বেসরকারি উন্নয়ন সংস্থা ঊষার উদ্যোগে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও তাদের মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে সম্প্রতি পটিয়ায় স্টেকহোল্ডারদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ক্ষুদ্র নারী উদ্যোক্তা, সামাজিক সমর্থক দল, নারী নির্যাতন নিরোধ কমিটি, যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রতিনিধিরা নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও নারীর মানবাধিকার সংরক্ষণে তাদের সাফল্য ও সমস্যাগুলো তুলে ধরেন। এ ছাড়া মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা নানা বিষয়ে মতামত দেন। উপজেলা পরিষদ মিলনায়তনে ঊষার নির্বাহী পরিচালক হোসনে আরা খানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভিন। বক্তব্য দেন ধলঘাট ইউনিয়নের চেয়ারম্যান ছালামত উল্লাহ মল্ল, কেলিশহর ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন, ভাটিখাইন ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল আলম, মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন ইলমার নির্বাহী পরিচালক জেসমিন সুলতানা, ধলঘাট লাভ দ্য চিলড্রেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পঙ্কজ চক্রবর্তী, মাঠ কর্মকর্তা রকিকুল ইসলাম প্রমুখ।