
নিজেদের বিধিমালা লঙ্ঘন করে নগরের কাজীর দেউড়ি এলাকার স্টেডিয়ামপাড়ার ফুটপাতে বিলবোর্ড স্থাপনের অনুমতি দিয়েছে সিটি করপোরেশন। এ কারণে ঢাকা পড়েছে এই এলাকার সৌন্দর্য।
বিলবোর্ডগুলোর কারণে খেলাধুলা, বেড়ানো, আড্ডা ও খাওয়াদাওয়ার স্থান হিসেবে জনপ্রিয় হয়ে ওঠা স্টেডিয়াম এলাকায় হাঁটাচলা দায় হয়ে পড়েছে।
আউটার স্টেডিয়াম–সংলগ্ন ফুটপাতের মাত্র ১০০ গজ এলাকায় অন্তত ১২টি বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এসব বিলবোর্ডের খঁুটিতে সিটি করপোরেশনের অনুমোদনের প্রমাণ হিসেবে সংস্থাটির রাজস্ব বিভাগের স্মরক নম্বরও উল্লেখ করা আছে। পাশাপাশি অ্যাডগার্ডেন নামের একটি প্রতিষ্ঠানের ঠিকানা ও মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে। সে নম্বরে ফোন করে জানা যায়, বিলবোর্ডগুলোর মালিক চট্টগ্রাম নগর যুবলীগের সদস্য সনৎ বড়ুয়া।
চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের অনুমোদন নিয়ে এসব বিলবোর্ড স্থাপন করা হয়েছে বলে জানান সনৎ বড়ুয়া। তিনি প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন নীতিমালা মেনেই বিলবোর্ড স্থাপনের অনুমতি দিয়েছে। সে অনুযায়ী বিলবোর্ড বসিয়েছি। আর কেবল এখানেই নয়, নগরের কাস্টমস, টাইগারপাস এলাকায়ও ফুটপাতে বিলবোর্ড বসানোর অনুমতি দিয়েছে করপোরেশন।’
সিটি করপোরেশনের সাইনবোর্ড স্থাপনের নীতিমালার প্রথম ধারাতেই বলা হয়েছে, নগরের ফুটপাতে কোনো প্রকার সাইনবোর্ড স্থাপন করা যাবে না। এই ধারা সুম্পষ্ট লঙ্ঘন করেই স্টেডিয়ামপাড়ায় বিলবোর্ড বসানো হয়েছে।
নগরের এই এলাকায় রয়েছে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম, সার্কিট হাউস, শিশুপার্ক, জিয়া স্মৃতি জাদুঘর ও জমিয়াতুল ফালাহ মসজিদ কমপ্লেক্স। এ ছাড়া ওই এলাকায় নির্মাণাধীন রয়েছে র্যাডিসন হোটেল।
নগরের গুরুত্বপূর্ণ এই এলাকার সড়ক বিভাজক, সড়কদ্বীপ ও ফুটপাতের সবখানেই স্থাপন করা হয়েছে বিলবোর্ডের খঁুটি। অনেক খঁুটিতে ঝুলছে বিজ্ঞাপনচিত্র।
জমিয়াতুল ফালাহ মসজিদের সীমানাপ্রাচীরের পাশে থাকা ফুটপাতজুড়ে ছোট-বড় অসংখ্য বিলবোর্ডের খঁুটি লাগানো হয়েছে। অথচ সিটি করপোরেশনের সাইনবোর্ড স্থাপন নীতিমালার ৬ নম্বর ধারা অনুসারে, নগরের নান্দনিক ভবন, প্রাকৃতিক সৌন্দর্য, পুরাকীর্তি, মসজিদ, মন্দির, গির্জা, ঐতিহাসিক ভবন ও সরকারি ভবন আড়াল করে সাইনবোর্ড স্থাপন করা যাবে না।
সার্কিট হাউজের সামনের সড়ক বিভাজকে সৌন্দর্যবর্ধনের জন্য নানা জাতের গাছ লাগানো হয়েছে। গাছগুলোর মধ্যবর্তী ফাঁকা অংশে একটি কোম্পানি ১৫টি ছোট বিলবোর্ডে বিজ্ঞাপনচিত্র প্রচার করছে। পাশাপাশি আরও চারটি বড় আকৃতির বিলবোর্ডও রয়েছে এই সড়ক বিভাজকে। শোভাবর্ধনকারী গাছগুলোর সৌন্দর্য আড়াল করেছে বিলবোর্ডগুলো।
এ ছাড়া এম এ আজিজ স্টেডিয়ামের মূল প্রবেশদ্বারের পাশের ফুটপাতে বড়-ছোট অন্তত ১১টি খঁুটি স্থাপন করেছে দুটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠান। এর মধ্যে সবচেয়ে বড় খঁুটি স্থাপন করা হয়েছে একটি বৈদ্যুতিক খঁুটির ঠিক পাশেই।
কিন্তু সাইনবোর্ড স্থাপনের নীতিমালার ৫ নম্বর ধারা অনুযায়ী, বৈদ্যুতিক খঁুটি অথবা বিদ্যুতের লাইন থেকে কমপক্ষে আট ফুট দূরত্বে সাইনবোর্ড স্থাপন করার নিয়ম।
স্টেডিয়াম এলাকায় বিলবোর্ড স্থাপন প্রসঙ্গে জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। জানতে হলে রাজস্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে।’
সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা তালিকা দেখে বলতে হবে। সঠিক বলতে পারছি না এই মুহূর্তে।’ বিলবোর্ডের আড়ালে ঢাকা পড়েছে আউটার স্টেডিয়াম মার্কেটের কিছু দোকানও। আউটার স্টেডিয়াম মার্কেটের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, অপরিকল্পিতভাবে বিলবোর্ড স্থাপনের কারণে দোকানগুলোয় একেবারেই আলো আসে না। অভিযোগ করেও লাভ হয় না।
জমিয়াতুল ফালাহ মসজিদের পাশে মিলিটারি এস্টেট বিভাগের জায়গাও বিলবোর্ডের খঁুটি স্থাপন করা হয়েছে। এ প্রসঙ্গে বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘আমাদের জায়গায় কাউকে বিলবোর্ড স্থাপনের অনুমতি দেওয়া হয়নি।’
অপরিকল্পিত বিলবোর্ড স্থাপনের কারণে হাঁটতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে পথচারীদের। আউটার স্টেডিয়াম এলাকায় বন্ধুদের নিয়ে নিয়মিত আড্ডা দেন মামুনুর রশিদ। তিনি ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, নগরের যে কয়টি খোলা জায়গায় রয়েছে, এটি তার অন্যতম। অথচ এখানে এলেও বিলবোর্ডের কারণে এখন আকাশ দেখা যায় না।
সচেতন নাগরিক কমিটি (সনাক) চট্টগ্রাম শাখার সভাপতি দেলোয়ার মজুমদার বলেন, মুক্তবাজার অর্থনীতিতে মুনাফাই প্রধান। এখানে নৈতিকতা ও দায়বোধ বলে কিছু নেই। এরই বহিঃপ্রকাশ ঘটেছে চট্টগ্রাম নগরের অপরিকল্পিত বিলবোর্ড স্থাপনের মাধ্যমে। এটি করতে গিয়ে নগরের প্রাকৃতিক পরিবেশ, নৈসর্গিক সৌন্দর্য এবং নগরবাসীর স্বাছন্দে্য হাঁটার পরিবেশ—কোনো কিছুকেই গুরুত্ব দেওয়া হয়নি। এ কারণে দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময়।