স্টেথিসকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চিকিৎসক বলতেই চোখে ভাসে সাদা অ্যাপ্রোন পরা একজন মানুষ। শুধু কী সাদা অ্যাপ্রোন? তার সঙ্গে গলায় ঝোলানো থাকে স্টেথিসকোপ বা হৃদ্‌বীক্ষণ যন্ত্র। রোগীর হৃদ্‌স্পন্দন পরীক্ষার জন্য যন্ত্রটির জুড়ি মেলা ভার। রীতিমতো চিকিৎসকের ‘লোগো’ হয়ে ওঠা এই যন্ত্রটি কীভাবে এল? আমাদের ফিরে যেতে হবে ২০০ বছর আগে। তখনো রোগীর হৃদ্‌স্পন্দন ও শ্বাসপ্রক্রিয়া নিরীক্ষার জন্য বুকে কিংবা পেটে কান পাততে হতো। কিন্তু প্রক্রিয়াটি নিয়ে বেজায় সমস্যায় পড়তেন চিকিৎসকেরা। কারণ বিপরীত লিঙ্গের রোগীর বুকে বা পেটে মাথা রাখাটা অনেক সময় বিপত্তিই বটে! এই সমস্যা দূর করতে ফরাসি চিকিৎসক রেনে থিউফিল হায়াসিনথি লেনেক একটি পথ বাতলে দেন। কাগজ পাকিয়ে পাইপের মতো করে সেটার একপ্রান্ত রোগীর বুকে রেখে অন্য প্রান্তে কান রাখেন। তিনি উদ্ভাবন করেন সরাসরি কান পাতার চেয়ে এই প্রক্রিয়া বেশি কাজের। চিকিৎসাবিজ্ঞানের যুগান্তকারী এই যন্ত্রটির আবিষ্কার হয়েছিল এভাবেই। লেনেকের এই উদ্ভাবন ছিল ১৮১৬ সালে প্যারিসের এক হাসপাতালে। তারপরই রেনে লেনেকের উদ্ভাবিত যন্ত্রটি ব্যবহারের উপযোগী করতে কাজ করেন অনেক চিকিৎসাবিজ্ঞানী। সেই বিবর্তনের ধারায় ১৮৫১ সালে আইরিশ চিকিৎসক আর্থার লিরেড দুই কানে ব্যবহার করা যায় এমন স্টেথিসকোপ উদ্ভাবন করেন। ১৯২৬ সালে হার্ভার্ড মেডিকেল স্কুলের হাওয়ার্ড স্প্রাগ ও তড়িৎ প্রকৌশলী এমবি রাপাপোর্ট মিলে অধিক কার্যকর স্টেথিসকোপ উদ্ভাবন করেন। তবে স্টেথিসকোপের উদ্ভাবকের স্বীকৃতি রেনে লেনেকে দেওয়া হয়।

সূত্র: অ্যাবাউট ডটকম