স্কুলের ভেতর সদাইপাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুখবর! সুখবর! সুখবর! আসছে ঈদে সোনামণিদের জন্য বিশেষ আয়োজন। টি-শার্ট, প্যান্ট, জামাসহ নানা ডিজাইনের পোশাক পাওয়া যায়। এ ছাড়া এখানে খুশকিসহ চুলের সব সমস্যা সমাধানকারী কালোজিরা তেল পাওয়া যায়। ডায়াবেটিস রোগের প্রতিরোধক ডায়ালিন পাওয়া যায়। যোগাযোগ: এয়াকুব আলী স্কুলের ভেতরের ক্যানটিন, বউবাজার।’ এটি পত্রিকায় প্রকাশিত কোনো বিজ্ঞাপন নয়; নগরের ঈদগাহ বউবাজার এলাকার এয়াকুব আলী বালিকা উচ্চবিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ফটকের বাইরে এবং ভেতরে লাগানো হয়েছে সাদা কাগজে কম্পিউটারে টাইপ করা এমন প্রচারপত্র। জানা যায়, এয়াকুব আলী স্কুলের সীমানার ভেতরে দীর্ঘদিন ধরে ক্যানটিন পরিচালনা করছেন ওই বিদ্যালয়েরই এক কর্মচারী। নামে ক্যানটিন হলেও এখানে বিক্রি হচ্ছে শিশুদের জামাকাপড়, খেলনাসহ হরেক রকমের পণ্য। ক্যানটিনে শিঙাড়া-সমুচা ছাড়া অন্য কোনো খাবার বিক্রি হয় না বলে জানালেন অভিভাবকেরা। ক্যানটিনটি নিয়ে অভিভাবকদের বিভিন্ন অভিযোগও রয়েছে। নীলা আফরোজা নামের এক অভিভাবক অভিযোগ করে বলেন, ‘স্কুলের ভেতর শুধু ক্যানটিন থাকলে চলত। কিন্তু ক্যানটিন কেবল নামেই। ডোরেমন কার্টুনের বিভিন্ন স্টিকার, গিফট আইটেম, জামাকাপড়, কালোজিরার তেল থেকে শুরু করে ছোটখাটো মনিহারি দোকানের সব জিনিসই বিক্রি হচ্ছে এখানে। এতে ছোট মেয়েরা অহেতুক বায়না ধরছে এটা-সেটা কেনার জন্য।’ অভিভাবক মিজান রহমান বলেন, ‘স্কুল ক্যাম্পাসের ভেতর এ ধরনের দোকানপাট বসানোর অর্থ কী! এতে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। প্রতিদিনই এখানে কেনাকাটার জন্য ভিড় জমাচ্ছেন অভিভাবক-শিক্ষার্থীরা। আড্ডা জমছে ক্যানটিনকে ঘিরে।’ সোমবার সকালে সরেজমিনে বিদ্যালয়ের ভেতরে গিয়ে দেখা যায়, মূল প্রবেশপথের বাঁ পাশে গড়ে উঠেছে ক্যানটিনটি। ক্যানটিনের সামনে জটলা পাকিয়ে আছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। চলছে কেনাকাটা, দরদাম। কিছুক্ষণ পর বিদ্যালয়ের কিন্ডারগার্টেন শাখা ছুটি হলে শিশুরা ক্যানটিনে ভিড় জমায় কেনাকাটার জন্য। হঠাৎ ক্যানটিনের সামনের গ্রিল বেয়ে উঠে যায় এক শিশু। ডোরেমনের স্টিকার চাইছিল সে। তার সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন সহপাঠী। এ সময়ে বেশির ভাগ অভিভাবকই ক্যানটিন প্রসঙ্গে নানা অভিযোগ করেন। তাঁরা বলেন, ছেলেমেয়েদের মধ্যে একটা বদঅভ্যাস তৈরি হচ্ছে এটা-ওটা কেনার জন্য। মা-বাবার কাছ থেকে টাকা চাইছে নানা অজুহাতে। এক অভিভাবক নাম প্রকাশ না করে বলেন, ‘কয়েক দিন আগে ঈদ উপলক্ষে এরা বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপনে সোনামণিদের জামাকাপড়ের সঙ্গে পেটের সমস্যা ও ডায়াবেটিসের প্রতিরোধক বিক্রির কথাও বলা হয়েছে। এগুলোর সঙ্গে শিশুদের কী সম্পর্ক? অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে এয়াকুব আলী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম বলেন, ‘আমি এখানে নতুন যোগ দিয়েছি। এ ব্যাপারে আমি ব্যবস্থা নেব।’