স্টেথেস্কোপ থেকে ক্যামেরা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের ক্যাম্পাসের ভেতরে এই ছবির শুটিংয়ে শিক্ষার্থীরাই ছিলেন ক্যামেরার পেছনে ও সামনে
নিজেদের ক্যাম্পাসের ভেতরে এই ছবির শুটিংয়ে শিক্ষার্থীরাই ছিলেন ক্যামেরার পেছনে ও সামনে
রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মিলে নিজেদের ক্যাম্পাসেই বানিয়ে ফেলেছেন একটা আস্ত পূর্ণদৈর্ঘ্য টেলিছবি! প্রযোজনা করেছেন স্বয়ং কলেজের উপাধ্যক্ষ। পড়ালেখার চাপ, মেডিকেলের আইটেম-কার্ড-টার্ম পরীক্ষার চোখরাঙানি উপেক্ষা করে কীভাবে হলো এই মহাযজ্ঞ?

‘একমুঠো জোনাকির আলো নিয়ে/ ফাঁকা মাঠে ম্যাজিক দেখাচ্ছে অন্ধকার।/ একমুঠো জোনাকির আলো পেয়ে এক একটা যুবক হয়ে যাচ্ছে জলটুঙি পাহাড়,/ যুবতীরা সুবর্ণরেখা’—পূর্ণেন্দু পত্রীর কবিতার এই পংক্তিগুলো হয়ে গেছে একটি টেলিছবির পোস্টারের স্লোগান। ছবির নাম আবর্তময়ী। রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শিক্ষার্থীরা মিলে তৈরি করেছেন এই ২ ঘণ্টা ৩৮ মিনিটের সিনেমা। গল্প লেখা থেকে শুরু করে চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা ও পরিচালনা—সবই করেছেন শিক্ষার্থী নাহিদ হাসান। অভিনয় করেছেন কলেজের হবু চিকিৎসকেরা! প্রযোজনায় ছিলেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ নওশাদ আলী। প্রথম প্রদর্শনীর দিনে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে একসঙ্গে উপভোগ করেছেন পুরো ছবি।

হবু ডাক্তাররা শখের বশেই বানিয়েছেন টেলিছবি
হবু ডাক্তাররা শখের বশেই বানিয়েছেন টেলিছবি

১০টি ভিন্ন গল্পের একটি অভিন্ন পরিণতির নাম আবর্তময়ী। বন্ধুত্ব থেকে প্রেম, খুন থেকে রহস্য—সবই আছে ছবিতে। মেডিকেল কলেজের পড়ালেখার কঠিন অধ্যবসায়ের ফাঁকে ফাঁকে ছয় মাস ধরে প্রতি শুক্রবার ক্যাম্পাসেই দৃশ্যধারণ করা হয়েছে। কেন ছবিটি প্রযোজনা করার ব্যাপারে আগ্রহী হলেন? জানতে চাইলে উপাধ্যক্ষ নওশাদ আলী বলেন, ‘শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করাই ছিল মূল উদ্দেশ্য। এর আগে নাহিদের তৈরি করা হিমুফিলিয়া ছবিটা দেখে ভালো লেগেছিল। তখনই বলেছিলাম, এরপর ছবি বানালে আমি সহযোগিতা করব।’
গত বছর রমজানের ছুটিতে এক মাসে নাহিদ হাসান লিখেছিলেন আবর্তময়ী ছবির গল্প। তারপর? ‘কলেজে যাঁরা ছোটখাটো অনুষ্ঠানে কৌতুক অভিনয় করতে পারেন, তাঁদের প্রথমে প্রস্তাব করলাম। সবাই রাজি, কিন্তু ক্যামেরা, স্ট্যান্ড, বুম—কিছুই নেই।’ বলছিলেন তিনি। এর আগেরবার হিমুফিলিয়া ছবিটা বানানোর জন্য নাহিদ তাঁর পড়ালেখার জন্য ব্যবহৃত কঙ্কালটি বিক্রি করেছিলেন। এবার আর টাকার জোগান নেই। অবশেষে নওশাদ আলী স্যারের কাছ থেকে টাকা নিয়ে ঢাকা থেকে বুম ও স্ট্যান্ড কিনে আনা হলো। তখনো আসল যন্ত্রটিই জোগাড় হয়নি—ক্যামেরা! এক বন্ধুর কাছ থেকে ক্যামেরা জোগাড় হলো। কিন্তু অর্ধেক কাজ শেষ না হতেই বিপত্তি—বন্ধুটি আর ক্যামেরা দিতে রাজি নয়। পরে আরেক বন্ধুর ক্যামেরা সুযোগমতো ধার নিয়ে একটু একটু করে শেষ হয়েছে পুরো ছবির কাজ।
নাহিদ হেসে বলছিলেন, ‘বিকেল ছাড়া আমাদের সময় হয় না। এমনও হয়েছে, এমন সময় ক্যামেরা পেয়েছি যে প্রস্তুতি নিতে নিতেই সন্ধ্যা হয়ে গেছে। শুটিং আর করা হয়নি।’ অনভ্যস্ত হাতে মেকআপ নিতে গেলে সময় বেশি লেগে যায়। একবার তো মেয়েদের সাজগোজ করতে করতেই ক্যামেরার বিদায়ঘণ্টা বেজে উঠল। শুটিং ছাড়া শুধু সাজ নিয়েই ঘরে ফিরতে হয়েছিল তাঁদের। ক্যামেরার সুবিধা নেওয়ার জন্য কয়েক দিন ক্লাসও বাদ দিতে হয়েছে।
দীর্ঘদিনের এই কর্মযজ্ঞে মজাও হয়েছে খুব। একটা দৃশ্য এমন—স্ত্রী স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। স্বামী বেচারার মাথায় ব্যান্ডেজ বেঁধে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৮ নম্বর ওয়ার্ডে ‘শট’ নেওয়া হচ্ছিল। কেউ একজন দুষ্টুমি করে এই ছবি ফেসবুকে আপলোড করে দিলেন। এরপর দলে দলে বন্ধুবান্ধবেরা ১৮ নম্বর ওয়ার্ডে ফলমূল নিয়ে হাজির হতে লাগল!
পরিচালক নাহিদ জানান, ৫১ থেকে ৫৭ পর্যন্ত—সব ব্যাচের ছাত্রছাত্রীরাই অভিনয় করেছেন। তবে সবচেয়ে মজা পেয়েছেন ৫১তম ব্যাচের ‘ছোটরা’। ছবির একটা দৃশ্যের জন্য ৫৭ ব্যাচের বড় ভাইদের পেটানোর কাজ পেয়ে তাঁদের আনন্দ আর দেখে কে!
আবর্তময়ীর দলপ্রধান ছিলেন আসিফ ইকবাল ও শুভ্র সালেহ। তাঁরা অভিনয়ও করেছেন। এটি উৎসর্গ করা হয়েছে সাদিয়া আফরিন লিসাকে। অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশানূর ইসলাম সিনথি, মুক্তাদির, মারুফ, সুস্মিতা, কাঁকন, রুহিন, এমদাদ, সাকিব, দেবাশীষ বকশী, পার্থ, আহাদ, রোশনি, তুলি, নুসরাত জাহান, শশী, মিতু, ত্রয়ী, নাহিদ, সায়েম, রিয়েল, অরিন্দম, অনিক, রাশেদ, বিক্রম, জহিরুল, শাওন ও আরও অনেকে।
পড়ালেখা শেষ করে কী হতে চান? চিকিৎসক, নাকি চিত্রপরিচালক? প্রশ্নের উত্তরে নাহিদ বলেন, ‘নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রথমত চিকিৎসক হতে চাই। তবে শখ হিসেবে সিনেমার কাজও করব আজীবন।’