স্বাস্থ্য ও নিরাপত্তাঝুঁকিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজার ছাত্রী
স্টেশন চত্বরে নেই শৌচাগার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশদ্বার স্টেশন চত্বরে ছাত্রীদের জন্য কোনো শৌচাগার নেই। ফলে প্রায় পাঁচ হাজার ছাত্রীর স্বাস্থ্য ও নিরাপত্তাঝুঁকির মুখে পড়েছে। ছাত্রদের জন্য নির্মিত শৌচাগারটিও সুষ্ঠু তদারকির অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন ট্রেন ধরার জন্য এক-দেড় ঘণ্টা স্টেশন চত্বরে অপেক্ষা করতে হয়। এখানে মেয়েদের জন্য কোনো শৌচাগারের ব্যবস্থা না থাকায় লাজ-লজ্জা ফেলে স্টেশন চত্বরের পাশের বাড়িগুলোতে যেতে হয়। বিষয়টি লজ্জার ও অনিরাপদ। তারপরও নিজেকে অদৃষ্টের হাতে ছেড়ে ঝুঁকি নেওয়া ছাড়া আমাদের আর কিছুই করার থাকে না।’নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা সাদাফ নূর-এ ইসলাম প্রথম আলোকে বলেন, ‘স্টেশন চত্বরে ছেলেদের জন্য একটি শৌচাগার থাকলেও মেয়েদের জন্য কোনো শৌচাগার নেই।’ বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মামুন-অর-রশিদ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদের জন্য নির্মিত শৌচাগারটি নিয়মিত পরিষ্কার করা হয় না। দুর্গন্ধের কারণে নাকে রুমাল দিয়ে শৌচাগার ব্যবহার করতে হয়। পানির কলগুলো নষ্ট, অবিরাম পানি পড়ছে। দরজাগুলো ভাঙা। ময়লা-আবর্জনায় ডাস্টবিন হয়ে আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটু সুনজরেই এ অবস্থার পরিবর্তন ঘটতে পারে।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন হতাশা ব্যক্ত করে প্রথম আলোকে বলেন, ‘অনুষদগুলো থেকে এক কিলোমিটার দূরের এ স্টেশনে ছাত্রীরা ট্রেন ধরার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। আর এখানে কোনো শৌচাগার না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন মেয়েরা। ছাত্রদের জন্য যেটি রয়েছে সেটিরও দরজা ভাঙা থাকায় মেয়েদের ব্যবহারের উপযোগী নয়। আমি ব্যক্তিগতভাবে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো ফল পাইনি। আমি স্টেশন চত্বরে অধিকাংশ সময় কর্তব্যরত থাকি। তাই মেয়েদের এ দুর্ভোগের কথা আমাকেই বেশি শুনতে হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটু নজর দিলেই মেয়েদের জন্য একটি শৌচাগার নির্মাণ করা সম্ভব।’এসআই আরও জানান, ‘ছাত্রদের শৌচাগারটির পাশে আমাদের পুলিশ ছাউনি। কিন্তু এখান থেকে আসা দুর্গন্ধে ছাউনিতে বসাই কষ্টকর হয়ে যায়। আবার এ শৌচাগারের পানির কলগুলো থেকে পানি নিয়েই আশপাশের হোটেলগুলো চলছে। এতে ছাত্রছাত্রীরা স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন।’সুইডেনের ইয়ংশেপিং বিশ্ববিদ্যালয় থেকে এক্সচেঞ্জ প্রোগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ২০০৯ সালে পড়তে আসেন লিনিয়া স্যামস্যাং। মাত্র ছয় মাসের জন্য পড়তে আসা লিনিয়ার করুণ অভিজ্ঞতার কথা ছাত্র-শিক্ষক অনেকেরই জানা। তিনি বলে গিয়েছিলেন, এ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বাজে অবস্থা শৌচাগারগুলোতে। শৌচাগারগুলো এমনই নোংরা যে এগুলো ব্যবহারের অনুপযোগী।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বরে ছাত্রীদের জন্য কোনো শৌচাগার নির্মাণের পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবু সাঈদ প্রথম আলোকে বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না।’প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলো থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন। এ স্টেশন থেকে প্রতিদিন দুটি ট্রেন শহরের উদ্দেশে সাতবার ছেড়ে যায় ও বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে শহর থেকে সাতবার ছেড়ে আসে। এখান থেকে প্রতিদিন শহরগামী ৮০টি তরী চলাচল করে। প্রতিদিন এ স্টেশন ব্যবহারকারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ হাজার। বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর ৩৬ শতাংশ ছাত্রী।