সন্তান জন্মদানে অক্ষম দম্পতিদের জন্য আশার কথা শুনিয়েছেন মার্কিন গবেষকেরা। তাঁরা স্টেম সেল ব্যবহার করে মানুষের শুক্রাণু তৈরি করার পরিকল্পনা আরও জোরদার করার কথা ভাবছেন।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. রেনে পেরার আশা, আগামী দুই বছরের মধ্যে মানুষের শুক্রাণু এবং পাঁচ বছরের মধ্যে ডিম্বাণু তৈরি করা সম্ভব হবে। সম্প্রতি জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সফল গবেষণার পর তাঁরা এমন আশা করছেন। জাপানের বিজ্ঞানীরা ইঁদুরের স্টেম সেল ব্যবহার করে ডিম্বাণু তৈরি এবং তা থেকে বাচ্চা জন্মদানে সাফল্য পান। স্টেম সেল থেকে দেহের রক্ত, ত্বক, পেশি, হাড়সহ সবকিছুরই সৃষ্টি। স্টেম সেলই পরিণত হয়ে শরীরের এসব উপাদান গঠন করে। আবার উল্টোটাও হওয়া সম্ভব। পরিণত কোষ পুনরায় স্টেম সেলে রূপান্তর করা যায়। এ জন্য এ বছর চিকিৎসাশাস্ত্রের নোবেল পুরস্কার পেয়েছে জন গার্ডন ও সিনাইয়া ইয়ামানাকা। সারা বিশ্বে দম্পতিদের ১৫ শতাংশ বন্ধ্যাত্ব সমস্যায় রয়েছেন। বর্তমানে আইভিএফ (শরীরের বাইরে ডিম্বাণু নিষিক্ত করা) পদ্ধতিতে এমন দম্পতিদের সেবা দেওয়া হয়ে থাকে।প্রজননে স্টেম সেল ব্যবহারের কারণ হিসেবে ড. পেরা বলেন, আইভিএফ পদ্ধতিতে প্রতিবছর যুক্তরাষ্ট্রে ১০ থেকে ১৫ লাখ ভ্রূণ তৈরি করা হয়। কিন্তু প্রায় পাঁচ লাখ ভ্রূণ নষ্ট হয়ে যায়। মাত্র ৫০০ ভ্রূণ ব্যবহূত হয় গবেষণার কাজে। ড. পেরা বলছেন, সাধারণ মানুষের চোখে ৫০০ ভ্রূণ ব্যবহারের চেয়ে পাঁচ লাখ ভ্রূণ নষ্টের বিষয়টি প্রকট হয়ে দেখা দেয়। অনেকের মতে, এটি মানব ভ্রূণ হত্যা করা। তাঁর মতে, স্টেম সেল থেকে উৎপাদিত শুক্রাণু বা ডিম্বাণু নিয়ে এই বিতর্ক থাকবে না।গবেষকেরা বলছেন, বন্ধ্যাত্ব দূরীকরণে স্টেম সেলের ব্যবহারের ফলে গর্ভধারণের বয়সসীমাও অনেক বেশি হবে।তবে জাপানের গবেষকেরা ইঁদুরের ক্ষেত্রে প্রজননে স্টেম সেলের ব্যবহারে যতটা সহজে সফলতা পেয়েছেন, মানুষের ক্ষেত্রে ততটা হবে না। ড. পেরা বলছেন, ‘জাপানের বিজ্ঞানীরা ইঁদুর নিয়ে গবেষণা করেছেন। তাঁরা গবেষণাটি অনেক স্বাধীনভাবে করতে পেরেছেন। অনেক ক্ষেত্রে সম্ভাবনা তাঁরা সরাসরি প্রয়োগ করেছেন। তার ঠিক উল্টো অবস্থা আমাদের গবেষণা। সরাসরি মানুষ গবেষণার বিষয়। তাই আমাদের সর্বোচ্চ সতর্কতা মেনে চলতে হবে। সম্ভাব্য ফলাফল নিয়ে গবেষণা করতে পারব না। ১০০ ভাগ নিশ্চয়তা নিয়ে নারীর গর্ভে ভ্রূণ স্থাপন করতে হবে।’ বিবিসি।