি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিসহ অনেকের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু ঢাকায় নয়, এই গ্রামে। শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে নারীরা একসঙ্গে কাজ করছেন, এটা অনেক বড় ব্যাপার।’