স্কুলে শিশুর পানি পান যথেষ্ট?
আপনার শিশুটি দিনের অর্ধেকটা সময় কাটায় স্কুলে। কেবল সেখানে লেখাপড়াই করে না, ছোটাছুটি, খেলাধুলা করে, শারীরিক শিক্ষা বা নাচের ক্লাসে কসরতও করে। এই সময় সে কি যথেষ্ট পানি পান করে? আপনি তা জানেন না। কিন্তু এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও ম্যানহাটানের স্কুলগুলোতে নয় থেকে এক বছর বয়সী শিশুদের ওপর জরিপ করেছেন একদল বিজ্ঞানী।
জরিপে দেখা গেছে, সেখানকার স্কুলগামী শিশুর এক-তৃতীয়াংশই স্কুলের সময়টাতে পানিশূন্যতায় ভোগে। স্কুলকালীন সময়ে তাদের প্রস্রাবের ঘনত্ব পরীক্ষা করে এই ফল পাওয়া যায়। আরও খারাপ কথা, প্রশ্ন করে জানা যায় যে চার ভাগের তিন ভাগ শিশুই ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া পর্যন্ত কোনো পানিই খায়নি! এই পানিশূন্যতা সামান্য হলেও শিশুদের শারীরবৃত্তীয় নানা কাজে ব্যাঘাত সৃষ্টি করে। বিশেষত মস্তিষ্কের ও স্নায়ুর কার্যক্রমে, হরমোন ও পেশিজনিত কাজকর্মে। এমনকি বিজ্ঞানীরা বলছেন, চলমান মৃদু পানিশূন্যতা শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশ ও স্কুলের নৈপুণ্য বা কৃতিত্বও ব্যাহত করে। এ নিয়ে গবেষকদের পরামর্শ হলো, দেহে পানির চাহিদাটুকু অন্য কিছু দিয়েই মেটানো যায় না, কোমল পানীয়, এনার্জি ড্রিংক, জুস বা চা—কোনো কিছুতেই না।
প্রকৃতিতে সবচেয়ে সেরা পানীয় হলো সাধারণ পানি। তাই আপনার শিশুটিকে স্কুলের ব্যাগে যথেষ্ট পানি দিন। স্কুলে যাওয়ার আগে অন্তত এক থেকে দুই গ্লাস পানি পান করতে বলুন। স্কুলে বারবার পানি পান করতে উদ্বুদ্ধ করুন এবং ফেরার পর দেখুন তার পানির বোতলটি খালি হয়েছে কি না।
সূত্র: নিউট্রিশন ফ্যাক্ট|