স্টেম সেল থেকে তৈরি শ্বাসনালি প্রতিস্থাপন
দুই বছর বয়সী শিশু হান্নাহ ওয়ারেনের জন্মের সময় কোনো শ্বাসনালি ছিল না। স্টেম সেল থেকে তৈরি নতুন শ্বাসনালি দিয়ে এখন সে শ্বাস-প্রশ্বাসের কাজ চালাতে পারছে। বিশ্বের সবচেয়ে কম বয়সী রোগী হিসেবে সে এই চিকিৎসা নিয়েছে।যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একদল চিকিৎসক হান্নাহর শরীরে তিন ইঞ্চি লম্বা একটি শ্বাসনালি গত মাসে প্রতিস্থাপন করেন। প্রাথমিকভাবে এটি ঠিকঠাক কাজ করছে বলে তাঁরা গত মঙ্গলবার জানিয়েছেন। তবে শিশুটিকে এখনো কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থায় রাখা হয়েছে। পর্যায়ক্রমে সে সম্পূর্ণ সুস্থ জীবনযাপনে সমর্থ হবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় জন্মগ্রহণকারী হান্নাহর শ্বাস-প্রশ্বাস নেওয়া ও কোনো কিছু খাওয়া বা পান করার সামর্থ্য ছিল না। স্থানীয় চিকিৎসকেরা তার জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন। প্রতি ৫০ হাজার নবজাতকের মধ্যে মাত্র একটি শিশু শ্বাসনালির ত্রুটি নিয়ে জন্মায়। স্টেম সেল প্রযুক্তির চিকিৎসায় শরীরের অন্যান্য অংশের বিভিন্ন ত্রুটি সারিয়ে তোলার ক্ষেত্রে চিকিৎসকেরা ইতিমধ্যে সাফল্যের প্রমাণ দিলেও শ্বাসনালি প্রতিস্থাপনে সাফল্যের ঘটনা বিরল। এপি।