স্কুলের নাম জাগো

ওদের কেউ ছিন্নমূল কিংবা অতিদরিদ্র পরিবারের সন্তান। এসব সুবিধাবঞ্চিত শিশুর ভাগ্যে গুণগত শিক্ষা তো দূরে থাক, হয়তো পেরোনোই হতো না বিদ্যালয়ের চৌকাঠ। কিন্তু জাগো ফাউন্ডেশন এই শিশুদের জন্য কাজ করে যাচ্ছে উন্নত শিক্ষা প্রদানের। সারা দেশে তাদের প্রতিষ্ঠিত আটটি স্কুলে শিক্ষা নিচ্ছে প্রায় এক হাজার ৪০০ শিক্ষার্থী। আর উন্নত শিক্ষাদানের লক্ষ্যে স্কুলগুলোতে যোগ হচ্ছে দূরশিক্ষণ কার্যক্রম। তেমনি দুটি ক্লাসরুমের উদ্বোধন করা হলো ৩০ জুন। উদ্বোধন করেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। কম্পিউটার আর একটি ওয়েবক্যামে যেন হাজির হয়ে গেল পুরো স্কুল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন পর্বে তিনিও মিশে গেলেন স্কুলের খুদে শিক্ষার্থীদের সঙ্গে। পুঁচকে শিক্ষার্থীদের কাছে মজা করে প্রশ্ন করলেন নানা বিষয়ে। সমস্বরে উত্তর দেওয়ার ঢং দেখে মনে হলো, এসব যেন মামুলি ব্যাপার। আর ইংরেজি-বাংলা প্রশ্নোত্তরে খুদে শিক্ষার্থীরা যেন হেসেই কুটিকুটি।
স্কুল কার্যক্রম ছাড়াও জাগোর রয়েছে স্বেচ্ছাসেবক সংগঠন ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’। সংগঠনটির স্বেচ্ছাসেবকদের জন্য ‘ভলান্টিয়ার জোন’ উদ্বোধন করা হয় ওই দিন।
এ অনুষ্ঠানে আরো কথা বলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হাসান আহমেদ, ফরচুনা গ্রুপের সভাপতি ইঞ্জিনিয়ার আবু তাহের ও জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি করভী রাকশান্দ প্রমুখ।