স্টলে স্টলে উপচে পড়া ভিড়

প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র ‘নকশা’র স্টলে তখন উপচে পড়া ভিড়। অনেকেই সেখানে গিয়ে জানলেন, সেলফি স্ট্যান্ডে গিয়ে সেলফি তুলে তা আপলোড করে নকশার ফেসবুক পেজে হ্যাশট্যাগ দিলেই হবে, ব্যস। সেই সেলফি থেকেই নকশার জন্য নির্বাচন করা হবে মডেল! কে কার আগে ছবি তুলবেন, এই নিয়ে শুরু হলো প্রতিযোগিতা। শেষমেশ সেলফির জন্য বিশাল এক লাইন। একে একে সেলফি তুলতে লাগলেন পাঠকেরা। এ ছাড়া নকশার স্টলে ছিল মেহেদি লাগানোর আয়োজন, আলপনা আঁকার প্রতিযোগিতা। পাঠকেরা এসে দেখলেন, যাঁদের রেসিপি পড়ার জন্য মুখিয়ে থাকেন তাঁরা সশরীরে হাজির হয়েছেন স্টলে। রূপ বিশেষজ্ঞরা দিচ্ছেন নানা পরামর্শ। সব মিলে সারাক্ষণই জমজমাট ছিল এই স্টলটি।
নকশার স্টলে এসেছিলেন রূপ বিশেষজ্ঞ কানিস আলমাস খান, কাজী কামরুল ইসলাম, আফরোজা পারভীন, তানজিমা শারমিন, শারমিন কচি, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, ইন্টেরিয়র গুলশান নাসরিন চৌধুরী, রান্নাবিদ কল্পনা রহমান, শুভাগতা দেবাশীষ, জেবুন্নেসা বেগম, ফাতেমা আজিজ, সাঈদা বেগম, শাহানা পারভীন।
সোমবারের ক্রোড়পত্র ‘রস+আলো’র স্টলে ছিল ক্রিকেটার সাকিব আল হাসানের সদ্য জন্ম নেওয়া মেয়ের নাম দেওয়ার প্রতিযোগিতা। এখানে ছিল ছোট একটি বাক্স। পাঠকেরা তাঁদের পছন্দমতো নাম এই বাক্সে ফেলেছেন। এসব নাম থেকে বাছাই করা কিছু নাম পরবর্তী ‘রস+আলো’তে প্রকাশিত হবে।
প্রথম আলোর বুধবারের ক্রোড়পত্র ‘অধুনা’র স্টলে এসেছিলেন দেশের চিকিৎসকেরা। তাঁরা পুষ্টি, ডায়েট এবং মাদকাসক্তি ও মনোরোগ বিষয়ে পাঠকদের নানা পরামর্শ দিয়েছেন। অধুনার স্টলে এসেছিলেন অধ্যাপক শুভাগত চৌধুরী, পুষ্টিবিদ আখতারুন নাহার আলো, শামসুন্নাহার নাহিদ, মনোচিকিৎসক মোহিত কামাল, সুলতানা আলগিন, আহমেদ হেলাল, মেঘলা সরকার।
এসেছিলেন অভিনয়শিল্পী তিশা, বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবিন, অপূর্ব, মডেল জান্নাতুল পিয়া, সজল, নাদিয়া, নাঈম, কুসুম শিকদার, মৌটুসী, মডেল, কোরিওগ্রাফার বুলবুল টুম্পাসহ আরও অনেকে।
‘স্বপ্ন নিয়ে’র স্টলের সামনে রাখা বোর্ডে পাঠকেরা তাঁদের স্বপ্নের কথা লিখে লাগিয়ে দিয়েছেন। সেখান থেকে পাঠকদের সেরা ১০টি স্বপ্ন ছাপা হবে ‘স্বপ্ন নিয়ে’ পাতায়। শনিবারের ক্রোড়পত্র ছুটির দিনের স্টলে এক পাঠক এসে কাওসার আহমেদ চৌধুরীকে খুঁজছিলেন।

প্রথম আলোর বার্তা কক্ষের স্টলে সারাক্ষণই পাঠকেরা নানা সমস্যা ও সম্ভাবনার কথা বলেছেন। নারিন্দার বাসিন্দা ইমতিয়াজুল হক বললেন, রাজধানীর যানজট নিয়ে প্রতিদিনই নানান তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি। এই সমস্যার সমাধানে প্রথম আলো যেন বলিষ্ঠ ভূমিকা রাখে সেই আহ্বান জানালেন তিনি।
‘বন্ধুসভা’ ও ‘ছুটির দিনে’র স্টলে ছিল কুইজের আয়োজন। বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে এখানে অনেক পাঠক মজার মজার পুরস্কার জেতার সুযোগ পেয়েছেন। এ ছাড়া প্রথম আলো ট্রাস্ট, প্রথম আলো ডিজিটাল ও প্রথমা প্রকাশনের স্টলেও বেশ ভিড় ছিল।
খেলাঘরে বসে আছেন স্বপ্নের তারকা। দর্শকেরা কেউ তাঁর সঙ্গে সেলফি তুলতে আগ্রহী। কেউ চান অটোগ্রাফ। এসেছিলেন সৌম্য সরকার, তাসকিন। সপরিবারে ছিলেন আবদুর রাজ্জাক এবং আতহার আলী খান। ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। আরও ছিলেন আমিনুল হক, বাদল রায়, হাসানুজ্জামান খান বাবলু, সত্যজিৎ দাস, সাবিনা খাতুন, সাবিনা আক্তার, সানজিদা আক্তার প্রমুখ।