স্টেডিয়াম থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্টেডিয়ামের খুব কাছেই আমার বাসা। ২১ তারিখ বিকেলে বাসা থেকে বেরোতেই দেখি গালে-মুখে ভারত-পাকিস্তানের পতাকা এঁকে ধোনি, কোহলি, আফ্রিদির নাম লিখে অসংখ্য মানুষ স্টেডিয়ামে যাচ্ছে। ভাষা না শুনলে বুঝতামই না তারা বাংলাদেশি। যা-ই হোক, এক বড় ভাইয়ের সঙ্গে মিরপুর-১০-এ দেখা করার কথা। খেলার জন্য রাস্তা বন্ধ, হেঁটেই যাচ্ছি। একটু পর বড় ভাই ফোন করে জানালেন, তিনিও কাছাকাছি চলে এসেছেন, স্টেডিয়ামের ৪ নম্বর গেটে দাঁড়াতে। ৪ নম্বর গেটের সামনে গিয়ে দেখি, ডান পাশে দুই যুবক ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে লাফালাফি করছেন। হাতে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। উদ্দেশ্য টিভি ক্যামেরার দৃষ্টি আকর্ষণ।
হঠাৎ দেখি লাফাতে থাকা যুবকের হাতের টিকিট কীভাবে যেন পার্শ্ববর্তী ড্রেনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ওই যুবক একেবারে হাঁটু গেড়ে বসে গভীর ড্রেনের দিকে ঝুঁকে হাত বাড়িয়ে টিকিট ওঠানোর চেষ্টা করলেন। কোনো লাভ হলো না। টিকিট তাঁর ধরাছোঁয়ার বাইরে। ততক্ষণে সেখানে ‘কী হইছে ভাই, কী হইছে’ বলতে বলতে ভিড় জমিয়ে ফেলেছে উৎসুক জনতা।
যুবক তখনো নিচু হয়ে ড্রেনের দিকে তাকিয়ে আছেন। কে কী বলছে তা তাঁর কানেই যাচ্ছে না। তিনি তাকিয়ে আছেন ড্রেনের দিকে। তাঁর অনেক কষ্টে কেনা টিকিট ড্রেনের স্রোতে ভেসে চলে যাচ্ছে সীমানার বাইরে! আহারে বেচারা, দেখতে এসেছিলেন ভারত-পাকিস্তান ম্যাচ, দেখছেন ড্রেন! ‘হূদয়বিদারক’ এই দৃশ্য দেখে এক ব্যক্তি আইসক্রিম খেতে খেতে বললেন, ‘গেছে, হ্যার ভারত-পাকিস্তান ড্রেনে ভাইসা গেছে।’