স্কুলে স্কুলে পৌঁছে দিই গাছের চারা
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে ঘুরে গাছের ও গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথা বলে ‘বাংলাদেশ গ্রিন অরবিট অ্যাসোসিয়েশন’। ১১ সদস্যের এই দলের সবাই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। কাজটা করতে খরচ যা হয়, পুরোটাই নিজেদের জমানো টাকা থেকে দেন দলের সদস্যরা।
দলটির প্রতিষ্ঠাতা মাহবুব আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই পরিবেশ নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। কীভাবে কী করা যায়, সেটা নিয়ে আলোচনা করতে আমার বিভাগের কিছু শিক্ষার্থীকে ডেকে নিই। এটা ২০২০ সালের কথা। রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় থাকে এবং হাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী—এ রকম কয়েকজন মিলে এই অ্যাসোসিয়েশন গঠন করি।’ এরপর মাসিক চাঁদা তুলে টাকা জমাতে থাকেন তাঁরা। জুন-জুলাই মাস যেহেতু গাছ লাগানোর উপযুক্ত সময়, তাই বছরের এ সময়ই তাঁরা গাছ নিয়ে বিভিন্ন স্কুলে যাওয়া শুরু করেন। মাহবুব বলেন, ‘সব স্কুলের প্রধানেরাই আমাদের এই কাজকে স্বাগত জানিয়েছেন ও গাছ লাগানোর সুযোগ করে দিয়েছেন৷ গত দুই বছর বদরগঞ্জের ৭ নম্বর গোপীনাথপুর ইউনিয়নের প্রায় সব স্কুল ও মাদ্রাসায় আমরা গাছ লাগানোর চেষ্টা করেছি।’
যাতায়াত, গাছ কেনা, সব মিলিয়ে পুরো কার্যক্রমের খরচ কম নয়। কীভাবে এত কিছু সামাল দেন? উত্তর দিলেন দলের আরেক সদস্য তাজনুর আফরোজ, ‘কাজটা আমরা সবাই উপভোগ করি। তাই আনন্দ নিয়েই স্কুল থেকে স্কুলে ছুটে বেড়াই। যেহেতু আমরা শিক্ষার্থী, তাই আর্থিক দিক থেকে একটু পিছিয়ে থেকেও নিজেদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। এ বছর হয়তো নতুন আরেকটি ইউনিয়নের সব স্কুলে আমরা গাছ লাগাতে পারব। আমরা স্বপ্ন দেখি, এভাবে কাজ করতে করতে একদিন বাংলাদেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসায় অক্সিজেন জোগাবে আমাদের লাগানো গাছ৷ আমাদের দেখে গাছ রোপণে আগ্রহী হবে স্কুলগুলোর শিক্ষার্থীরাও।’