স্কুলের আগে প্রস্তুতি স্কুল
নাজনীন আক্তার স্বামীর চাকরির সুবাদে বাচ্চাদের নিয়ে সুদানে থাকতেন। বাচ্চা যেত সেখানকার প্রিস্কুলে। পরবর্তীকালে চাকরির কারণেই আবার তাঁদের দেশে ফিরে আসতে হয়। দেশে ফিরেই পড়লেন বিপদে, এখানে বাচ্চার উপযোগী কোনো প্রিস্কুল নেই। একটির খোঁজ পাওয়া গেল আমেরিকান দূতাবাসের অধীনে। কিন্তু তার ব্যয় অনেক বেশি। সেই থেকে ভাবনা, নিজের বাচ্চার জন্য কী করা যায়? তখন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে শিশুর প্রাথমিক বিকাশ (আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট) বিষয়ের ওপর স্নাতকোত্তর করেন। সে থেকেই চিন্তা, শুধু নিজের বাচ্চার জন্যই নয়, একটি প্রিস্কুল প্রতিষ্ঠা করবেন অন্য আর সবার জন্য। ‘সে চিন্তা থেকেই স্কুলের জায়গা খুঁজছিলাম। আর সব মিলে গেল উত্তরার চার নম্বর সেক্টরে। স্কুলের নাম দিলাম লিটল ওয়ান্ডার্স। এরই মধ্যে অনেকে আগ্রহ দেখাচ্ছেন আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে।’ বলছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজনীন আক্তার আহমেদ।স্কুলে ঢুকতেই পাঠাগার, যেখানে বাচ্চাদের হাতের কাছেই সব বই। বইগুলো চমৎকার ছবি সংবলিত এবং আকর্ষণীয়। এখান থেকে বাচ্চারা যেকোনো বই তার পছন্দ অনুযায়ী পড়ার পাশাপাশি বাসায়ও নিয়ে যেতে পারে।এরপর সংগীতঘর। যেখানে আছে পিয়ানো থেকে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। সেখানে গান এবং নাচের মাধ্যমে শিশুদের আনন্দ দেওয়া হয়। চাইলে নিজেদের ইচ্ছেমতো যেকোনো বাদ্যযন্ত্র বাজাতে পারে তারা। বিজ্ঞান-কোণটা সংগীতঘরের পাশেই। এখানে মাইক্রোস্কোপসহ বিজ্ঞানের বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে। আর বাচ্চাদের মজার মজার উপায়ে শেখানো হয় শব্দতরঙ্গ কীভাবে তৈরি হয়, পানিতে কেন বুদবুদ হয়, ফুঁ ছাড়া কীভাবে বেলুন ফোলানো যায়। পাশেই রয়েছে অক্ষর এবং ছবিসংবলিত পোস্টার। যা দেখে ওরা শব্দগুলোর সঙ্গে পরিচিত হয়। আর ঠিক এখান থেকে বেরোলেই তারা পাবে ছুটে বেড়ানোর মতো একটা সবুজ মাঠ। যেখানে রয়েছে বিভিন্ন খেলার রাইড। এখানে মজা করে সংখ্যা গণনা করা শেখানো হয়। এই যেমন মাঠে কতগুলো পাখি আসে, কতগুলো প্রজাপতি ইত্যাদি।এর পাশে রয়েছে খেলার জায়গা। এর পাশের ঘরে রয়েছে স্মার্ট বোর্ড, যেখানে শিশুরা মনের মতো করে ব্লক কিংবা পাজল সাজাতে পারে।এই স্কুলটা চালু হয়ে গেলেও আনুষ্ঠানিক উদ্বোধন এখনো হয়নি। তবে ভর্তি চলছে এখন থেকেই। যোগাযোগ: ০১৭১৩২০৫৩৭৫।