স্কুলে ফিরে যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তানকে স্কুলের জন্য প্রস্তুত করতে চাপ দেওয়া যাবে না। মডেল: নাশিদ ও দুআ,
ছবি: অধুনা

আপনজনের ভালোবাসামাখা শৈশব-কৈশোরের বর্ণিল সময়গুলোর এক অবিচ্ছেদ্য অংশ হলো শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুলজীবনের কথা মনে হলে হয়তো সবার মনের পটে ভেসে ওঠে উচ্ছ্বল আনন্দের দারুণ কিছু সময়ের কথা। সঙ্গে থাকতে পারে কিছু কড়া শাসনের স্মৃতিও। তবে আদর-শাসন সবটাই যে জীবনের জন্য প্রয়োজন ছিল, তা নিশ্চয়ই সবাই স্বীকার করবেন। এই এক মহামারির কবলে পড়ে শৈশব-কৈশোরের ধারা গেল বদলে। চলে এল অনলাইন ক্লাসের দিন। লম্বা একটা সময় পেরিয়ে সামনের দিনগুলোতে হয়তো আবার ফিরে আসবে ‘অফলাইন’ বা ক্লাসে বসে পড়ালেখার দিন।

নতুনভাবে পুরোনো জীবনধারায় ফিরে যাওয়াটা কেমন? করোনাকালে ঘুম থেকে উঠে স্কুলের জন্য তৈরি হওয়ার তাড়া নেই, নেই রোজ সন্ধ্যায় হোমওয়ার্ক বা ‘বাড়ির কাজ’ সারার আয়োজন। স্কুল শুরু হলে তো আবার এসব কাজ শুরু হবে। তবে এসব নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। সময়ের প্রয়োজনে অভ্যাসটা গড়ে তুললেই হলো। আগেভাগে প্রস্তুতি নেওয়ার তেমন কিছু নেই। নতুন জীবনধারায় স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি মনে করিয়ে দেওয়ার বাইরে অন্যান্য অভ্যাসের জন্য খুব তড়িঘড়ি করে শিশুকে প্রস্তুত করার কোনো প্রয়োজন নেই বলেই জানালেন শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. জোবায়ের মিয়া।

তাড়াহুড়ো নয়

এক মাস পর স্কুল খুলবে বলে এখন থেকেই হাড়কাঁপানো শীতের ভোরে শিশুর ঘুম ভাঙানোর কোনো প্রয়োজন নেই। করোনাকালে শিশুর জীবন যেমন চলছিল, তেমনই চলতে দিন। স্কুল শুরু হলে তখন নতুন করে ঘুমের সময়ের অভ্যাস গড়ে নিতে হবে। কোনো অভ্যাসই চিরস্থায়ী নয়। প্রয়োজনমতো অভ্যাস বদলে ফেলাটাই ভালো। স্কুল খুললে প্রথম কয়েক দিন ঘুম থেকে উঠতে একটু কষ্ট হলেও শিশু ধীরে ধীরে স্কুলের নিয়মে অভ্যস্ত হয়ে উঠবে। এ নিয়ে অভিভাবকদের আগে থেকে উত্কণ্ঠিত হওয়ার কিছু নেই। পড়ালেখার বেলাতেও তা-ই। এক বছরের পড়া কয়েক মাসে পুষিয়ে নেব, এ রকমটা ভাববেন না। অস্থির হবেন না। ‘পুষিয়ে’ নেওয়ার আসলে কিছুই নেই। স্বাভাবিক ও শিশুবান্ধব গতিতেই চলুক শিশুর পড়ালেখা। পড়ালেখার গতি বাড়াতে গেলে শিশুর কোমল মনে চাপ পড়বে বলেই মনে করেন মনোরোগের চিকিৎসকেরা।

কেউ পিছিয়ে যায়নি

আদরের শিশুর সুস্থ জীবনটাই তো সবচেয়ে মূল্যবান। মহামারির মহাদুঃসময়ে আপনার শিশু যে সুস্থ আছে, আপনি যে সুস্থ আছেন—এটিই বিরাট বিষয়। মহাদুর্যোগের এই সময় সুস্থ জীবনের চেয়ে বড় চাওয়া আর কীই–বা হতে পারে? পুরো পৃথিবীই বিপর্যস্ত। পৃথিবী এখনো এই দুঃসময়টার মধ্য দিয়ে যাচ্ছে। এখানে তাই কেউ কারও চেয়ে পিছিয়ে যায়নি। স্কুলে যেতে না পারার কারণে পড়ালেখার কোনো ক্ষতি হয়ে গিয়েছে, জীবনের অনেক ক্ষতি হয়ে গেছে—এমনটা ভাবারই সুযোগ নেই। পড়ালেখা নিয়ে অতিরিক্ত গুরুতর ভাবনার কোনো মানে নেই। বরং বাড়িতে যে গুণগত সময়টুকু কাটানোর সুযোগ পেয়েছেন এবং এখনো পাচ্ছেন, সেটিকে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ, যেখানে শিশু তার অনুভূতিগুলো ভাগ করে নিতে পারে আপনজনদের সঙ্গে। আর স্কুলে যাওয়ার বিকল্প হিসেবে যেসব মাধ্যমে পড়ালেখা হয়েছে, সেগুলো নিয়েও হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই। এগুলোও শিশুর বিকাশে বেশ কার্যকর ভূমিকা রাখতে সক্ষম বলে গবেষণায় প্রমাণিত। আর অনলাইন পড়াশোনা কিন্তু অনলাইন আসক্তির জন্যও দায়ী নয়।

প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি

স্কুল খোলার আগে প্রস্তুতি বলতে তেমন কিছু নেই। স্বাস্থ্যবিধি মেনে চলার শিক্ষা আমরা এই কয়েক মাসেই দিয়েছি আদরের সোনামণিদের। এখন কেবল তাদের মনে করিয়ে দেওয়ার পালা, স্কুলে গিয়ে যাতে এই স্বাস্থ্যবিধি মেনে চলে তারা। আর নিজেরা তো অবশ্যই মেনে চলবেন—এসব বিধিনিষেধ। মহামারির সময়টা আমরা এখনো অতিক্রম করিনি। শিশুরা কিন্তু করোনা মহামারি থেকে সুরক্ষিত নয়। তারাও আক্রান্ত হয়েছে, আক্রান্ত শিশুদের কারও কারও জীবনপ্রদীপও নিভে গেছে। তাই শিশুদের করোনা সংক্রমণ হবে না কিংবা হলেও তা গুরুতর কিছু নয়—এ রকম ভাবনার সুযোগ নেই। সবকিছুতে ছাড় দিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে পড়ালেখা, খেলাধুলা সবটাতেই বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব, তবে মন থেকে বন্ধুর কাছে থাকতে কোনো বাধা নেই। মুখে-নাকে-চোখে হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে। হাত ধোয়া, মাস্ক পরিধানের মতো অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাতে কোনো অবস্থাতেই বাদ না যায়, এটুকু নিশ্চিত করুন শিশুর।

সামাজিক বিকাশ

হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা লিন্ডা মার্থা গমেজ বলেন, স্কুলে এসে শিশু যেমন শিক্ষকদের পায়, তেমনি পায় বন্ধুদেরও। সামাজিক বিকাশের জন্য এর বিকল্প নেই। বিশেষত যেসব শিশু প্রথম বা দ্বিতীয় শ্রেণিতে মাত্রই ভর্তি হয়েছিল, আর এর পরপরই লকডাউনের সময়টা চলে এল, তাদের ক্ষেত্রে বিষয়টা স্বাভাবিকের চেয়ে একটু অন্য রকমই হলো। দশে মিলে কাজ করার প্রবণতা তাদের মধ্যে হয়তো সেভাবে গড়ে ওঠেনি। তাই মা-বাবার দায়িত্ব হবে শিশুদের সবার সঙ্গে মিলেমিশে চলার বিষয়টি অল্প অল্প করে বুঝিয়ে দেওয়া। স্কুলে গিয়ে যেকোনো কাজে শিক্ষক ও সহপাঠীদের সহায়তা নিতে সে যাতে কোনো সংকোচ না করে। শিশুর মধ্যে একটা সহযোগিতামূলক মনোভাব গড়ে তোলার জন্য পরিবারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যেকোনো বিষয়ে স্বাভাবিকভাবে শিশুকে গড়ে তুলতে তার সঙ্গে গুণগত সময় কাটানোর বিকল্প নেই।