
এক পলকে মিথ্যা হয়ে গেল রাহেলের (ছদ্মনাম) সবকিছু। কাল সেমিস্টার ফাইনাল, তবে বইয়ের একটা শব্দও তার মাথায় ঢুকছে না। পরিবার-পরিজন, বন্ধুবান্ধব—সবার কাছে সে এভাবে খারাপ হয়ে যাবে কখনোই ভাবেনি।
ঘটনাটা এমন—কদিন আগেই দৃষ্টির (ছদ্মনাম) সঙ্গে ফেসবুকে পরিচয় রাহেলের। বেশ ভালো কথাবার্তা হচ্ছে তাদের মধ্যে, একদিন দেখা করবে বলেও তারা ঠিক করেছে, তাদের মাঝের বোঝাপড়া একটা সম্পর্কে মোড় নিলেও নিতে পারে আরকি!
ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপে ঘুরতে ঘুরতে হঠাৎ রাহেল একটা উন্মুক্ত গ্রুপে খেয়াল করল, মাসুদ জালাল (ছদ্মনাম) নামে একজন দৃষ্টির ছবি পোস্ট করে তার নামে অনেক উল্টাপাল্টা কথা লিখেছে। ব্যাপারটা রাহেলের খারাপ লাগল, পোস্টটার স্ক্রিনশট নিয়ে দৃষ্টিকে পাঠাল, সে ওই ব্যক্তিকে চেনে কি না। দৃষ্টি অস্বীকার করল। কিন্তু রাহেলের চিন্তা যায়নি। যাকে পছন্দ করে, তাকে নিয়ে খারাপ কথা শুনে মন খারাপ হয়। তখন রাহেল তার বন্ধুদের একটা সিক্রেট গ্রুপে দৃষ্টির ছবি পোস্ট করে বলল, তাকে কেউ চেনে কি না, মেয়েটা কেমন—এই সব।
ওই গ্রুপের এক ছেলে আবার দৃষ্টিকে চিনত। সে দৃষ্টিকে মেসেজ দিল, রাহেল নামে একজন একটা গ্রুপে দৃষ্টির ছবি পোস্ট করে তাকে চেনে কি না, জিজ্ঞেস করছে। শুনে দৃষ্টির মাথায় রক্ত উঠে গেল। ও ভাবল, ওই মাসুদ জালালের কথাটা মিথ্যা, রাহেলই তার স্ক্রিনশট বানিয়েছে। রাহেল নিজেই তার ছবি সব জায়গায় পোস্ট করছে। রাহেলকে ফোন দিল, তাকে জিজ্ঞাসা করল, কেন সে দৃষ্টির অনুমতি ছাড়াই তার ছবি পোস্ট দিল। আর ওই গ্রুপের পোস্টও তাহলে নিশ্চয় রাহেল দিয়েছে বা স্ক্রিনশট বানিয়েছে। রাহেলকে কিছু বলার সুযোগ না দিয়েই সে রেখে দিল ফোন।
পরদিন সকালে রাহেলের ঘুম ভাঙল আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের ফোনে। ফেসবুকের জনপ্রিয় সব গ্রুপে একটা স্ক্রিনশট ছড়িয়েছে, যাতে দেখা যাচ্ছে যে রাহেল দৃষ্টি নামের এক মেয়ের ছবি পোস্ট করে তার নামে অনেক আজেবাজে কথা লিখেছে। অনেক গ্রুপে রাহেলের বিভিন্ন শাস্তির দাবি করা হচ্ছে।
রাহেল স্ক্রিনশটগুলো দেখল, ফটোশপের কিছু কাজ জানা থাকায় স্পষ্ট বুঝতে পারল, সে দৃষ্টিকে মাসুদ জালাল নামের একজনের যে স্ক্রিনশট পাঠাল, সেটাতেই তার নাম বসানো হয়েছে। সেখানে কিছু ভুলও রয়ে গেছে, তা দেখে সে আরও সহজেই ব্যাপারটা ধরে ফেলল। সারা দিন অনেক চেষ্টা করে সে একটা ভিডিও করল—দুটি স্ক্রিনশটের কোনটি সত্যি কোনটি মিথ্যে, তা নিয়ে। ফেসবুকে পোস্ট দিয়ে নিজের অবস্থান জানাল। অনেকে হয়তো বিশ্বাসও করল, রাহেল নির্দোষ, স্ক্রিনশট মিথ্যা, ভুয়া। কিন্তু বেশির ভাগ মানুষই অবিশ্বাস করেছে তাকে। পরীক্ষাও খারাপ হলো।
এই ছিল রাহেলের কাহিনি। ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন মিথ্যা স্ক্রিনশট বানিয়ে তাদের ব্ল্যাকমেইল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপমান করার নজির আমরা অনেকেই দেখি। দেখা যায়, কোনো কথোপকথনের মাঝখানের একটা অংশ মাঝে মাঝে এমনভাবে তুলে ধরা হয়, যেখানে একজনের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়। কেউ কেউ আবার নিজের মেসেজ মুছে (ডিলিট) দিয়ে অপর পক্ষের মেসেজগুলো রেখেও স্ক্রিনশট প্রকাশ করে, যেগুলো দেখলে অন্য পক্ষ সম্পর্কে বাজে ধারণা জন্মানো স্বাভাবিক। আবার অনেক সফটওয়্যারও পাওয়া যায়, যেগুলো ব্যবহার করে পুরোই মিথ্যা ও ভিত্তিহীন স্ক্রিনশট বানানো সম্ভব।
এ ব্যাপারে প্রশ্ন করলে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আহমেদ হেলাল বলেন, কারও বিরুদ্ধে এমন মিথ্যা স্ক্রিনশট ফাঁস হলে তার অবশ্যই আইনের আশ্রয় নেওয়া উচিত। এ ব্যাপারটা সাইবার অপরাধের মধ্যে পড়ে এবং অবশ্যই যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, তাকে সেখানে নিজের অবস্থান পরিষ্কার করে জানাতে হবে সবাইকে নিজের সুবিধার জন্যই।
যেমনটা রাহেল করেছিল। কিন্তু নিজের নির্দোষ অবস্থান সম্পর্কে পরিষ্কারভাবে জানানোর পরও দেখা যায় সাধারণ মানুষের অনেকেই আগের মিথ্যাটা বিশ্বাস করে বসে থাকে, নতুন কিছু জানতে চায় না, জানলেও বিশ্বাস করতে চায় না। সাধারণ মানুষের এ ধরনের আচরণ সম্পর্কে আহমেদ হেলাল বলেন, ‘আমাদের সাধারণ মানুষের প্রযুক্তি ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আরও সচেতন হতে হবে। সবার ভেতরে একধরনের প্রবণতা থাকে যে আমরা কিছু দেখেই বিশ্বাস করে ফেলি। কিন্তু আমদের বুঝতে হবে, এ ধরনের ভুয়া বা মিথ্যা স্ক্রিনশট অনেক সফটওয়্যার ব্যবহার করে কৌশলে আরেকজনকে অপদস্থ করার জন্য করা যেতে পারে। তাই কোনো কিছু দেখলেই তা প্রথমেই বিশ্বাস না করে একবার যাচাই করার মানসিকতা তৈরি করতে হবে।
বর্তমানে স্ক্রিনশটের ব্যাপারটা এত ব্যাপক হয়ে গেছে যে দেখা যায় আমরা কিছু হলেই খালি স্ক্রিনশট নিয়ে নিলাম এমন কথাবার্তা বলে থাকি, অনেকটা আমাদের অভ্যাসেই পরিণত হয়ে গেছে ব্যাপারটা। অনেক সময় ফাজলামো করেও স্ক্রিনশট নিয়ে আমরা বন্ধুদের ফেসবুক ওয়ালে পোস্ট করে থাকি। ফেসবুকে আমাদের বন্ধুদের বাইরেও অনেকের সঙ্গেই আমরা যুক্ত আছি। তাই কোনো বন্ধুর ফেসবুক টাইমলাইনে কোনো কিছু পোস্ট করার সময় আমাদের দেখতে হবে, যাতে আমাদের পোস্টটা বন্ধুর সঙ্গে কানেক্টেড অন্য কেউ দেখলে আমাদের বন্ধুর জন্য আপত্তিকর হয়ে যায় কি না।
কারও নামে এমন স্ক্যান্ডাল রটলে আবার দেখা যাচ্ছে সাধারণ মানুষ খুব সহজেই সেটা বিশ্বাস করে বসে থাকে। তাই সব মিলিয়ে বলতে গেলে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আমাদের হতে হবে সচেতন, সবাইকে অবশ্যই বিশ্বাস করা যাবে না। নিজের ফেসবুক কার্যক্রমের দিকেও নিজেকেই নজর রাখতে হবে, যাতে করে আমাদের অন্য কেউ কোনোভাবে ফাঁসিয়ে দিতে না পারে।