স্টার ক্যাম্পাস দৃষ্টি স্কুল অব ডিবেটের দশম ব্যাচের উদ্বোধন
জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও ‘দৃষ্টি’ চট্টগ্রামের যৌথ আয়োজনে দীর্ঘমেয়াদি বিতর্ক প্রশিক্ষণ ‘স্টার ক্যাম্পাস দৃষ্টি স্কুল অব ডিবেট’-এর দশম ব্যাচের উদ্বোধন ১৭ মার্চ সকালে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা উপদেষ্টা বিলকিস রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিতার্কিক ও দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সভাপতি সৈয়দ আহসানুল আলম পারভেজ।বক্তব্য দেন দৃষ্টির সাবেক সভাপতি মাসুদ বকুল, সভাপতি কশসাফুল হক শেহজাদ, সহসভাপতি বনকুসুম বড়ুয়া, যুগ্ম সম্পাদক সাবের শাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন মুন্না, যুগ্ম বিতর্ক সম্পাদক প্রিয়ম দাশ ও সহসমন্বয়কারী সাফকাত ফাহমিদ। অনুষ্ঠানের প্রধান অতিথি মাহফুজ আনাম বলেন, ‘আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যুক্তি এত বেশি গুরুত্বপূর্ণ যে জীবনকে সার্থক করে তুলতে এর বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ‘বিশ্ব এগিয়ে যাচ্ছে। আমাদের এক একজনকে বৈশ্বিক নাগরিক হয়ে উঠতে হবে আর বৈশ্বিক নাগরিক হওয়ার জন্য আমাদের মাঝে যুক্তির চেতনা সৃষ্টি করতে হবে। ইংরেজি ভাষায় বিতর্ক চর্চা সে পথে আমাদের এগিয়ে নিয়ে যাবে বহু দূর।’ স্টার ক্যাম্পাস দৃষ্টি স্কুল অব ডিবেটের দশম ব্যাচের এই দীর্ঘমেয়াদি কার্যক্রমে ১০টি স্কুলের ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল, সানশাইন গ্রামার স্কুল, বাংলাদেশ এলিমেন্টারি স্কুল, সিলভার বেলস গার্লস হাইস্কুল, চিটাগাং গ্রামার স্কুল, মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল, চাইল্ড হেভেন স্কুল, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, উইলিয়াম কেরি একাডেমি।