স্টেডিয়াম যখন বালুর চর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিস্তব্ধ প্রকৃতির হেয়ালিপনায় সবুজ লতার মতোই প্যাঁচানো আর নান্দনিক আমার গ্রামটি। দারুণ মোহে আবৃত গ্রাম যেন মনকে সব সময়ই উদ্বেলিত করে তোলে। আর গ্রামে কাটানো শৈশব যে আরও মন্ত্র মধুর কলতানে ঢাকা, সে কথা নাই বা বললাম। বিশেষ করে ঈদ এলেই দারুণভাবে নস্টালজিয়ায় আক্রান্ত হই; ফিরে যাই ১৫/২০ বছর আগের সেই দিনগুলোতে। এগুলো নিছক আবেগ। আবেগ তো আর প্রথা ভাঙার মতো ক্ষমতা রাখে না। আবেগ তো আবেগই। তারপরও আবেগের সঙ্গে আবেগ গুলিয়ে ফেলার মতো বোকামিটা মাঝে-মধ্যেই করে ফেলি।

এক একটি ঈদ যেন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বন্ধুদের মিলনমেলা ঘটানোর দারুণ মাধ্যম! প্রতিটি ঈদেই আমাদের বন্ধুমহলের কোনো না কোনো মজার ইভেন্টস থাকে। কিন্তু কোনো ইভেন্টস আমরা দ্বিতীয়বার করি না। ইভেন্টসগুলোতে নতুনত্ব আনার চেষ্টা করি। এরই অংশ হিসেবে গত ঈদুল আজহার পরের দিন আমরা প্ল্যান করলাম গড়াই নদীর চরে ফুটবল খেলব আর নদীতে গোসল করব। চর হিসেবে ঠিক করলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার দ্বীপচর জায়গাটি। এই চরটি সম্পর্কে একটু বলা দরকার। দ্বীপচরটিকে আসলে মায়ায় ঘেরা মোহময় দ্বীপের সঙ্গে তুলনা করা যেতে পারে। বর্ষাকালে নদীর ভরা যৌবনে এই দ্বীপচর নদীর যৌবনের সঙ্গে সঙ্গে সাজতে শুরু করে। বাহারি সেসব সাজ। দ্বীপের চারপাশে পানি থাকে। দ্বীপের আগে আর পানির পরে ধইঞ্চার সবুজ পর্বতের ওপাশে মাঝখানের দ্বীপটি যেন সব সময়ই সজাগ থাকে তাকে দর্শন করার মানুষের অপেক্ষায়! এখানে সরকারের আশ্রয়ণ প্রকল্পের মানুষ বাস করে। অপরূপ এই দ্বীপের দৃশ্য অবলোকন করার জন্য ভ্রমণপিপাসু মানুষ ছোট ছোট নৌকায় দ্বীপের চারপাশ ঘোরাফেরা করে, প্রতিদিন বিকেল বেলা।

২০/২২ জন বন্ধু ঈদের পরের দিন বিকেলে একটি নৌকা নিয়ে দ্বীপচরের নদী-সংলগ্ন বিশাল চরে ফুটবল খেলতে লেগে গেলাম। কিন্তু মজার ব্যাপার হলো, আমাদের বন্ধুদের মধ্যে কিছু পেশাদার ফুটবলার ছিল। তারা স্থানীয়, জেলা ও বিভাগীয় পর্যায়ে ফুটবল খেলে। তাদের একচ্ছত্র আধিপত্যে আমরা কেউ কোনো চান্সই পাচ্ছিলাম না। অগত্যা বিজ্ঞ রেফারি কাম চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করা আমাদের বন্ধু লাজিম পেশাদার তিনজনকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিলেন। তাদের অপরাধ—বল কেন তারা অন্য খেলোয়াড়দের দিচ্ছেন না! অবশ্যই সেটি গুরুতর অপরাধ!

খেলার পর কিছুক্ষণ ধরে চলল দৌড়াদৌড়ি, হই হুল্লোড়, বালু ছোড়াছুড়ি। সেই সময় ভুলেই গিয়েছিলাম আমরা বড় হয়েছি। আমাদের বয়স তখন নেমে এসেছিল বার কি তেরোতে। অফুরন্ত আনন্দ আর মজা শেষে আমরা সবাই একসঙ্গে গোসল করলাম। এখানেও কিন্তু দুর্বলের ওপর সবলের অত্যাচার বাদ ছিল না। সারা গায়ে বালু মেখে এক একটা যেন বানর রূপ ধারণ করেছিলাম সেদিন। গোসল শেষ করে হোটেল থেকে আনা খাবার খেয়ে মধ্যরাত অবধি নদীর বুক দাপিয়ে বেড়িয়েছি।

পথে পথে হাজারো দুর্ভোগ আর পদে পদে যন্ত্রণাময় অধ্যায়ের আরাধনা মাড়িয়ে এসে যেন বুকে এক আকাশ সমান আনন্দ আর কল্পনার জগৎটা রঙিন স্বপ্নগুলো আমাদের মনে উঁকি দিচ্ছিল তখন। অতিশয় এক ভালো লাগার অনুভূতি কাজ করছিল।

এ যেন এক স্বপ্নপূরণের রোমাঞ্চকর অভিযাত্রা। যে কোনো দিন সৈয়দ মুজতবা আলীর রসগোল্লা খায়নি; সে কখনোই রসগোল্লার স্বাদ উপলব্ধি করতে পারবে না। আর ঈদে বাড়ি ফিরে ছেলেবেলার বন্ধুদের সঙ্গে এমন পাগলা মজাটা সৈয়দ মুজতবা আলীর রসগোল্লাকেও যেন হার মানায়। সেই স্বাদ কেবল তারাই উপলব্ধি করতে পেরেছে, যারা হাজারো বাধা উপেক্ষা করে বাড়ি ফেরার স্বপ্নকে সত্যি করে নদীর চরকে স্টেডিয়াম বানিয়ে বন্ধুদের সঙ্গে এমন মধুর সময় পার করেছে!