স্টুটগার্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগ (ইউআরপি) এবং জার্মানির স্টুটগার্ট বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রামেট্রি অ্যান্ড জিওইনফরমেটিকস বিভাগের মধ্যে ৯ মার্চ বুধবার এক সহযোগিতা চুক্তি সই হয়েছে। শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সমৃদ্ধ করতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সহযোগিতা চুক্তিটি হয় বলে জানা যায়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন মো. জাহাঙ্গীর আলম, চুয়েটের সিন্ডিকেট সদস্য প্রকৌশলী মো. আলী আশরাফ ও স্টুটগার্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক ডেট্রিচ শ্রোয়েডর।প্রধান অতিথি বলেন, স্টুটগার্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা চুক্তি চুয়েটের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেবে। এর ফলে পারস্পরিক বিনিময় বাড়বে। আরও সমৃদ্ধ হবে চুয়েটের শিক্ষা ও গবেষণা কার্যক্রম। স্টুটগার্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুয়েট সহযোগিতার এ ধারা অব্যাহত রাখতে চায়। অধ্যাপক ডেট্রিচ শ্রোয়েডর বলেন, ‘চুয়েটের সঙ্গে সহযোগিতা চুক্তি করতে পেরে স্টুটগার্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দিত। এ সহযোগিতাকে ফলপ্রসূ করে তুলতে হবে। প্রকৌশল ও প্রযুক্তির আরও উন্নয়ন সাধনের জন্য একাডেমিক সহযোগিতা অব্যাহত রেখে আমরা এগিয়ে যাব।’ পরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পক্ষে উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস এবং জার্মানির স্টুটগার্ট ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সাইন্সের পক্ষে অধ্যাপক ডেট্রিচ শ্রোয়েডর শিক্ষা ও গবেষণা সংক্রান্ত চুক্তিতে সই করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের প্রধান অধ্যাপক সুলতান মোহাম্মদ ফারুক। ইউআরপি বিভাগের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন বিভাগীয় শিক্ষক মোহাম্মদ জুবায়ের। উপস্থাপনা করেন ইউআরপি বিভাগের শিক্ষিকা ইশরাত জাহান। অনুষ্ঠান কো-অর্ডিনেটর ছিলেন ইউআরপি বিভাগের শিক্ষক রাশেদুল হাসান।